
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
ক্লাসের একটি ছেলেকে আমার পছন্দ। ছেলেটির সঙ্গে আমার খুব বেশি কথা হয় না। আবার তার সঙ্গে আমাদের ক্লাসেরই অন্য একটি মেয়ের সম্পর্ক আছে। তবুও আমি ছেলেটিকে নিয়ে সারাক্ষণ ভাবি। তার সঙ্গে আমার সম্পর্ক থাকলে কী বলতাম, কোথায় ঘুরতে যেতাম—এসব ভাবি সব সময়। মনটাকে অন্যদিকে নিতে বই পড়ি বা গান শুনি। কিন্তু তখনো ওর কথা শুধু মাথায় ঘুরপাক খায়। এখন আমার কী করা উচিত?
আরিহা, ঢাকা।
পরামর্শ
ছেলেটির ব্যক্তিত্ব সম্পর্কে জানার কি কোনো সুযোগ তুমি পেয়েছ? কারও সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকলে সেখান থেকে ভালো কিছু অনুভূতি পাওয়া যায়। তবে সম্পর্কটিকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য অনেক মানসিক শ্রমও দিতে হয়। চারাগাছকে একটি পরিপূর্ণ গাছে রূপান্তর করতে প্রচুর যত্ন-আত্তির দরকার হয়। সম্পর্কের ক্ষেত্রেও তা-ই। কাজেই তুমি যে ‘ঘুরতে যাওয়া’ বা ‘গল্প করা’ নিয়ে ফ্যান্টাসি করছ, সেটি কিন্তু পরিপূর্ণ চিত্র নয়। দুজনের ব্যক্তিত্বের বিপরীতধর্মী কিছু বৈশিষ্ট্যের কারণে যে মনোমালিন্যগুলো হয় বা হতে পারে, তুমি সেগুলো নিয়েও ফ্যান্টাসি করলে ভবিষ্যতে উপকৃত হবে। এতে তুমি বাস্তবতার মুখোমুখি হতে পারবে। মনোসমীক্ষক সিগমান্ড ফ্রয়েডের মতে, আমরা এ ধরনের দিবাস্বপ্নে বিভোর হয়ে অপূর্ণ মনোবাসনাগুলো পূরণ করার চেষ্টা করি। এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে কিছুক্ষণের জন্য স্বস্তি দেওয়া সম্ভব হয়। তবে এটির মধ্যে অনেক বেশি ডুবে থাকলে তা মানসিক সুস্বাস্থ্যের পরিচায়ক হয় না। ছোটবেলা থেকেই তুমি কল্পনাবিলাসী কি না, তা জানি না। পরিবারের মানুষের সঙ্গে তোমার খুব দৃঢ় বন্ধন তৈরি হয়েছে কি না, তা-ও ভালো করে ভেবে দেখবে। যারা সাধারণত শৈশব থেকে অন্যদের সঙ্গে দূরত্ব বোধ করে এবং একাকিত্বে ভোগে, তাদের অনেকেই কল্পনার পৃথিবীতে বাস করে ভালো থাকার চেষ্টা করে। বেশির ভাগ সময় অবচেতন মনের প্রভাবে এটি ঘটে। তার চেয়ে বরং তোমার অন্য সম্পর্কগুলো আরও জোরদার করার প্রয়াস করো। যেমন পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে আরও আন্তরিক সম্পর্ক তৈরি করতে পারলে দিবাস্বপ্নের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। এ ছাড়া তুমি যে অন্যান্য সুস্থ বিনোদনমূলক কাজ করছ, তা-ও আশা করি একসময় সহায়ক হবে।