ছেলেদের ঠোঁটের যত্ন
সারাক্ষণ যত্ন নিতে অস্বস্তি হয়। অথচ যত্ন না নিলেও অসুবিধা। ফাটা ঠোঁট নিয়ে এই অভিজ্ঞতা প্রায় সব ছেলেরই রয়েছে। ঠান্ডার দিনে এ সমস্যা হয়ে ওঠে আরও প্রকট। তাই ছেলেদের ঠোঁটের যত্ন নিতে হবে এখনই।রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল বলেন, ‘আমাদের স্যালনের পুরুষ বিভাগে যাঁরা আসেন, কেউই ঠোঁটের সমস্যার কথা বলেন না। অথচ সবারই ঠোঁটের কিছু না কিছু সমস্যা থাকে। রঙের অসামঞ্জস্য, কালো ঠোঁট, ঠোঁটের পাশে খুশকি কিংবা শীতে ফেটে যাওয়া ছেলেদের ঠোঁটের সমস্যার কমতি নেই। ঠোঁট আপনার চেহারার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি।’আফরোজা কামাল ছেলেদের ঠোঁট সুন্দর ও সুস্থ রাখার উপায় সম্পর্কে বলেন। তিনি বলেন, ‘সুস্থ, সুন্দর ঠোঁটের জন্য পানির কোনো বিকল্প নেই। পানি হলো প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ঠোঁট শুকিয়ে এলে পানি দিয়ে ভিজিয়ে নেবেন। অনেকেই বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজান। এতে ক্ষতি বেশি হয়। থুতু ঠোঁটকে আরও শুষ্ক ও বিবর্ণ করে তোলে।ঠান্ডা ও আর্দ্রতাহীন আবহাওয়ায় অধিকাংশ ছেলের ঠোঁট রুক্ষ্ম হয়ে ফেটে যায়। সে ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। সকালে তুলা দিয়ে আলতো করে ঘষে তুলুন। মৃত কোষ চলে যাবে। প্রতি রাতে এভাবে যত্ন নেবেন। দোকানে ছোট লিপবাম ও চ্যাপস্টিক পাওয়া যায়। একটি কিনে রাখতে পারেন আপনার পকেট বা ওয়ালেটে। যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।ঠোঁটের অসমান ও কালো দাগ নিয়ে বিব্রত থাকেন অনেকে। ধূমপানের কারণে ঠোঁটে কালো ছোপ পড়ে। সে ক্ষেত্রে ধূমপান বাদ দেওয়াই সর্বোত্তম উপায়। এটি আপনার সৌন্দর্য ও সুস্থতাহানি ছাড়া অন্য কিছুই করে না। ঠোঁটের দাগ তুলতে প্রাকৃতিক উপাদানের তুলনা হয় না। প্রাথমিক ধাপ হিসেবে বেছে নিতে পারেন গোলাপ। একটি গোলাপের পাপড়ি পেস্ট করে রস বের করে নিন। তাতে মধু মিশিয়ে নিন। ঠোঁটে লাগিয়ে শুকিয়ে নিন। এভাবে বারবার লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। একইভাবে কমলার রস পেস্ট করে লাগাতে পারেন। শসা, আলুর পেস্টও ঠোঁটের জন্য সমান উপকারী।প্রতিদিনের গোসল ও হাত-মুখ ধোয়ার আগে ১০ মিনিটের যত্নেই ঠোঁট সুন্দর রাখা সম্ভব। আফরোজা কামাল সবশেষে বলেন, মুখের ত্বকের সুস্থতার ওপর ঠোঁটের সুস্থতা নির্ভর করে। তাই মুখের ত্বকের বিশেষ যত্ন নেওয়া সব সচেতন ছেলের জন্য অপরিহার্য। সে জন্য মাসে একবার ফেসিয়াল করালে সুফল পাবেন।