ছেলেদের বিদ্যালয়ে মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরুদুরু বুকে শিক্ষকের পেছন পেছন দশম শ্রেণীর কক্ষে ঢুকলেন। মনে সংকোচ, শঙ্কা আর লজ্জা। জীবনে এমন বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে কল্পনাও করেননি মনসুরা খাতুন। শিক্ষককে দেখে বেঞ্চ ছেড়ে ছেলেরা সব উঠে দাঁড়াল ঠিকই। কিন্তু তাদের চোখ যে ছানাবড়া হয়ে গেছে, সেটা তিনি না তাকিয়েও দিব্যি বুঝতে পারছিলেন।ওদের মনে তখন নানা প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে। বই-খাতা হাতে এই মেয়ে এখানে কেন? ও কি ক্লাস করবে এখানে? সেদিন মনসুরাকে দেখতে গোটা বিদ্যালয় যেন ভেঙে পড়েছিল। আর চারদিকে রাষ্ট্র হয়েছিল, ছেলেদের বিদ্যালয়ে একটি মেয়ে ভর্তি হয়েছে।মনসুরার বসার জন্য আলাদা চেয়ারে-টেবিলের ব্যবস্থা করা হয়েছিল। ক্লাসের শুরুতে শিক্ষকের সঙ্গে ঢুকতেন তিনি, শেষ হলে শিক্ষকের পেছন পেছন বেরিয়ে যেতেন। দুই ক্লাসের মাঝের বিরতিটুকু প্রধান শিক্ষকের কক্ষে বসে কাটাতেন। ১০-১১ মাস এভাবেই চলল। তারপর ম্যাট্রিক পরীক্ষায় বসতে হলো। সে স্বাধীনতাযুদ্ধের আগের কথা। সালটা ১৯৬৯। সে বছরই সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করলেন মনসুরা।‘সে সময়ের সমাজ ছিল বেশ রক্ষণশীল। এর মাঝ থেকেই কষ্টেসৃষ্টে উঠে আসতে হয়েছে আমাকে,’ বললেন মনসুরা। তাহলে সহপাঠীদের সঙ্গে মেশা হয়নি? এমন প্রশ্নের জবাবে হেসে বললেন, ‘আসলে সুযোগ হয়নি। তবে টিফিন পিরিয়ডে আমি যখন হেডমাস্টারের রুমে বসে থাকতাম, তখন আমার সহপাঠীদের একজন এসে টিফিন দিয়ে যেত। ওর নাম ছিল ওদুদ। ওর সঙ্গে টুকটাক কথা হতো। ওর কাছ থেকে নোটপত্র চেয়ে নিতাম। পড়াশোনার ব্যাপারে সাহায্য চাইলে অন্যরাও বেশ আগ্রহভরে এগিয়ে আসত।’জুবিলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছরের ইতিহাসে তিনিই হয়তো প্রথম ছাত্রী। পুরো নাম যুবেদাতুন্নেছা সৈয়দা মনসুরা খাতুন। জন্ম সিলেটে। বাবার চাকরিসূত্রে কুষ্টিয়া থেকে এসেছিলেন। বাবা শাহ সৈয়দ মনিরুল হক ছিলেন শিক্ষক। কুষ্টিয়া থেকে বদলি হয়ে তিনি সুনামগঞ্জের জুবিলী বিদ্যালয়েরই প্রধান শিক্ষক হয়ে আসেন। সুনামগঞ্জের সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ ছিল না তখন। আর মনসুরা ছিলেন বিজ্ঞানের ছাত্রী। পরিবারের এমনকি নিজেরও ধ্যানজ্ঞান ছিল বড় হয়ে চিকিৎসক হবেন। সে জন্য শত বিপত্তির মাঝেও বিজ্ঞানকে আঁকড়ে ছিলেন। বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে ভর্তি হয়েছিলেন জুবিলীতে। গত ২১ ডিসেম্বর শীতের কুয়াশাঢাকা সকালে হাজার দেড়েক জুবিলীয়ানের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন মনসুরা। সেদিন বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা মিলেছিলেন বিদ্যালয়ের চেনা সেই প্রাঙ্গণে।চিকিৎসক তিনি হয়েছেন ঠিকই। পেয়েছেন সরকারি চাকরিও। ২০১১ সালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসর নিয়েছেন। এখন হাতে অফুরন্ত অবসর। থাকেন সিলেটেই। সুযোগ পেলে সামাজিক কোনো কাজে নিজেকে জড়ানোর ইচ্ছা আছে। তাঁর ভাষায়, ‘এত দিন চিকিৎসা দিয়েছি। এখন মানুষের সেবায় কিছু একটা করতে চাই।’মনসুরা খাতুন বিদ্যালয় ছাড়ার বছর দুই পর জুবিলীতে আরেকজন ছাত্রী ভর্তি হয়েছিলেন। বিদ্যালয়ের ১২৫ পূর্তি উপলক্ষে বের করা স্যুভেনির থেকে জানা যায়, ওই ছাত্রীর নাম ফয়জুন নাহার। চট্টগ্রামের পটিয়া মডেল হাইস্কুল থেকে বদলি সনদ নিয়ে এসেছিলেন তিনি। তাঁর বাবা আবদুস সাত্তার সুনামগঞ্জ পিটিআই স্কুলের সুপারিনটেনডেন্ট হিসেবে বদলি হয়ে এসেছিলেন। বাহাত্তরে ম্যাট্রিক পাস করে যাওয়ার পর তাঁর খবর জানা যায়নি আর।