ছেলেদের যখন মুখ ফোটে না

কথায় আছে, ‘মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না’। কিন্তু এমন সময়ও আসে যখন ছেলেদেরও মুখ ফোটে না। বিশেষত তার বান্ধবীদের কাছে। আপনার কোন গুণ ও পছন্দ করছে? আসলে কী ভাবছে ও? কী করলে ও আপনাকে পছন্দ করবেই? এসব ভেবে ভেবে মাথা খারাপ না করে জেনে নিন ‘ছেলে বন্ধু’রা কোন বিষয়গুলো কখনোই মুখ ফুটে বলতে পারে না।
‘ছেলে বন্ধু’ পরিচয়টি দাও
সাধারণ ধারণা যা-ই হোক না কেন, সত্যি সত্যি প্রেমে পড়তে ছেলেরা ভালোই বাসে। ‘ছেলে বন্ধু’ পরিচয়টি তারা পেতে চায়, এ পরিচয়টা ভালোবাসে। কিন্তু এ নিয়ে ‘মেয়ে বন্ধু’টিকে মুখ ফুটে বলতে নারাজ ছেলেরা। আর এটা ভাবার কারণ নেই যে, ২৫ পেরোনো ছেলেরাও অপরিণতদের মতো একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়াতে ভয় পাবে।
প্রতিশ্রুতির পর আর খেলা নয়
একবার হূদয় দিয়ে দেওয়ার পর কোনো তরুণই আর ‘এত সহজেই ধরা দেব না’ ধরনের লুকোচুরি খেলা পছন্দ করেন না। তাই তাকে মন দেওয়ার পর আর এমন মনস্তাত্ত্বিক লড়াই চালিয়ে যাওয়া ঠিক হবে না। কথাটা মুখে না বললেও এ নিয়ে বিষিয়ে উঠতে পারে ছেলেটির মন।
বন্ধুরা আপনাকে পছন্দ করুক
বন্ধুদের পছন্দের গুরুত্ব আছে তরুণদের কাছে। ফলে যেকোনো ছেলেই চায় তার বন্ধুরা আপনাকে পছন্দ করুক। অবশ্য তার মনে এই ভয়ও কাজ করে যে, বন্ধুরা আপনার প্রতি দুর্বল হয়ে যেতে পারে। এ বিষয়ে আপনার কিছুই করার না থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা কাটিয়ে ওঠে সে। আবার এমনও হতে পারে, বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর আপনাকে ‘সামলাতে না পারার’ ভয় থেকে আপনার সঙ্গে সম্পর্কটাই ভেঙে দিতে পারে সে।
‘বন্ধুদের’ ভালোবাসতে যাবেন না
খেয়াল রাখবেন যেন এমন না হয় যে আপনার মনোযোগের কেন্দ্রে ছেলেটি নয় বরং তার বন্ধুরা চলে এসেছে। এতে ছেলে বন্ধুটি খুবই কষ্ট পায় কিন্তু মুখ খুলে তা নিয়ে কিছু বলতে চায় না। আর কোনো ছেলেই এটা সহ্য করবে না যে নিজের মেয়ে বন্ধুটি তারই পরিচয় করিয়ে দেওয়া বন্ধুদের কারও জন্য তাকে ত্যাগ করে যাবে। ছেলে বন্ধুর বন্ধুদের পছন্দ করুন, কিন্তু তাদের কাউকে ভালোবাসতে যাবেন না।
হারানোর ভয়ে ভীত সে
মানুষ সব সময় এটাই লেখে এবং এটাই বলে যে, কীভাবে একটা পুরুষ আপনার প্রতি আকৃষ্ট থাকবে। ঘটনা হলো, একবার আপনার প্রেমে পড়ে গেলে উল্টো আপনাকে নিয়েই দুশ্চিন্তায় থাকবে আর আপনাকে হারানোর ভয়ে থাকবে সে। যদিও কখনোই হয়তো এটা স্বীকার করতে চাইবে না বা আপনাকে বলবে না ছেলেটি। তার ‘মেয়ে বন্ধু’ হয়ে থাকুন, তাহলেই সে খুশি।