ছেলেধরার কবল থেকে কৌশলে পালাল তৌহিদ
ছেলেধরা দলের হাত থেকে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে কিশোর তৌহিদুল হাসান (১৪)। সে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই তাফহিজুল কোরআন হেফ্জখানার ছাত্র এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।তৌহিদ জানায়, সে তিন বছর ধরে হেফ্জখানার ছাত্রাবাসে থেকে পবিত্র কোরআন শিক্ষা নিয়ে আসছে। ইতিমধ্যে সে পবিত্র কোরআনের ২৫ পারা মুখস্থ করেছে।গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে সে নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে। ছাত্রাবাস থেকে বের হওয়ার পর সে একজন মধ্যবয়সী লোককে দেখতে পায়। ওই ব্যক্তি তার দিকে এগিয়ে এসে একটি বোতলের মুখ খুলে তাতে তৌহিদকে একটু ফুঁ দিতে বলে। সে-ও সরল বিশ্বাসে বোতলের মুখে ফুঁ দেয়। এরপর সে অচেতন হয়ে পড়ে। বৃহস্পতিবার মধ্যরাতে তার একটু জ্ঞান ফিরে আসে। এ সময় সে নিজেকে একটি মাইক্রোবাসের মধ্যে দেখতে পায়। ওই মাইক্রোবাসে সে আরও সাত থেকে আটজন শিশু-কিশোরকে একই ধরনের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। মাইক্রোবাসটি তখন সেখানে দাঁড়ানো ও দরজা খোলা অবস্থায় ছিল। নিজের বুদ্ধিতেই সে মাইক্রোবাস থেকে নেমে পাশে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল। ভোর হওয়ার পর সে আস্তে আস্তে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সামনে দোকানপাট দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। দোকানের সাইনবোর্ডের লেখা দেখে নিশ্চিত হয় চট্টগ্রামের বারইয়ার হাট এলাকায় রয়েছে সে। বেলা বাড়ার পর দোকানপাট খোলা দেখে সে তার বাবা জাহাঙ্গীর হোসেন আজাদকে মুঠোফোনে বিষয়টি জানায়। তার বাবা বাড়ি থেকে বারইয়ার হাটে গিয়ে তাকে নিয়ে আসেন। ওই ঘটনা মনে হলে সে এখনো আতঙ্কে কেঁপে ওঠে।তৌহিদের বাবা জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তৌহিদকে হেফ্জখানায় না পেয়ে কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সারা দিন এবং রাতেও আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হয়। শুক্রবার সকালে থানা পুলিশকে জানানোর সিদ্ধান্ত হয়। এ সময় তৌহিদের ফোন পাওয়ার পর আর থানায় জানানোর দরকার হয়নি।