>চলার পথে পরিচয় হয় অনেকের সঙ্গেই। এর মধ্যে কেউ কেউ হয়ে ওঠে নির্ভরতা আর আস্থার মানুষ। আনন্দে হই–হুল্লোড়, দুর্দিনে সাহায্যের হাত—সেই তো ভালো বন্ধু, পথচলার সঙ্গী। আজ বন্ধু দিবসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া পাঁচ তরুণ-তরুণী বলেছেন তাঁদের বন্ধুদের নিয়ে

সর্পিল গতিতে এঁকে–বেঁকে গিয়ে পাহাড়ের দোরগোড়ায় গিয়ে গা এলিয়ে শুয়ে পড়েছে মিরসরাইয়ের মন্দির সড়কটা। সড়কের পেট চিড়ে চলে গেছে কয়েকটা রেললাইন। এসবের সঙ্গে ছোটবেলা থেকে আমার পরিচয়, সখ্য। প্রাথমিক বিদ্যালয়ের পথটা বাড়ি থেকে খানিকটা দূরে ছিল বলে আমি, আমার বন্ধু ইমন, নোমান আর মাসুম একসঙ্গে আসা–যাওয়া করতাম বিদ্যালয়ে। এ সময় চষে বেড়াতাম পেয়ারা বাগান থেকে শুরু করে পানের বরজ পর্যন্ত।
কত কিছু বদলে গেছে। কিন্তু আমাদের আটপৌঢ়ে সেই বন্ধুত্বে এখনো মরচে ধরেনি। সবাই একসঙ্গে হলে ছোটবেলার মতোই দাপিয়ে বেড়ায় সব জায়গা। একসঙ্গে পুকুরে ডুব দিয়ে গোসল করার আনন্দ উপভোগ করা হয় এখনো। কলেজ আর বিশ্ববিদ্যালয়জীবন পাড়ি দিতে গিয়ে বন্ধুত্বের পরিধিটা কম বড় হয়নি! সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তার ব্যাপকতা বেড়ে হয়েছে আরও কয়েক গুণ। তারপরও ছোটবেলার বন্ধুত্ব এখনো চিরসবুজ।