ছেলেমেয়ের জন্য কাজ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা খাতুন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
সালমা খাতুন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

জামালপুরের মেয়ে সালমা। নিজে লেখাপড়া জানেন না। কিন্তু জীবনে লেখাপড়ার মূল্য কত তা তিনি জানেন। পড়ালেখা শিখে অনেক বড় কিছু হবেন—একটা সময় এমন স্বপ্ন দেখতেন। সেই ইচ্ছা তাঁর পূরণ হয়নি। নিজের অসম্পূর্ণ স্বপ্ন সন্তানদের মাঝে পূরণ করার চেষ্টা করছেন। তাই তো জামালপুরের সালমা খাতুন পাড়ি জমান ঢাকা শহরে।
চার বছর আগে স্বামীসহ নারায়ণগঞ্জ আসেন সালমা। স্বামী রিকশা চালিয়ে যা আয় করেন, তাতে বেঁচে থাকা যায়, কিন্তু সন্তানদের পড়ালেখা শেখানো যায় না। অত টাকা কই। সালমা শুধু নিজের ভাগ্য নয়, পরিবারের ভাগ্য বদলাতে চাকরি নেন নারায়ণগঞ্জের লেমকন ফ্যাশন ডিজাইন নামের তৈরি পোশাক কারখানায়। চার বছর ধরে এই কারখানাতেই কাজ করেন তিনি। বর্তমানে তিনি পোশাক চেকিং বিভাগে কাজ করছেন। অভাবের সংসারে অতটা সচ্ছলতা না এলেও ছেলে সালমান ও মেয়ে সাবিনাকে স্কুলে ভর্তি করান। দুই ছেলেমেয়েকে ঢাকায় লেখাপড়া করাতে গিয়ে দেখেন খরচ বেশি হচ্ছে। তখন সাবিনাকে জামালপুরে নিজের মায়ের কাছে পাঠিয়ে দেন সালমা। সাবিনা ওখানে পঞ্চম শ্রেণীতে পড়ে। হাতে আরও কিছু টাকা জমলে মেয়েকে নিজের কাছে আনবেন সালমা। ‘ছেলে পড়ে অষ্টম শ্রেণীতে। ও বড় হচ্ছে। মা-বাবা ছাড়া থাকলে যদি বখে যায়, লেখাপড়া যদি না করে। এই ভয়ে ওকে আমার কাছে রেখেছি। তবে মেয়েটার জন্যও মন খারাপ হয়। কিন্তু কী করব। ভবিষ্যতে ওরা যেন ভালো থাকে, ভালোভাবে মানুষ হয়, তার জন্যই তো এত কষ্ট করা। ওরা বুঝলে হয়। আমাদেরকে না দেখলেও চলবে। ছেলেমেয়েরা মানুষ হলেই আমি খুশি।’ বললেন সালমা।
ছেলে সালমান লেখাপড়ায় ভালো। কথার এক ফাঁকে জানান, ছেলে সব পরীক্ষায় ভালো ফলাফল করেছে। তিনি সেই সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। তাঁর স্বামীও রিকশা নিয়ে বেরিয়ে পড়েন। ছেলেটা স্কুল থেকে এসে নিজেই নিজের লেখাপড়া করে। কোনো কোচিং বা শিক্ষকের কাছে পড়ানোর সাধ্য নেই তাঁদের। সেটি সন্তানও বোঝে।
সালমা চান, দুই ছেলেমেয়ে পড়ালেখা শেষ করে মায়ের কষ্ট সার্থক করে তুলবে। যখন বিভিন্ন পোশাকশিল্প কারখানায় আগুন লাগে বা ভবন ধসে পড়ে, আতঙ্কে ভয়ে সিঁটিয়ে যান। ভাবেন, কোনো দিন তিনি যদি এভাবে প্রাণ হারান, তাহলে সন্তানদের কী হবে। সন্তানদের জন্যই তো এত কষ্ট, এত ত্যাগ।