চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে অঝোরে কাঁদছেন আসামি মোহাম্মদ আইয়ুব। মায়ের করা মামলায় আসামি তিনি। মায়ের ওপর শারীরিক নির্যাতন করার অভিযোগে গত বছর তাঁর বিরুদ্ধে মামলা হয়। গত রোববার ধার্য তারিখে মা আবার তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করে জামিন বাতিলের মৌখিক আবেদন করেন। এতে ছেলের বুকফাটা কান্নায় কেঁপে ওঠে যেন আদালত প্রাঙ্গণ, কেঁদে ওঠে মায়ের মন। ছেলের কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি মা। এ সময় তিনি আদালতে বলেন, ‘আমার ছেলে সংশোধন হলে তাকে মাফ করে দেব।’ আইয়ুব মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না বলে আদালতের সামনে প্রতিশ্রুতি দেন। মা তাঁর অভিযোগ প্রত্যাহার করলে আদালত আইয়ুবের জামিন মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, আইয়ুবের মা (নাম প্রকাশ করতে রাজি হননি) রোববার ধার্য তারিখে মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে হাজির হয়ে ছেলের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। তিনি আদালতে বলেন, ‘আইয়ুব জামিন পেয়ে আমার ওপর আবার শারীরিক নির্যাতন চালিয়েছে। এমতাবস্থায় তার জামিন বাতিল করার আবেদন করছি।’ এরপর তিনি একজন আইনজীবীর কক্ষে চলে যান। আদালত এ সময় আইয়ুবের কাছে মায়ের অভিযোগ সম্পর্কে বলেন, ‘বিকেল সাড়ে চারটা পর্যন্ত সময় দিয়েছি। আপনি আপনার মায়ের সঙ্গে কথা বলেন। আর ঘটনা সত্য হলে জামিন বাতিল হবে।’ এরপর আইয়ুবের কান্না শুরু হয়। সেই কান্না থামছিল না। এর মধ্যে বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান অন্য মামলাগুলোর শুনানি শুরু করেন। আদালত সূত্র আরও জানায়, একপর্যায়ে ওই দিন বিকেলে আইয়ুবের স্ত্রী হাজেরা বেগম তাঁর শাশুড়িকে আইনজীবীর কক্ষ থেকে ডেকে এজলাশে নিয়ে আসেন। এসেই ছেলের অঝোরে কান্না দেখে আদালতের মনোযোগ আকর্ষণ করেন তিনি। বলেন, ‘আমার ছেলে সংশোধন হলে তাকে মাফ করে দেব।’প্রসঙ্গত, শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে আইয়ুবের বিরুদ্ধে তাঁর মা গত বছর একটি মামলা (নম্বর ১২৪৪/২০১০) করেন। আইয়ুবের মা ওই মামলার বাদী। গত ৯ জানুয়ারি আইয়ুব ও হাজেরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। আইয়ুব স্ত্রী ও মা নিয়ে বায়েজিদ থানাধীন বার্মা কলোনি এলাকার একটি বাড়িতে বসবাস করেন। স্ত্রীর প্ররোচনায় আইয়ুব তাঁর মায়ের ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ ওঠে।