ছেলের কাপড় বুকে জড়িয়ে সময় কাটে মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পীর ছবি, বই ও কাপড় বুকে জড়িয়ে দিনের বেশির ভাগ সময় কাটে মা জেসমিন আকতারের। ছবিটি ৮ নভেম্বর লোহাগাড়ার পুরান বিওসি এলাকার বাড়ি থেকে তোলা l প্রথম আলো
বাপ্পীর ছবি, বই ও কাপড় বুকে জড়িয়ে দিনের বেশির ভাগ সময় কাটে মা জেসমিন আকতারের। ছবিটি ৮ নভেম্বর লোহাগাড়ার পুরান বিওসি এলাকার বাড়ি থেকে তোলা l প্রথম আলো

টিনশেড ঘরের কক্ষটিতে আসবাব তেমন নেই—একটি খাট, পড়ার টেবিল আর কাপড় রাখার আলনা। পরিপাটি গোছানো। এই কক্ষেই এখন দিনের বেশির ভাগ সময় কাটে জেসমিন আকতারের। এখানে এলে জেসমিন ছেলে বাপ্পীর গায়ের গন্ধ পান। টেবিলে রাখা ছবিটাতে হাত বোলান। কখনো কাপড় বুকে জড়িয়ে থাকেন, কখনো পড়ার বইগুলো উল্টেপাল্টে দেখেন। ঘরের কোনো জিনিসে অন্য কাউকে হাত দিতে দেন না। কামরায় ঢুকলে প্রায় সময় ভেসে আসে ফেঁাপানো কান্নার আওয়াজ।
৮ নভেম্বর লোহাগাড়া উপজেলার পুরান বিওসি গ্রামে বার আউলিয়া ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিকের বাণিজ্য বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর বাড়িতে গেলে এ কথা জানান তাঁর বড় ভাই মোহাম্মদ রাসেল। বসার ঘরেই কথা হচ্ছিল রাসেলের সঙ্গে। পাশে বসা ছিলেন মা জেসমিন আকতার। বাপ্পীর কথা তুলতেই মায়ের চোখ বেয়ে নেমে আসে পানি। কিছুক্ষণ নির্বাক থাকার পর মুখ খোলেন। বললেন, ‘আমার বাপ্পী যেদিন মারা গেছে, সেদিনই আমি মরে গেছি। ছেলে ফোনে বলেছিল, “মা ভাত খাব, আমার দুই বন্ধুকে নিয়ে আসছি।” আমার ছেলে আর ভাত খেতে পারেনি। এখনো বেঁচে আছি শুধু বিচারের আশায়।’

২০১৩ সালের ১০ নভেম্বর রাতে লোহাগাড়ার আমিরাবাদের পুরান বিওসি এলাকা থেকে বাপ্পীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি থেকে বাপ্পীর বাড়ির দূরত্ব আধা কিলোমিটার। হত্যাকাণ্ডের পরদিন জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এখনো মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও কক্সবাজার সহকারী পুলিশ সুপার (সিআইডি) মিজানুর রহমান বলেন, ‘যাঁরাই এ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। শিগগির এ মামলার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে।’

পুলিশ সূত্র জানায়, মামলার এক বছর পর এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন ও দেড় বছর পর মোরশেদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। মোরশেদুল লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং শাহাদাত যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ মামলায় শাহাদাত হোসেন ২০১৪ সালের ১ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক (১৬৪ ধারা) জবানবন্দি দিয়েছেন। শাহাদাত বর্তমানে কারাগারে থাকলেও মোরশেদুল জামিনে রয়েছেন।

এদিকে আসামিদের গ্রেপ্তারে ব্যবস্থা নিতে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বরাবর লিখিত আবেদন করেন জেসমিন আকতার। তিনি উল্লেখ করেন, এজাহারভুক্ত কয়েকজন আসামি এলাকায় থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এ ছাড়া বিভিন্ন সময় তাঁদের হুমকি দিচ্ছেন আসামিপক্ষের লোকজন। আওয়ামী লীগের কিছু নেতা আসামিদের না ধরতে তদবির করছেন বলেও তিনি অভিযোগ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুঠোফোনে বলেন, ‘কিছু নামধারী আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের পক্ষে তদবির করছে বলে শুনেছি।’ তিনি প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানান।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বলেন, ‘আমরা বাপ্পী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি। বাপ্পীর মা জেসমিন আকতারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি যুবলীগ-ছাত্রলীগের কেউ এ ঘটনায় দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘বাপ্পীর পরিবারকে কেউ হুমকি দিয়ে থাকলে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’