হিমাদ্রী হত্যা মামলা: মামলার ধীর গতি ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ফেরত যাওয়ায় হতাশ পরিবারের সদস্যরা
ছেলের ছবি দেখে, বিচারের প্রতীক্ষায় দিন কাটে মায়ের
হিমাদ্রী মজুমদার হত্যা মামলার তিন বছর পার হলেও বিচার শেষ হয়নি এখনো। পুলিশ ধরতে পারেনি মামলার গুরুত্বপূর্ণ এক আসামিকে। জামিনে বেরিয়ে গেছে দুই আসামি। মামলার ধীর গতি ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ফেরত যাওয়ায় হতাশ হিমাদ্রীর পরিবার।
সম্প্রতি নগরের হেমসেন লেনে অবস্থিত গ্রিনলেজ ব্যাংক কলোনি আবাসিক এলাকায় নিহত হিমাদ্রীর বাসায় গেলে এই মামলা নিয়ে নিজেদের হতাশার কথা জানান পরিবারের সদস্যরা। হিমাদ্রী মজুমদারের মা গোপা দাশ মজুমদার কান্নাজড়ানো কণ্ঠে বলেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি আসায় ছেলে হত্যার বিচার পাব বলে আশা করেছিলাম। সেখানেও বিচার শেষ হয়নি। এখন কেবল ছেলের ছবি দেখি আর বিচারের প্রতীক্ষায় থাকি। জানি না বিচার পাব কিনা?’
হিমাদ্রীর মায়ের দাবি, তাঁর ছেলে মাদকবিরোধী সংগঠনের সদস্য ছিল। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই হিমাদ্রীকে হত্যা করা হয়।
বর্তমানে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আলোচিত এই মামলার বিচার চলছে। ২৩ জুন পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে সামারফিল্ড স্কুলের এ লেভেল পড়ুয়া শিক্ষার্থী হিমাদ্রীকে মারধরের পর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর ২৩ মে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। এ ঘটনায় নিহত হিমাদ্রীর মামা অসিত দে বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরের বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে আদালতে। তাঁরা হলেন ব্যবসায়ী শাহ সেলিম ওরফে টিপু, তাঁর ছেলে জুনায়েদ রিয়াদ, ছেলের বন্ধু শাহাদাত হোসাইন, জাহিদুল ইসলাম ও মাহাবুব আলী খান ওরফে ড্যানি। জামিনে রয়েছেন শাহ সেলিম ও শাহাদাত হোসাইন। মামলার অন্য আসামিরা পলাতক। এখন পর্যন্ত এই মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেন আদালত। গত ১৯ মার্চ ১৩৫ কার্যদিবস শেষ হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী আলোচিত মামলাটি চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। সেখানে ৩০ মার্চ, ২৯ এপ্রিল ও ২৭ মে শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি।
জানতে চাইলে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আগামী ধার্য দিনে যুক্তিতর্ক শুনানি হবে। এটি শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণার দিন ধার্য করবেন। রাষ্ট্রপক্ষ থেকে গুরুত্ব দিয়ে মামলাটি পরিচালনা করা হচ্ছে।
নিহতের বাবা প্রবীর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘তিন বছরেও ছেলে হত্যার বিচার পাইনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এলে বিচার শেষ হয়নি। ট্রাইব্যুনালে সপ্তাহে দুই থেকে তিন দিন অন্তর মামলার তারিখ পড়ত। কিন্তু অন্য আদালতে মাসে একবার করে তারিখ পড়ে। এতে বিচার বিলম্বিত হচ্ছে।’ পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে নিজেকে নির্দোষ দাবি করেন মামলার আসামি শাহ সেলিম। তিনি বলেন, ঘটনার সঙ্গে তিনি ও তাঁর ছেলে জড়িত নয়। মসজিদের জায়গা নিয়ে বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁদের মিথ্যা মামলায় জড়িয়েছে। তাঁরা আদালতে ন্যায়বিচার পাবেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটনেরও দাবি জানান তিনি।