ছেলের জন্য হিড়িম্বার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাভারতের অন্যতম চরিত্র হিড়িম্বার পুত্রশোককে বিষয় করে নতুন ধারার নাটক নির্মাণ করেছে নাট্যাধার। ৭ সেপ্টেম্বর নগরের শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় নাটক হিড়িম্বা।

নাটকে দেখা যায় হিড়িম্বার ভাই হিড়িম্বকে হত্যা করে পাণ্ডুর দ্বিতীয় সন্তান ভীম। কিন্তু প্রেমের প্রবল টানে হিড়িম্বা ভাইয়ের হত্যাকারী ভীমকেই বিয়ে করেছিল নানা শর্ত মেনে। বিয়ের পর পুত্র ঘটোৎকচের জন্ম হওয়ায় শর্ত অনুসারে হিড়িম্বা নিজের বাড়ি ফিরে যায়। কুরুক্ষেত্রে পঞ্চপাণ্ডবদের পক্ষ হয়ে লড়ার জন্য হিড়িম্বা যুদ্ধবিদ্যায় পারদর্শী করে গড়ে তোলে ঘটোৎকচকে। যুদ্ধ শুরু হলে ভীমের আহ্বানে হিড়িম্বা ঘটোৎকচকে যুদ্ধে পাঠায়। আর সেই যুদ্ধে কর্ণের অস্ত্রের আঘাতে মারা যায় ঘটোৎকচ।

স্বামী পরিত্যক্তা, সন্তানহারা হিড়িম্বা শোকে দিশেহারা হয়ে পড়ে। নিজের এই পরিণতির জন্য পঞ্চপাণ্ডবদের মা কুন্তী ও স্ত্রী দ্রৌপদীর সঙ্গে বিবাদে লিপ্ত হয় সে। এক পর্যায়ে হিড়িম্বার সঙ্গে বাহাসে পেরে ওঠে না তারা। কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচের মতো রাক্ষসদের অবদান স্বীকৃতি পায় না। অবশেষে এই সহজ সত্য আবিষ্কার করে হিড়িম্বা।

নাটকটি রচনা করেন রুবাইয়াৎ আহম্মদ। নির্দেশনা দিয়েছেন মোস্তফা কামাল। দীপঙ্কর দের সুরে নাটকের রূপসজ্জা করেছেন শাহীনুর সরোয়ার, পোশাক পরিকল্পনা করেন হারুন অর রশীদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নাদিরা সুলতানা, তাসলিমা আক্তার, সুপ্রিয়া চৌধুরী, সাবরীনা ইয়াছীন, এ আর মুন্না, আসিফ উদ্দিন, ইকবাল ইবনে মালেক, আবদুল্লাহ আল নোমান, মো. ফজলে রাব্বী, এ আর গনি। নাটকে যন্ত্রী দলে ছিলেন রীপা পালিত, মো. সুলতান, অচিন্ত্য কুমার ও নারায়ণ দাশ।