>

পেশায় ছিলেন বিমানবালা। ২০০৩ সালে ঢাকায় যাত্রাবিরতির সময় ঘুরতে যান এক বস্তিতে। সেখানকার সুবিধাবঞ্চিত শিশুদের করুণ জীবন মারিয়া কনসেইসাওকে ভাবিয়ে তোলে। নিজের বেতনের অংশ দিয়ে শুরু করেন শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম। এরপর তহবিল সংগ্রহের জন্য বেছে নিয়েছেন অভিনব সব পথ। ম্যারাথনে যেমন ছুটে বেরিয়েছেন সাত মহাদেশ, তেমনি ছুঁয়েছেন প্রথম পর্তুগিজ নারী হিসেবে এভারেস্টের চূড়া। এই পর্তুগিজ নারীর কল্যাণে এখন আলো ফিরেছে অনেক পরিবারে। সম্প্রতি পর্তুগালের জি কিউ ম্যাগাজিন প্রথা ভেঙে সে দেশে বর্ষসেরা নারীর পুরস্কারে ভূষিত করেছে তাঁকে। মারিয়া কনসেইসাও তাঁর নিজের কথা নিজেই লিখেছেন ছুটির দিনের প্রচ্ছদ প্রতিবেদনে।

আমার জন্ম পর্তুগালে, সিন্ট্রা শহরে। দুই বছর বয়স পর্যন্ত মায়ের সঙ্গে ছিলাম। আমার মা একসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। সে সময় মারিয়া ক্রিস্টিনা নামের একজন আফ্রিকান অভিবাসী পরিচ্ছন্নতাকর্মী আমাকে দত্তক নেন। পালক মায়ের কাছেই শৈশব কেটেছে। আমার দেখাশোনার দায়িত্ব নেওয়ার সময় তাঁর নিজেরও ছয় সন্তান ছিল। কিন্তু তিনি বলতেন, ‘তুমি যদি ছয়জনকে খাওয়াতে পারো, তাহলে সাতজনকেও পারবে।’
দুঃখের বিষয় হলো, আমার যখন নয় বছর বয়স, তখন আমার দত্তক মা মারা যান। এরপর সৎবোন আমার ভরণপোষণের দায়িত্ব নেন।
আমি তেমন পড়াশোনার সুযোগ পাইনি। ছোটবেলায় একটা ভালো আবাসিক স্কুলে ভর্তি হয়েছিলাম। কিন্তু সে স্কুলেও বেশি দিন পড়া হয়নি। একদিন সাপ্তাহিক ছুটিতে থাকা আমার এক সহপাঠীর রেখে যাওয়া সামান্য চকলেট ও ক্যান্ডি খেয়েছিলাম। সেই অপরাধে স্কুল কর্তৃপক্ষ আমাকে বহিষ্কার করেছিল। তখন আমার বয়স ১২ বছর। এরপর আমি আর কখনো স্কুলে যাইনি।

জীবনের নতুন অধ্যায়
ব্যাপারটা এমন নয় যে আমি অনেক পরিকল্পনা করে দাতব্য প্রতিষ্ঠান খুলেছি, মানুষকে সহায়তা করছি। ২০০৩ সালের কথা, আমি এমিরেটস এয়ারলাইনসের কেবিন ক্রু হিসেবে ঢাকায় এসেছিলাম। যাত্রাবিরতির সময় ঢাকার মাদার তেরেসা এতিমখানা ঘুরতে গেলাম। সেখান থেকে একটি হাসপাতালে। সেই হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবা দেখে এমন অভিজ্ঞতার মুখোমুখি হই, যা আমাকে খুবই বিপর্যস্ত করেছিল। সেখান থেকে ফিরে একটি দানাও মুখে নিতে পারিনি।
পরের মাসে নিউজিল্যান্ডে আমার ১০ দিনের ছুটি কাটানোর কথা ছিল। আমি ছুটির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে কিছু অনুদান জোগাড় করি। পোশাক, খাবার ও স্যানিটারি সামগ্রী নিয়ে চলে আসি হাসপাতালে। কিন্তু কর্তৃপক্ষ জানায়, তারা আমার সাহায্য নেবে না।
আমার সংগ্রহে তখন প্রায় ১০০ কেজি সমপরিমাণ অনুদান হিসেবে পাওয়া দ্রব্য। যে করেই হোক, এগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। হাসপাতালের আশপাশে থাকা কিছু ছিন্নমূল শিশুকে নিয়ে আমি একটি এতিমখানায় যাই এবং সেখানকার একজন দারোয়ান আমাকে নিয়ে যান বস্তিতে। বস্তির মানুষগুলোর কিছুই নেই, কিন্তু চোখেমুখে কত স্বপ্ন। আমি দেখলাম, তাদের মধ্যে সম্ভাবনা আছে, শুধু একটু সুযোগ দরকার।

এরপর থেকে আমি যখনই সময় পেতাম, চলে যেতাম সেই বস্তিতে। এর মধ্যে দুবাই থেকে কিছু অনুদান সংগ্রহ করতে শুরু করলাম। দুবাই থেকে পাওয়া সাহায্য ও এমিরেটস এয়ারলাইনসের সহায়তায় বেশ কিছু প্রকল্প দিয়ে কাজ শুরু হলো। ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে আমাদের ‘ঢাকা প্রজেক্ট’ শুরু হয়। ঢাকার দক্ষিণখানের গাওয়াইরে আমরা রীতিমতো একে একে একটি স্কুল, ক্লিনিক, দোকান ও ছোটখাটো ব্যবসাপ্রতিষ্ঠানও দাঁড় করিয়ে ফেললাম তাদের জন্য। দেখতে দেখতে আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী হয়ে গেল। ঢাকা প্রজেক্ট পরবর্তীকালে মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশন নামে কাজ শুরু করে।
আমাদের ফাউন্ডেশনের স্কুল কর্মসূচির আওতায় থাকা বাচ্চারা খুবই ভালো ফল করছে। আমাদের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা সেই ২০০৫ সাল থেকে আমাদেরে তত্ত্বাবধানে। তারা এখন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বস্তির সেই মানুষগুলো এখন শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে। তারা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহী। এ ছাড়া আমাদের ইংরেজি ভাষা শেখা কর্মসূচিতেও বেশ ভালো ফল পেয়েছি। এটা বয়োজ্যেষ্ঠদের জন্য একটি কর্মসূচি। যাদের অনেকে কয়েক বছর আগে দুবাইয়ে গিয়েও ভালো করেছে। আমরা তাদের সাক্ষাৎকারের কৌশল এবং দৈনন্দিন কাজের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছি।
সেদিন আমার কল্পনাতেও ছিল না, আমার নেওয়া ছোট উদ্যোগ একদিন বড় পরিবর্তন আনতে পারে। বদলে দিতে পারে আমার জীবনকেও।
আমি যখন কিছু শুরু করি, তা শেষ করেই ছাড়ি। আমি ১২ বছর আগে এই পরিবারগুলোর কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আমি তাদের সন্তানদের শিক্ষাসহ যাবতীয় বিষয় দেখব। সে প্রতিজ্ঞা আমি রক্ষা করছি। আর বিষয়টি নিজের মধ্যে এসেছে আমার দত্তক মা মারিয়া ক্রিস্টিনা ও তাঁর পরিবারের জন্য। আমাকে লালনপালন করা তাঁদের দায়বদ্ধতা ছিল না, কিন্তু তাঁরা সেটা করেছেন।

অর্থ সংগ্রহের জন্য এভারেস্টে
কাজটা যখন শুরু করি, তখন কল্পনাতেও ছিল না উদ্যোগটা এত বড় হবে। এমনকি আমি নিজেকে কখনো এভারেস্টের চূড়ায় (২০১৩ সালের এপ্রিল মাসে) বা ম্যারাথনের বিশ্ব রেকর্ড ভাঙব, তা কল্পনাও করিনি। এসবই হয়েছে তহবিল সংগ্রহের প্রক্রিয়া হিসেবে। এভারেস্টের চূড়ায় কিছু মুহূর্ত ছিল স্বপ্নের মতো। যেন আমি সব পেয়ে গেছি। যাত্রা শুরু থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে আমাদের মোট সময় লাগে সাত সপ্তাহ। তাই বিষয়টা যেমন ছিল আনন্দের, তেমনই ছিল হাঁফ ছেড়ে বাঁচার।
পুরস্কারের জন্য কাজ করিনি
আমি ব্যক্তিগত জীবনে খুবই অন্তর্মুখী মানুষ। যখনই হঠাৎ করে এত মানুষের মনোযোগের কেন্দ্রে চলে যাই, তখন বেশ নার্ভাস লাগে। অবশ্য এটা কিছুটা আশ্চর্যজনকও ছিল বটে। যদিও আমি কাজ করে গেছি এবং যতটা সম্ভব আমার লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করেছি। কখনোই আশা করিনি, মানুষ আমার কাজের মূল্যায়ন করছে। তবে অস্বীকার করব না, আমি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে গেছি। কাজ করে গেছি অনেক মানুষকে আমার কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে। মানুষকে জানানোর কাজকে আমি আমার কাজের অংশ হিসেবেই দেখি।

ঢাকায় এক সপ্তাহ
ঢাকায় সপ্তাহখানেক থেকে ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে ফিরলাম। শারীরিক ও মানসিক—দুদিক থেকেই আমার জন্য বেশ কঠিন একটা সপ্তাহ ছিল।
যখনই আমি ঢাকায় যাই, তখন নিজেকে কখনো সংগঠক, কখনো একজন মা, কখনো ভিক্ষুক আবার কখনোবা শ্রমিক মনে হয়। এত কিছুর পরেও আমরা এক ধাপ এগোই তো দুই ধাপ পিছিয়ে পড়ি।
ঢাকায় আমি সাধারণত আমাদের দুই রুমের গেস্টহাউসেই উঠতাম। যেগুলো শিশুদের শ্রেণিকক্ষ হিসেবেও ব্যবহৃত হতো। আমার সঙ্গে সব সময়ই একটা স্লিপিং ব্যাগ আর ইন্টারনেট সুবিধা থাকে; আমি মনে করি যা আমার জন্য যথেষ্ট। তাই বস্তির একটি পরিবার যখন তাদের তিন বেডরুমের আরামদায়ক বাসায় আমাকে আমন্ত্রণ জানাল, আমার জন্য তা ছিল এক চমৎকার সারপ্রাইজ। আজ যখন দেখি তাঁরা ভালো আছে, আমার খুব ভালো লাগে। কারণ আমার এত দিনের প্রচেষ্টার সুফল কিছু মানুষ হলেও পাচ্ছে। তারা শুধু দারিদ্র্যকেই জয় করেনি, আমাদের ফাউন্ডেশনকেও সহায়তা করছে।

তবে আমাদের চ্যালেঞ্জের শেষ নেই। যা অনেক সময় আমাদের মনোবলকে ভেঙে দেয়। কারণ যখন আপনি একটি সমস্যার সমাধান করছেন, তখনই জানেন যে এমন অন্তত এক হাজার সমস্যা আপনার জন্য অপেক্ষা করছে।
তবু আমরা চেষ্টা করে যাচ্ছি শিশুদের লেখাপড়ার সুযোগ বাড়ানোর। সত্যি বলতে, এটা বেশ কঠিন যখন আপনার কাছে যথেষ্ট ফান্ডের অভাব হয়। তারপরও আমরা এগিয়ে যাচ্ছি, অনেক শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়েও পড়ছে। এগুলোই আমাদের এখনো চলার পথে প্রেরণা জোগায়।
আমাদের সঙ্গে যুক্ত হোন
আমাদের সব সময়ই কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তার প্রয়োজন হয়। করপোরেট প্রতিষ্ঠানসমূহ কিংবা ব্যক্তিগতভাবেও যে কেউ আমাদের সহায়তা করতে পারেন। দাতারা চাইলে বাচ্চাদের স্কুল ফি, ইউনিফর্ম, জুতা, খাবার, যাতায়াত সুবিধা ও পোশাক দিতে পারেন। আমরা বেশ কিছু তরুণ স্বেচ্ছাসেবক পেতেও আগ্রহী, যারা বাংলাদেশের বস্তি এলাকাগুলোতে শিশুদের শিক্ষাদান, ক্যারিয়ার নির্দেশনা এবং প্রশাসনিক কাজে সহায়তা করতে পারে। এই কাজটি কঠিন, কর্মপরিবেশও যথেষ্ট অনুকূল নয়, তবে চমৎকার অভিজ্ঞতা অর্জনের সুযোগ আছে।
ইংরেজি থেকে অনূদিত