ছোট মাছে বড় আয়

ছোট্ট মাছ কাচকি। আয়তন মাত্র দেড় সেন্টিমিটার। তবে আয়তনে ছোট হলেও স্বাদে অনন্য। চট্টগ্রাম তো বটেই ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কদর মাছটির। প্রতিদিন রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে কাচকি সারা দেশে যাচ্ছে পাইকারদের মাধ্যমে।
শুধু তাই নয়, এই ছোট মাছটি বড় আয় এনে দিচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি)। কাপ্তাই হ্রদ প্রকল্পের বাৎসরিক শুল্ক আয়ের হিসাব অনুযায়ী, মাছ বিক্রির শুল্ক আয়ের ৪০ থেকে ৪৫ শতাংশই আসছে কাচকি থেকে।
বিএফডিসির কাপ্তাই হ্রদ প্রকল্পের ব্যবস্থাপক মো. মইনুল ইসলাম জানান, কাপ্তাই হ্রদের ৩৮ প্রজাতির মাছের মধ্যে কাচকি মাছের শুল্কহার সর্বনিম্ন। প্রতি কেজিতে মাত্র ১২ টাকা। সর্বোচ্চ ৩৫ টাকা নেওয়া হয় পাঁচ কেজির বেশি ওজনের রুই, কাতলা, মৃগেল ও চিতল মাছ থেকে। অপরদিকে হ্রদে বড় প্রজাতির মাছের পোনা ছাড়তে হয় বংশ বৃদ্ধির জন্য। কিন্তু কাচকি মাছের বংশ বৃদ্ধি ঘটে প্রাকৃতিকভাবে; পোনা ছাড়তে হয় না। তা ছাড়া প্রজনন ক্ষমতা বেশি হওয়ায় সারা বছরই মাছ উৎপাদনও ভালো। কাপ্তাই হ্রদ থেকে প্রতিদিন ১০ থেকে ১২ টন কাচকি মাছ আহরণ করা হয়।
বিএফডিসির রাঙামাটি কেন্দ্রের সহকারী বিপণন কর্মকর্তা মো. মাসুদ আলম বলেন, যেসব মাছ ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় সেগুলোর শুল্ক আদায় হয়। স্থানীয়ভাবে বিভিন্ন বাজার ও মহল্লায় প্রচুর কাচকি মাছ বিক্রি হয়। সেগুলোর হিসাব বিএফডিসির নেই।
বিএফডিসি সূত্র জানায়, কাপ্তাই হ্রদ থেকে বিভিন্ন মাছের শুল্ক আদায় হয়েছে ২০১৪-১৫ অর্থবছরে ৯ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার, ২০১৩-১৪ অর্থবছরে ৭ কোটি ৩৪ লাখ ১৭ হাজার এবং ২০১২-১৩ অর্থবছরে আট কোটি ২০ লাখ ৮৮ হাজার টাকা। এর মধ্যে কাচকি মাছ থেকে আয় এসেছে পর্যায়ক্রমে (অর্থ বছর হিসাবে) ৪৪, ৪২ ও ৪৫ শতাংশ।
স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, কাপ্তাই হ্রদে কাচকি মাছ এক সময় ছিল অবহেলিত। কাচকি মাছ ধরার জালও ছিল না। ১৫ বছর আগে হ্রদে সীমিত পরিসরে কাচিক ধরার জাল আনা হয়। এরপর ধীরে ধীরে তা বাড়তে থাকে।
সরেজমিনে দেখা গেছে, নির্দিষ্ট জায়গায় জালের মাথা রেখে হ্রদের মধ্যে বড় একটি জায়গায় জালটি ফেলছেন জেলেরা। তারপর জালের দুই অংশ পাশাপাশি রেখে টেনে তুলছেন। একটি জালের সঙ্গে ৬ থেকে ১০ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন।
রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে দেওয়ান বাজার এলাকায় কথা হয় কাচকি জালের ‘মাঝি’ (দলনেতা) মো. শাহান উদ্দিনের (৪৪) সঙ্গে। তিনি জানান, কাচকি মাছের জাল ফেলার জন্য নির্দিষ্ট স্থান আছে। কারণ জাল দিয়ে বড় একটি স্থান ঘিরে ফেলতে হয়। একবার জাল ফেলে তুলতে এক থেকে দেড় ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। একবার জাল ফেলে ৮ থেকে ১০ কেজি মাছ পাওয়া যায়। দিনে একজন জেলে কমপক্ষে চারবার জাল ফেলতে পারেন।
কাপ্তাই হ্রদে কখন থেকে কাচকি মাছ ধরা শুরু হয়েছে জানতে চাইলে জানান, তাঁর জানা নেই। তবে তিনি প্রায় ১২ বছর ধরে কাচকি মাছ ধরছেন বলে জানান।
রাঙামাটি নদী গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ‘কাচকি মাছ নিয়ে গবেষণা হয়েছে এমন তথ্য আমার জানা নেই।’ তিনি জানান, কাচকি মাছ প্রতি তিন মাস অন্তর একবার প্রজনন ঘটায়। প্রজননের পরপরই মা মাছ মারা যায়।