
ভাবুন তো, গোলপোস্টের নিচে ইতালির জিয়ানলুইজি বুফন! মধ্যমাঠে এক পাশে লিওনেল মেসি, আরেক পাশে ক্রিস্টিয়ানো রোনালদো আর মাঠের পাশে দাঁড়ানো লম্বা চুলের রোনালদিনহো। মাঠের পরিবেশটা কেমন হবে? কল্পনার মতো এমনই এক দল নিয়ে আইবিএর শিক্ষার্থী মালিহা-তাসনিয়ারা হাজির হয়েছিলেন জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আন্ত আইবিএ ফুটসাল ২০১৬ প্রতিযোগিতায়। ওঁদের দলের নাম পিন্দাক লেডিস। এই দলের সবারই ছিল নানা রকমের ‘ছদ্মনাম’; জাইমা তাহসিন এখানে বুফন, তাসনিয়া আজিম দুরন্ত রোনালদো আর পেনাল্টি বিশেষজ্ঞ মুশাররাত রহমান ছিলেন মেসির ভূমিকায়। এ ছাড়া দলে ছিলেন ফ্রি-কিক স্পেশালিস্ট ‘বেকহাম’ নাজিকা, রক্ষণে ‘পাওলো মালদিনি’ মালিহা, ‘জেরার্ড পিকে’ ফারজানা, আর মধ্যমাঠ ছিল ‘জাভি’ রুখসাদ আহমেদের দখলে।

মালিহা বলেন, ‘সকালে ক্লাসে পরীক্ষা দিয়েই খেলার মাঠে যেন আরেক পরীক্ষা দিতে নেমেছিলাম আমরা। খেলার আগের দিন মাত্র এক ঘণ্টা অনুশীলনের সুযোগ পেয়েছি।’ মালিহার কথার রেশ টেনে দলের তারকা ফুটবলার তাসনিয়া বলেন, ‘একরকম ট্রফির মালিক হওয়ার জন্যই মাঠে নেমেছিলাম আমরা।’ ১৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) পড়ুয়া বিবিএ, এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
একদিকে ক্লাস-পরীক্ষা, অন্যদিকে ফুটসাল—এই সমীকরণকে সামনে রেখে সকাল সাতটায় মাঠে হাজির হন সবাই। খেলা শেষ হয় সেই রাত ১২টায়। কথা হয় এমবিএ পড়ুয়া গাজী মুইদুর রহমানের সঙ্গে, ‘আমাদের ব্যাচ থেকে আমরা দুটো দল খেলায় অংশ নিই। খুবই আনন্দের সঙ্গে আমার দল প্রথম পর্বেই বাদ পড়ে যায়!’ মুইদুররা প্রথম পর্বে বাদ পড়লেও তাঁর বন্ধু মেহেদীর অর্জন ছিল বিশাল, বাদ পড়লেও একটি হলুদ কার্ড যোগ হয়েছে তাঁর ‘অর্জনের’ তালিকায়!
ছেলেদের ফুটসালে বিজয়ী দলের সদস্যরা হলেন নাফি আমান, রেহানুল ইসলাম, আহনাফ আহমেদ, অর্ক আশরাফ, শাদমানুল করিম, আদেল মোশতাক আহমেদ ও আয়মান সাদিক। খেলোয়াড়দের উৎসাহ দিতে চিৎকার-কোলাহলে মেতে ছিলেন বাকিরা। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিজের দলের জার্সি পরে হাজির ছিলেন মাঠের পাশেই। নিয়মের ছকে নারী ও পুরুষ ক্যাটাগরিতে দুটো দল চ্যাম্পিয়ন হলেও ফুটসালের আনন্দে বিজয়ী আসলে সবাই। প্রতিযোগিতায় ৩২টি দল অংশ নেয়। প্রতি দলে সাতজন। বোঝাই যায়, সেদিন মাঠজুড়ে কতটা অ্যাড্রেনালিন রাশের ছড়াছড়ি ছিল!