ছোট্ট পাখির এক দমে সাহারা পাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুরেলা পাখিগুলো গ্রীষ্মকালে ইউরোপে জন্ম নেয়। তারপর শীতকালটা কাটায় আফ্রিকার মধ্যাঞ্চলে। তাই সুবিশাল সাহারা মরুভূমি অঞ্চলটি বছরে দুবার পেরোতে হয় তাদের। কিন্তু এই দীর্ঘ যাত্রায় তারা দিনের বেলায় বিশ্রাম নেয়, নাকি একটানা উড়ে সাহারা পাড়ি দেয়, তা নিয়ে গবেষকদের মনে অস্পষ্টতা ছিল। এবার তা অনেকটাই দূর হলো।
ফ্লাইক্যাচার নামে পরিচিত কয়েকটি পাখির পিঠে ছোট্ট যন্ত্র লাগিয়ে দিয়েছিলেন বিজ্ঞানীরা। এতে ধরা পড়েছে, পাখিগুলো মৌসুমি যাত্রাকালে কতটা সময় সূর্যালোকের মধ্যে ছিল। আর সেটা হিসাব করেই গবেষকেরা নিশ্চিত হয়েছেন, পাখিগুলো দিন-রাত একটানা উড়ে সুদূর গন্তব্যে পৌঁছায়। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট গবেষক নেদারল্যান্ডসের গ্রনিংগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়ানি আওলহন্ড বলেন, ফ্লাইক্যাচাররা কীভাবে ওড়ে, তা নিয়ে এত দিন বিতর্ক ছিল। এরা টানা ৪০ থেকে ৬০ ঘণ্টা পর্যন্ত ওড়ে বলে ব্রিটিশ পাখিবিদ রেজিনাল্ড মোরো ১৯৭০-এর দশকে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি কয়েকটি পর্যবেক্ষণে পাখিগুলোর যাত্রাবিরতির ইঙ্গিত মিলেছিল। যেমন রাডারের তথ্য-উপাত্তে কয়েকটি পাখির কেবল রাতের বেলা ওড়ার বিষয়টি ধরা পড়ে। কিন্তু রাডার আসলে প্রতিটি পাখি বা তাদের বিভিন্ন প্রজাতিকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে পারে না। তাই পিঠে যন্ত্র লাগিয়ে দেওয়ার প্রযুক্তি এ ক্ষেত্রে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি।
আওলহন্ড ও তাঁর সহযোগীরা ২০১৩ সালের গ্রীষ্মের শেষ দিকে ৮০টি ফ্লাইক্যাচারের পিঠে ছোট্ট যন্ত্র লাগিয়ে দেন। পাখিগুলোর ওজন প্রায় ১২ গ্রাম বা চায়ের চামচের তিন চামচ চিনির সমান। আর ছোট্ট যন্ত্রটির ওজন ১ গ্রামের অর্ধেক। গ্রীষ্মে ইউরোপে জন্মানো পাখিগুলো শীতকালটা আইভরি কোস্ট ও গিনি এলাকায় কাটায়। তাদের পিঠে যুক্ত যন্ত্রের মাধ্যমে প্রতি পাঁচ মিনিট অন্তর আলো ও তাপমাত্রার ব্যবধানের তথ্য বিজ্ঞানীদের কাছে পৌঁছায়। ২৭টি পাখি যন্ত্রসহ ইউরোপে ফিরে যায়। এর মধ্যে ১৫টি যন্ত্রে তাদের বসন্ত ও শরৎযাত্রার সময়ের তথ্য-উপাত্ত পাওয়া যায়। এতে দেখা যায়, গ্রীষ্ম ও শরতের তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাখিগুলো তাদের ওড়ার কৌশল কিছুটা পাল্টায়।