ছোট্ট সোনার জামাটা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠে, মা-বাবার হাত ধরে খেলনা বা বইয়ের দোকানে কিংবা পিকনিকে ঘুরতে যাওয়া শিশুদের পোশাক এখন অনেক আধুনিক। তার মানে জবরজং হলে কিন্তু চলে না। গরমকাল মাথায় রেখে শিশুর পোশাক নিয়ে ভাবনার আছে অনেক কিছু।

ঢিলেঢালা সুতি কাপড়ে বর্ণিল রং, এই গরমে শিশুর পোশাক হোক এমনই৷ মডেল: রুনা খান, রাজেশ্বরী ও টিয়ারা৷ ছবি: কবির হোসেন৷ পোশাক: যাত্রা
ঢিলেঢালা সুতি কাপড়ে বর্ণিল রং, এই গরমে শিশুর পোশাক হোক এমনই৷ মডেল: রুনা খান, রাজেশ্বরী ও টিয়ারা৷ ছবি: কবির হোসেন৷ পোশাক: যাত্রা

কাপড়ের ধরন যেমন
শিশুদের পোশাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাপড়ের ধরন। এ কথাটাই ধ্রুব বলে মানেন ফ্যাশন হাউজ যাত্রার ডিজাইনাররা। কথা হলো তাঁদের একজন ঊর্মিলা শুক্লার সঙ্গে। জানালেন, গরমে শিশুদের জন্য সুতি পোশাকের বিকল্প আর কিছুই হতে পারে না। এর পাশাপাশি বড়জোর ভয়েল চলতে পারে, তাও সবচেয়ে পাতলা ভয়েলটা। ক্ষেত্রবিশেষে তাঁতও চলতে পারে।
কিন্তু আধুনিক পাশ্চাত্য ধাঁচের পোশাকে কি সুতি চলে? ‘কেন নয়?’ বললেন স্মার্টেক্সের মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহমুদ। আবার এটা জানালেন, কৃত্রিম তন্তুর কাপড়ে তৈরি পোশাকগুলোতেও শিশুর আরামকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে নরম জর্জেট বা লিনেনের কদরও বেড়েছে বেশ।
পোশাকের রং ও নকশা
ফ্যাশন ডিজাইনাররা বলছেন, শিশুরা প্রধানত উজ্জ্বল রং পছন্দ করে। নিজ পছন্দে কিনলে ওরা হয়তো বেছে নিতে পারে টকটকে লাল পোশাক বা কালো ট্রাউজার। এ েক্ষত্রে মা-বাবাদেরই কৌশল খাটিয়ে পরাতে হবে ওদের জন্য উপযোগী রঙের পোশাক। শিশুদের গরমের পোশাকের রং হওয়া উচিত কোমল, যেটায় শিশুদের আরাম প্রাধান্য পায়, আর তাপও শোষণ না করে। সে ক্ষেত্রে রং হতে পারে সাদা, আবছা সাদা, ঘিয়া, হলুদ, সবুজ, নীল, আকাশি, গোলাপি ইত্যাদি। 

.
.

শিশুদের পোশাকের মোটিফ হিসেবে এলোমেলো নকশার বদলে চল বেড়েছে সাদাসিধে নকশার। হয়তো সাদা একটা ফ্রক, তার পাইপিংটা হলুদ। কিংবা লাল একটা শার্ট, তার কলারে মেরুন কাপড়ের ফেট্টি থাকতে পারে। বর্ণমালা, কিংবা মজার সব ছবির ব্লকপ্রিন্টও থাকতে পারে। সুতার হালকা কাজ, কোমরে ফিতার ঘেরে একটা উজ্জ্বল ফুল, ফতুয়ার পেছনে পাখি, কার্টুন বা জ্যামিতিক নকশার চল তো থাকছেই।

উৎসবে-পার্বণে 
শিশুদের জন্য পার্টি পোশাকের জন্য কাটছাঁট একটু বদলে ফেললেই চলে। একরঙা সুতির কাপড়ের ফ্রকে মখমলের একটা পাড় লাগিয়ে দিলেন। ছেলেমেয়ে—উভয়কেই জিনসের বদলে একটু ভারী সুতির ট্রাউজার বা ঢোলা সালোয়ার পরালেন। রঙিন টপের সঙ্গে একরঙা স্কার্ট বেশ মানায়। অনেক শিশু বিশেষ আয়োজনে শাড়ি পরার বায়না ধরে। বাজারে রেডিমেড শাড়ি পাওয়া যাচ্ছে, যার কুঁচি সেলাই করাই থাকে। কোমরে দেওয়া থাকে ইলাস্টিক। সঙ্গে ব্লাউজ পরালে হাফহাতা বা স্লিভলেস। ব্যস, আপনার শিশু পার্টির জন্য একদম প্রস্তুত।

ঢোলা প্যান্ট আর হাতাকাটা ফতুয়ায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে দুই ভাই আদিয়াত ও আবিয়াজ
ঢোলা প্যান্ট আর হাতাকাটা ফতুয়ায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে দুই ভাই আদিয়াত ও আবিয়াজ

তবু সতর্কতা 
ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান রাশেদ মোহাম্মদ খান বলেন, এই গরমে শিশুদের ত্বকের যেসব সমস্যা দেখা যাচ্ছে, তার বেশ কিছু পোশাক থেকেই হচ্ছে। উপযুক্ত পোশাক না পরায় তারা প্রচুর ঘামছে, ঘামাচি বাড়ছে। ফলে দেখা দিচ্ছে ছত্রাক সংক্রমণ। অঁাটোসাঁটো পোশাকের ফলে শিশুদের কোমল ত্বকের ভাঁজগুলোতে অ্যালার্জির মতো লাল ঘা হচ্ছে। এসব কিছুর জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি-ফাঙ্গাল মলম, সিরাপ বা ট্যাবলেট নিতে হবে।
বাজার ঘুরে 
শিশুদের জন্য দেশি ফ্যাশন হাউসগুলো; যেমন, যাত্রা, শৈশব, নগরদোলা, স্মার্টেক্স, অঞ্জন’স, মায়াসির, কে ক্র্যাফটে যেতে পারেন। ঢাকার আজিজ সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স, নিউমার্কেট, চাঁদনী চক, নূরজাহান মার্কেট, বনানীসহ শপিংমলগুলোতে পাবেন শিশুদের গরমের উপযোগী পোশাক। ছেলেমেয়ে—উভয়ের সাধারণ পোশাকের দাম শুরু হবে ১৫০ টাকা থেকে। পার্টির জন্য বিশেষ পোশাকের দাম ৪৫০ থেকে শুরু।

জেনে নিন
 নিম্নমানের পোশাক থেকে রং উঠতে পারে। এসব রাসায়নিক রং শিশুর ত্বকের জন্য ক্ষতিকর। তাই একটু বেশি দাম হলেও ভালো মানের পোশাক কিনুন।
 শিশুর পছন্দের পোশাকের রং আর ছাঁট না হয় তার পছন্দেই হোক, কাপড়টা নিজে বাছুন।
 ঘামের কারণে ভিজে যাওয়া পোশাকগুলো শুধু পানিতেই ধুয়ে নেওয়া ভালো।
 শিশুর পোশাক অনেক দিন টেকাতে চাইলে ধোয়ার সময় সাবানের বদলে শ্যাম্পু ব্যবহার করুন।
 এই গরমে শিশুর পোশাক কোনোভাবেই অঁাটোসাঁটো করবেন না। ঢিলেঢালা রাখুন। 

 দিনে কয়েকবার পোশাক পাল্টান। শিশু এবং তার পোশাক—দুই-ই ভালো থাকবে।

শিশুদের পোশাকের ক্ষেত্রে আরামটাই আসল
শিশুদের পোশাকের ক্ষেত্রে আরামটাই আসল