ছোট্ট হাতে পুরো দুনিয়া

পৃথিবীর সঙ্গে পরিচিত হতে এবং নিজেকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে ইন্টারনেট ব্যবহার করবে খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিকা নূহা। তবে এ বিদ্যালয়ের হালিমা সাদিয়া তাবাসসুমের ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্যটা অন্য রকম। বিভিন্ন মজার বিষয় সম্পর্কে জানতে ইন্টারনেট ব্যবহার করতে চায় সে।
কেবল খাস্তগীরের এই দুই িশক্ষার্থী নয়, ইন্টারনেটের মাধ্যমে গোটা দুনিয়াকে হাতের মুেঠায় আনার স্বপ্ন দেখছে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রথম আলো-গ্রামীণ ফোন আই জেন ইন্টারনেট উৎসব নিয়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই শিক্ষার্থীদের মধ্যে। গত ৩০ এপ্রিল ও ২ মে নগরের বিভিন্ন বিদ্যালয় ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
গত ৩০ মে ডা. খাসস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ইন্টারনেট উৎসব। উৎসবে কথা হয় নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত বিন্তে ইয়াছিনের সঙ্গে। তার চোখে-মুখে বাঁধভাঙা উচ্ছ্বাস। আই জেন প্রতিযোগিতায় এসে কর্মশালায় অংশ নিয়ে ইন্টারনেটবিষয়ক অনেক তথ্য জেনেছে সে। কেমন লাগছে জানতে চাইলে উত্তেজিত কণ্ঠে বলল, ‘ইন্টারনেট ঘিরে রেখেছে আমাদের পুরো বিশ্ব। এটি জানা থাকলেও ইন্টারনেটের ব্যবহার জানতাম না। এখানে এসে ব্রাউজ করা শিখেছি। যেকোনো তথ্য এখন মুহূর্তেই জানতে পারব।’
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সামান্তা সাজনুর জানায়, বাসায় নিয়মিত ইন্টারনেট ব্যবহার করলেও অজানা ছিল ইন্টারনেটের অনেক বিষয়। কর্মশালায় ইন্টারনেটের বিস্তারিত জানতে পেরে উচ্ছ্বসিত সে।
আইজেন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় সব শিক্ষার্থীর মধ্যেই দেখা গেছে এমন উচ্ছ্বাস। ডা. খাসস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় ও সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলকাকলি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় আইজেন প্রতিযোগিতায়।
প্রতিটি বিদ্যালয় থেকে সেরা ১০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য। প্রতিটি প্রতিযোগিতায় ছিল দুটি করে পর্ব। প্রথম পর্বে ৩৫ মিনিটের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ইন্টারনেটবিষয়ক কর্মশালা। বড় পর্দায় ইন্টারনেটবিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। কর্মশালা শেষে প্রতিটি বিদ্যালয়ের ১০ জন করে শিক্ষার্থী নির্বাচন করা হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য। গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ১৪ মে পর্যন্ত। এতে অংশ নেবে ৩৬টি বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা।