ছোলার দাম অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে নগরের সব বাজারে কাঁচা মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজির দাম কমেছে। খুচরায় কমেছে চিনির দামও। তবে ছোলার উত্তাপ এখনো রয়ে গেছে। রমজান মাসের শুরু থেকে নগরের বাজারগুলোতে প্রশাসনের নজরদারির কারণে কাঁচাবাজারে স্বস্তি বিরাজ করছে বলে জানিয়েছেন ক্রেতারা।
অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসের শুরুতে বেগুন ও কাঁচা মরিচের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই করছিল। কিন্তু প্রথম রমজানের দিনই সবজির সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার ও নগরের অভিজাত বাজার কাজীর দেউড়িতে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বেশি দামে পণ্য বিক্রি করায় ওই দিন তিন আড়তদার, পাইকারি ও খুচরা বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল ও চারজনকে জরিমানা করা হয়।
৭ জুন প্রথম রমজানের দিন রিয়াজউদ্দিন পাইকারি বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ২৫ টাকা, কিন্তু খুচরা বাজারে সেটি বিক্রেতাভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছিল। তেমনি পাইকারি বাজারে ২০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন খুচরা বাজারে বিক্রি হচ্ছিল ৬০ থেকে ৮০ টাকায়।
গতকাল বুধবার রিয়াজউদ্দিন ও কাজীর দেউড়ি খুচরা বাজারে গিয়ে দেখা গেল, এক সপ্তাহের ব্যবধানে এ দুটি পণ্যের দাম অর্ধেকেরও নিচে নেমে গেছে। গতকাল পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ছিল ১৫-২০ টাকা, খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছিল ২০-২৫ টাকা কেজি। পাইকারিতে বেগুন বিক্রি হচ্ছিল ২০-২৫ টাকায়, আর খুচরায় সেটি পাওয়া যাচ্ছিল ৩০ থেকে ৩৫ টাকায়।
শুধু কাঁচা মরিচ আর বেগুনই নয়, অন্যান্য সবজির দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। গতকাল কাজীর দেউড়ি বাজারে শসা ৪০, পটোল ২৫, ঢ্যাঁড়স ৩৫, মিষ্টিকুমড়া ৪০ ও টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। গত সপ্তাহে এসব সবজি বিক্রি হয় ৩০ থেকে ৬০ টাকায়।
কাজীর দেউড়িতে বাজার করতে আসা ইকবাল আহমেদ বলেন, ‘প্রশাসন আন্তরিক হলে ক্রেতারা যে কিছুটা স্বস্তি পান তার প্রমাণ তো আমরা পেলামই। আশা করি, এই ধরনের তদারকি সারা বছর চলবে। তাহলে আমরাও নিশ্চিন্তে সব ধরনের পণ্য কিনতে পারব।’ একই বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মো. মাসুম বলেন, ‘পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় আমরাও ২০-২৫ টাকা কেজিতে মরিচ বিক্রি করতে পারছি। গত সপ্তাহে পাইকারি বাজারেই দাম বেশি ছিল।’
রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি রশিদ আহমেদ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা সব আড়তদারের কাছে পৌঁছে দিয়েছি। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলায় আড়তদারেরা ন্যূনতম লাভে বাজারে সবজি বিক্রি করছেন। ব্যবসায়ীরা সবাই মান–সম্মানের সঙ্গে ব্যবসা করতে চান।
রমজান মাসের আগেই অস্থির হয়ে উঠেছিল চিনির বাজারও। ৮ জুন খাতুনগঞ্জের চিনির সবচেয়ে বড় পাইকারি ব্যবসায়ী মীর আহমেদ সওদাগর ট্রেডার্সকে বেশি দামে চিনি বিক্রি করায় ২০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর পরদিনই পাইকারি বাজারে চিনির দাম প্রতি কেজিতে আট টাকা কমে যায়। খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। গত সপ্তাহে পাইকারি বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল ৫৮ টাকা আর খুচরায় বিক্রি হচ্ছিল ৬২-৬৪ টাকা। বর্তমানে পাইকারিতে চিনি বিক্রি হচ্ছে ৫০-৫২ আর খুচরায় বিক্রি হচ্ছে ৫৬-৫৮ টাকায়।
দাম কমেছে পেঁয়াজ আর রসুনেরও। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২২-২৫ টাকায়, যা আগে ছিল ২৮-৩০ টাকা। আর এখন রসুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা, যা ছিল ২৫০ টাকা। তবে ছোলার দাম এখনো অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে অস্ট্রেলিয়ান ছোলা বিক্রি হচ্ছে মানভেদে ৮৬ থেকে ৯০ টাকা, মিয়ানমারের ছোলা বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই ছোলার দাম না কমায় খুচরাতেও দাম কমানো যাচ্ছে না।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা ৭৫ টাকায় ছোলা বিক্রির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেটি কার্যকর করেননি। আমরা প্রতিদিন নগরের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছি। খাতুনগঞ্জে অভিযান চালানোর কারণে চিনির বাজার স্থিতিশীল হয়েছে। ছোলার বাজার তদারকি করতে শিগগিরই খাতুনগঞ্জে অভিযান চালানো হবে।’