ছোট চোখে বড় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওরা আজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমি এত আনন্দিত আর কখনো হইনি।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মহেশ ও জাকারিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে জুয়েল রানা বলছিলেন এই কথা। শিক্ষার্থী দুজন বোঝেন জুয়েল রানার কণ্ঠে রয়েছে স্নেহ।দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র মহেশ রায় ও জাকারিয়া হোসেন। দুজনেই এখন পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স পড়ছে। এদের দুজনের পৃষ্ঠপোষক কিংবা অনুপ্রেরণাদাতা যা-ই বলি না কেন, সেই জুয়েল রানাও কিন্তু প্রায় তাঁদের বয়সীই, পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারে।জুয়েল কেন গরিব শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে সাহায্য করছেন, তা জেনে নিই আগে।বছর চারেক আগের কথা। বীরগঞ্জ ডিগ্রি কলেজে তখন ছোট্ট একটা ভবন মেরামতের কাজ হচ্ছিল। সেখানেই দিনমজুর হিসেবে কাজ করছিলেন মহেশ। সামনেই ছিল তাঁর এসএসসি পরীক্ষা। দিনমজুর মা-বাবার এই সন্তানের পড়ার ইচ্ছেটা দাগ কাটে কলেজপড়ুয়া জুয়েলের মনে। মহেশকে পরীক্ষা দিতে, পরীক্ষা শেষে কলেজে ভর্তি হতে সহায়তা করতে থাকেন জুয়েল। সেই মহেশই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে জুয়েলের উত্সাহ ও সহায়তায়।বাংলাদেশের উত্তরবঙ্গের প্রত্যন্ত একটি অঞ্চলের নাম বীরগঞ্জ। অঞ্চল প্রত্যন্ত হলে কী হবে, স্বপ্ন তো আর প্রত্যন্ত নয়। তা রীতিমতো আধুনিক। বীরগঞ্জ এলাকারই জগদীশপুর গ্রামের ছেলে জুয়েল। বাবা বলতে গেলে বেকার। কোনো কাজেই কখনো স্থায়ী হতে পারেননি, ফলে পেশাটাও নির্দিষ্ট হয়ে ওঠেনি। সংসারের যাবতীয় দায়িত্ব পরিচালনার ভার তাই এসে পড়ে মায়েরই ওপর। সেই মা-ই প্রতিদিনের রান্নার চাল থেকে এক মুঠ চাল রেখে দিতেন। কিছুদিন পর যখন তার পরিমাণ কিছুটা বাড়ত, তখন তা বিক্রি করে ছেলের পড়ার খরচ জোগাতেন। দরিদ্র মায়ের কষ্ট উপলব্ধি করে ছোট্ট শিশু জুয়েল তখন নিজেই হাল ধরতে চাইল। শুরু করল বাদাম বিক্রি। এসএসসি পরীক্ষা কেন্দ্রে বা দুর্গাপূজার মেলায় দেখা মিলত তার। ছোট্ট বিক্রেতা বড় ক্রেতাদের আকর্ষণ করার জন্য বলত—‘একটা টিপলে দুইটা পাওয়া যায়।’ এভাবেই চলছিল। সামনে এল এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষে কাজ শুরু করল শরীফ মামার শরীফ লাইব্রেরিতে। পরীক্ষার ফল বের হলো। সে পেল জিপিএ-৩.৯৪। এবার ভর্তির পালা। শরীফ মামাকে সঙ্গে নিয়েই একদিন জুয়েল গেল বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খইরুল ইসলামের কাছে। মামার দেওয়া ১০০ টাকা দিয়ে আর নিজের বাস্তবতার কথা বলে ভর্তি হওয়ার আবেদন করল অধ্যক্ষের কাছে। উদার মানসিকতা ও হূদয়বান অধ্যক্ষ সহজেই আপন করে নিলেন জুয়েলকে। এবার শুধু কলেজ থেকে নেওয়ার পালা। কলেজ হোস্টেলের ভাড়া ফ্রি, পরীক্ষার ফি শিক্ষকেরাই সংগ্রহ করে দিতেন। শিক্ষকেরা প্রাইভেট পড়াতেন অর্থ ছাড়াই। বন্ধু শামীম আর জুয়েল তো একজনের খাবার অর্ধেক করে খেত। এসব আন্তরিকতাকে বৃথা যেতে দেয়নি জুয়েল। এইচএসসিতে জিপিএ-৪.৮০। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সমাজবিজ্ঞানে।নিজের স্বপ্ন পূরণের পর এখন জুয়েল স্বপ্ন দেখে, গ্রামে যারা তারই মতো দরিদ্র পরিবারের সন্তান, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যারা পড়ার খরচের কথা চিন্তা করে বলে—‘ঢাকা অনেক দূর, মুই ওইঠে যাবার পরিমনি’, তাদের স্বপ্ন পূরণের পথটা সহজ করা। সে নিজে বেশি অর্থ দিয়ে সহায়তা করতে না পারলেও চেষ্টা করে মানসিকভাবে সবাইকে উত্সাহিত করতে। এ জন্যই সে প্রতিবছর একটি অনুষ্ঠানের আয়োজন করে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে। তা ছাড়া অধ্যক্ষ স্যারকে বলে কলেজের খরচ কমানো, কোচিংয়ে কথা বলে ফ্রি ভর্তি কোচিং বা ভর্তি পরীক্ষার সময় থাকা ও খাওয়ার খরচে সহায়তা করার চেষ্টা করে সে। সে চায় এভাবেই গড়ে উঠুক একটি সুস্থ ও শিক্ষিত সমাজ। তার এই স্বপ্নেরই ফল মহেশ ও মাজেদরা। যারা সুযোগ পাওয়ার পর গর্বভরে জুয়েলকে বলেছিল—‘দাদা, মুই চান্স পাইছু।’ কষ্ট করে পড়াশোনা করতে গিয়ে জুয়েল কতজনের সহায়তা পেয়েছে তা সে ভোলেনি। আর ভোলেনি বলেই হয়তো সে এভাবে চিন্তা করে—‘সমাজ আমাকে পড়িয়েছে, তাই আমারও কিছু দায়িত্ব আছে সমাজের প্রতি।’ জুয়েলের ভাবনাগুলো এমনই। আমরাও তো জুয়েলের মতোই মানুষ। চোখ, নাক, কান আমাদেরও আছে। আমরা কি পারি না একজন মহেশ বা জাকারিয়াদের বের করে আনতে, যারা অনেক মহেশকে বের করে আনবে। বীরগঞ্জ ডিগ্রি কলেজে জুয়েলের উদ্যোগে আয়োজিত বার্ষিক উত্সাহমূলক অনুষ্ঠানটি হয়েছিল কিছুদিন আগে। সেখানে বসে আমি, সুর, দ্বীপ, তন্ময়, অসীম, সুবর্ণা, অর্ণব, বাপ্পি ও দীপঙ্কর দিব্যচোখে সেই দিনটিরই স্বপ্ন দেখছিলাম।