ছোট ছড়ায় বড় ঝুঁকি
দীঘিনালার পূর্ব বাঁচামরুং গ্রামের তিন ফুট চওড়া রতনমুনি ছড়ায় গত বছর পা পিছলে ভেসে গিয়েছিল এল্টন চাকমা (৬) নামের এক শিশু। বর্ষায় ফুলে-ফেঁপে ওঠা ছড়াটি পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল সে। গ্রামের শিশুরা যাতে নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারে সে জন্য ছড়ার ওপর গ্রামবাসী দুটি গাছ ফেলেছিল। তবে নেই কোনো ধরার অবলম্বন বা দড়ি। পিচ্ছিল হয়ে ওঠা গাছের ওপর দিয়ে পার হওয়া তাই কঠিনই ছিল এল্টনের পক্ষে।
এই কঠিন কাজটিই প্রতিদিন করতে হচ্ছে দীঘিনালার এক নম্বর মেরুং ইউনিয়নের মাইনি নদীর তীরে পূর্ব বাঁচামরুং গ্রামের শিশুদের। ছড়ায় পড়ে যাওয়ার ভয় নিয়েই পূর্ব বাঁচামরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় তারা। বৃষ্টি হলে ছড়া পারাপারের উপায় থাকে না বলে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ে যাওয়া। গ্রামবাসীর দাবি, শিশুদের জীবনের ঝুঁকি দূর করতে এই ছড়ার ওপর একটি কালভার্ট তৈরি করা হোক।
সম্প্রতি পূর্ব বাঁচামরুং গ্রামে এল্টন চাকমার বাবা রিপন চাকমার বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানালেন, এল্টনের পরিবারের সদস্যরা কাজে গেছেন। কথা হয় গ্রামেরই শিক্ষার্থী মণিরাজ চাকমা, শিখা চাকমা ও অর্জিনা চাকমার সঙ্গে। তাদের কথা, ‘বৃষ্টি হলে আমরা বিদ্যালয়ে যেতে পারি না। ছড়ায় প্রবল স্রোত থাকে তখন। ছড়ার ওপর গাছ পার হতে খুব ভয় লাগে। এখানে একটি কালভার্ট হলে বিদ্যালয়ে যাওয়া সহজ হবে।’
গ্রামের পায়ে চলা পথটি চলে গেছে মেরুং ইউনিয়ন সদর পর্যন্ত। সেই পথেই পড়ে রতনমুনি ছড়া। বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এই ছড়া পেরিয়ে পণ্য নিয়ে ইউনিয়ন সদরে যান চাষিরা। পারাপার করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদেরও।
গ্রামের কারবারি (গ্রামপ্রধান) চন্দ্র জীব চাকমা বলেন, রতনমুনি ছড়া পার হয়ে গ্রামের অর্ধশত শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত করে। বৃষ্টি হলে ছড়ায় পানির স্রোত বেড়ে যায়, তখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না।
পূর্ব বাঁচামরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎময় চাকমা বলেন, ‘এল্টন চাকমা আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শুধু কালভার্ট না থাকায় শিশুটি অকালে মারা গেল। এখনো বৃষ্টি হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না। রতনমুনি ছড়ার ওপর একটি কালভার্ট খুব প্রয়োজন।’
এ ব্যাপারে এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। বরাদ্দ পেলেই পূর্ব বাঁচামরুং এলাকার রতনমুনি ছড়ার ওপর একটি কালভার্ট নির্মাণ করা হবে।’