ছোট জায়গায় বড় বাগান
বাড়ি-লাগোয়া এক চিলতে জমি ছিল সমাবর্তন দেওয়ানের। সেই জমিতে ফলের বাগান করবেন শুনে অনেকেই চোখ কপালে তুলেছিল। কিন্তু থেমে থাকেননি তিনি। সৃজনশীলতা ও পরিশ্রম সাফল্য এনে দিয়েছে সমাবর্তনকে। গত বছর ফল ও চারা বিক্রি করে তাঁর আয় হয়েছে তিন লাখ টাকা। এ বছর আয়ের পরিমাণ ছয় লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।সমাবর্তনের বসতভিটাসহ ফলের বাগানের আয়তন ৮০ শতকের কাছাকাছি। তাঁর কথা হলো, কয়েক একর জায়গা না হলে ফলের বাগান করা সম্ভব নয়—এ ধারণা ভুল। সঠিক পরিকল্পনা থাকলে অল্প জায়গাতেও ফলের বাগান করা সম্ভব। সমাবর্তনের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন ফলের বাগান করতে উৎসাহিত হচ্ছেন। খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া এলাকায় সমাবর্তনের ফলবাগান। স্থানীয় কৃষি কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে পাঁচ বছর আগে যখন ফলবাগান শুরু করেছিলেন, তখন সংসারে সচ্ছলতা ছিল না। এখন দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে তাঁর সুখের সংসার। গড়ে প্রতি মাসে ২২ থেকে ২৩ হাজার টাকা আয় হচ্ছে। এ বছর তা দ্বিগুণ হবে। সমাবর্তন জানান, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানের কাজেই ব্যস্ত থাকতে হয় তাঁকে। তাঁর বাগানে বিভিন্ন জাতের আম, বিশেষ করে আম্রপালি, মল্লিকা, ফজলি আমের গাছ রয়েছে। এ ছাড়া উন্নত জাতের লিচু, মালটা ও আমড়ার গাছও রয়েছে তাঁর বাগানে। সমাবর্তন জানান, গত বছর কেবল বাগানের আম ও চারা বিক্রি করে তিন লাখ টাকা আয় করেছেন। এ বছর বাগান থেকে তিনি অন্তত ছয় লাখ আয় করবেন বলে আশা করছেন। এ বছর বাগানে চার হাজার আমের চারা ও চার হাজার মালটার চারা তুলেছেন। সমাবর্তন দেওয়ান জানান, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের জন্য আম্রপালি, মল্লিকা ও রাঙ্গু আম উপযোগী। তাই তিনি এ জাতের চারা বেশি উৎপাদন করছেন। আর মালটার বিভিন্ন জাতের মধ্যে বারি-১, বারি-২, পাকিস্তানি-১ ও পাকিস্তানি-২ জাতের চারাও তৈরি করেছেন। এ জাতের মালটা পাহাড়ে বেশ ভালো হয়। স্থানীয় উন্নত জাতের কোনো ফলের খোঁজ পেলে তা সংগ্রহ করার চেষ্টা করেন সমাবর্তন। এভাবে খুঁজতে খুঁজতে পেয়েছেন উন্নত দেশি লিচু, কুল ও আমের চারা। খাগড়াছড়ি সদর উপজেলার কৃষি বিভাগের সিঙ্গিনালা ব্লকের উপসহকারী কৃষিবিদ রেজাউল করিম বলেন, ‘সমাবর্তন এলাকার মানুষের সামনে সাফল্যের উদাহরণ তৈরি করেছেন। তাঁর সফলতার মূল কারণ হলো, তিনি পরিশ্রম করেন এবং বাগানের কাজে দক্ষতা অর্জন করেছেন।’