ছোট দাঁতের বড় যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর দাঁতের যত্নের ভার প্রথমে মা-বাবাকেই নিতে হয়। প্রথম দিকে দেখা যায়, শিশুর দাঁতের যত্ন-আত্তিতে মা-বাবারা খুব একটা গুরুত্ব দেন না। অনেকেরই ধারণা, এ দুধদাঁতগুলো থাকবে না। দাঁতগুলো পড়ে গিয়ে যখন নতুন দাঁত উঠবে, তখন বরং যত্ন করা যাবে। কিন্তু সত্য হলো, দুধদাঁতের ভালো-মন্দের ওপর অনেকটাই নির্ভর করে স্থায়ী দাঁতগুলো কেমন হবে। তাই ছোটবেলা থেকেই নিতে হবে দাঁতের যত্ন। শিশুর মুখে প্রথম ওঠা দাঁতগুলো হলো দুধদাঁত। দুধদাঁতের সংখ্যা সাকল্যে ২০টি। শিশুর জন্মের ছয় মাস থেকেই এই দাঁত ওঠা শুরু করে। দুই থেকে তিন বছরের মধ্যে ২০টি দাঁত মুখে জায়গা করে নেয়। কখনো কখনো দাঁত ওঠার সময়ের তারতম্য হয়। এই দাঁতগুলোকে কিন্তু যত্নে রাখতে হবে। কেমন করে দাঁতগুলোর যত্ন নিতে হবে, জেনে নেওয়া যাক: শিশুকে প্রতিবার খাওয়ানোর পর নরম কাপড় কিংবা ব্যান্ডেজের টুকরা কাপড় (গজ কাপড়) ভিজিয়ে দাঁত মুছে দিতে হবে। শিশুকে অতিরিক্ত মিষ্টি-জাতীয় খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন। যেকোনো মিষ্টি খাওয়ার পর মুখ ধুয়ে দিন যত্ন করে। সকালে খাওয়ার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে শিশুকে দাঁত মাজতে উৎসাহী করুন। খেয়াল রাখবেন, শিশু যেন টুথপেস্ট গিলে না ফেলে। কোমল পানীয় শিশুর দাঁতের জন্য ক্ষতিকর। শিশুকে তাজা ফল, শাকসবজি খাওয়াতে হবে প্রতিদিন। দাঁতের জন্যও ভালো, শরীরের জন্যও।অনেকেই ভেবে পান না, কেমন হবে শিশুর টুথব্রাশটি। এখন বাজারে শুধু শিশুদের জন্যই অনেক ধরনের টুথব্রাশ পাওয়া যায়। তবে দেখে নিন, টুথব্রাশটির ব্রাশ যেন নরম হয়। ব্রাশের মাথাটি হবে ছোট। আর হাত দিয়ে ধরার জায়গাটি লম্বা। সামনে-পেছনে, ওপরে-নিচে করে শিশুকে দাঁত ব্রাশ করতে সাহায্য করুন—যত দিন পর্যন্ত শিশু নিজে থেকেই দাঁত ব্রাশ করতে শিখে যায়। সঙ্গে শিশুদের শেখাতেও হবে, তারা যেন দাঁত মাজার পর পেস্ট থুতু করে ফেলে দেয়। যেসব শিশু পেস্ট ফেলে না দিয়ে গিলে ফেলে, তাদের বেলায় ফ্লোরাইড নেই, এমন টুথপেস্ট ব্যবহার করতে হবে। আর খেয়াল রাখুন, শিশু যেন কোনো অজুহাতেই দাঁত মাজা এড়িয়ে না যায়।  লেখক: চিকিৎসক