ছোট দেশের বড় সুনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানে জাতিসংঘ মিশনে যোগদান করলাম ২০১০ সালের জুন মাসে। পৃথিবীর দশম এবং আফ্রিকার বৃহত্তম সুদান বিচিত্র আবহাওয়ার একটি দেশ। উত্তরাঞ্চল যেখানে মরুপ্রান্তর, দক্ষিণাঞ্চল সেখানে সবুজ শ্যামলিমায় ঘেরা। ২০১১ সালের ৯ জুলাই এ দেশটি দুভাগে বিভক্ত হয়। একটি হলো মুসলিম-অধ্যুষিত সুদান আর অন্যটি খ্রিষ্টান-অধ্যুষিত দক্ষিণ সুদান। সুদানের খার্তুমে আনমিস (UNMIS) ফোর্স হেডকোয়ার্টার এবং দারফুরে জাতিসংঘ-সহায়তা মিশনের একটি লিয়াজোঁ সেল একই কমপ্লেক্সে অবস্থিত। অর্থাৎ ফোর্স হেডকোয়ার্টারের ৫০০ বর্গমিটারের মধ্যে অনেক অফিস। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদসহ বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেন পদবির সর্বমোট ১৮ জন অফিসার এই মিশন হেডকোয়ার্টারে নিয়োজিত, যা যেকোনো দেশের তুলনায় সংখ্যায় বেশি। অনুভূতি বলার আগে মিশনে আমার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে একটু বলে নিই। আমি তখন মেজর পদবির অফিসার এবং জয়েন্ট অপারেশন সেন্টারের তথ্যবিশ্লেষক হিসেবে কর্তব্যরত ছিলাম। আমার সেকশন চিফ ছিলেন একজন জার্মান লেফটেন্যান্ট কর্নেল। চার দেশের চারজন মেজরের মধ্যে একজনকে সেকশনের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হয়। যা বলছিলাম। সেদিন এপ্রিলের প্রথম দিকের কোনো একদিনের দুপুরবেলা। অফিসে কাজের চাপ একটু কম। ফোন বাজল। তুলতেই ভাঙা ভাঙা ইংরেজিতে শুনলাম, ‘অ্যাম আই টকিং টু মেজর মোহাম্মদ ফ্রম বাংলাদেশ আর্মি?’ আমি হ্যাঁ-সূচক উত্তর দিলাম। অপর প্রান্তের ব্যক্তি আমাকে তাঁর অফিসে যেতে বললেন। এর আগে তাঁর সঙ্গে আমার রাস্তায় সৌজন্যমূলক দু-একটা কথাবার্তা ছাড়া আর কিছুই হয়নি। তিনি ফিলিপাইনের নাগরিক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী। পরিবহন শাখার তিনি প্রধান। আমার অফিস থেকে ৫০ গজ দূরে তাঁর অফিস। আমি চলে গেলাম তাঁর অফিসে। গিয়ে তো আমি অবাক! ওই সেকশনে লাঞ্চ পার্টির মাধ্যমে বিদায় দেওয়া হচ্ছে আমারই কোর্সমেট মেজর আজাদকে, যিনি ওখানে উপপ্রধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। কয়েকজন বাসা থেকে বিভিন্ন খাবার রান্না করে নিয়ে এসেছেন তাঁদের সহকর্মীকে বিদায় জানানোর জন্য। ভদ্রলোক সবার সঙ্গে আমাকে তাঁদের বিদায়ী উপপ্রধানের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিলেন। উপপ্রধানের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং আচার-ব্যবহারে তাঁরা এতটাই মুগ্ধ যে, তাঁরা তাঁদের উপপ্রধানের বন্ধুর কাছে সেই অনুভূতি প্রকাশ করতে চান। আমি আবেগে আপ্লুত হলাম।আরেকটি ঘটনার কথা বলি। এপ্রিল মাসের ১৯ তারিখ, রাত একটা। আমি ঘুমাচ্ছিলাম। কলবেল বাজল। দরজা খুলেই দেখি, আমার সামনে আনমিস ফুয়েল চীফ। তিনি এসেছেন আমার হাউসমেট মেজর সাজ্জাদকে নিয়ে যেতে। তিনি নিজে গাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টে নিয়ে গিয়ে তাঁকে বিদায় জানাতে চান। তিনি বলছিলেন, ‘সাজ্জাদ নোজ ম্যাজিক, হি ইউজড টু সলভ অল প্রবলেমস বাই হিজ ম্যাজিক।’ অনুভব করলাম, আমাদের প্রধান শক্তি পেশাদারির আর সততা, নিষ্ঠা ও প্রাণের লাল-সবুজ রং। অপার সম্ভাবনার আফ্রিকার এই বৃহৎ দেশে বাংলাদেশি সেনা অফিসারের মতো উদ্যমী ও নিষ্ঠাবান বেসামরিক ব্যক্তিরাও কৃষি ও শিল্পসহ যেকোনো খাতে ভূমিকা রেখে সুদানবাসীর হূদয়ে স্থান করে নেবে, পত পত করে উড়বে লাল-সবুজের পতাকা। সেই সঙ্গে কোনো এক বাংলাদেশি পিঠে হাত দিয়ে বলে উঠবেন, ‘শহীদ ভাই, যেখানে মন চায় অফিস অথবা রেস্টুরেন্টে আসুন, এক কাপ চা খেয়ে যাবেন।’ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, পিএসসি, বর্তমানে সেনাসদরে গ্রেড-১ স্টাফ অফিসার হিসেবে কর্মরত।