ছোট পরিসরে বড় আয়োজন
পয়লা বৈশাখ চট্টগ্রাম প্রেসক্লাব সেজেছিল দৃষ্টিনন্দন লোকজ ঐতিহ্যে। শুধু সাজে নয় পুরো আয়োজনে ছিল বাঙালিয়ানা। সংগীতানুষ্ঠান, পিঠা উৎসব, র্যাফেল ড্র ও কথামালায় জমজমাট ছিল ছোট পরিসরের বড় আয়োজনটি। ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘মেতে উঠি উৎসবে বৈশাখী আনন্দে’ শীর্ষক এ অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়।পয়লা বৈশাখের বৃষ্টি উপেক্ষা করে একে একে সপরিবারে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকেন ক্লাবের সদস্যরা। শুরুতেই ছিল পিঠা উৎসব। বর্ণিল সব পিঠার সুন্দর উপস্থাপনা দর্শকদের আনন্দ দিয়েছে। পিঠা উৎসবে বিচারক ছিলেন লেডিস ক্লাবের প্রেসিডেন্ট জিনাত আজম, এনায়েত বাজার মহিলা কলেজের উপাধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়া ও সাংস্কৃতিক সংগঠক রোকেয়া হক। এ পর্ব পরিচালনা করেন ক্লাবের আপ্যায়ন সম্পাদক তাপস বড়ুয়া।বৈশাখী গানে গানে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন মানস পাল চৌধুরী, হৈমন্তী রক্ষিত দাশ, জাহেদ হোসেন, অনামিকা তালুকদার, অনন্যা সেনগুপ্তা, প্রেমসুন্দর বৈষ্ণব, সুস্মিতা চৌধুরী ও লিটন সেন।দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালক (অর্থ) রূপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা জানান। তিনি বলেন, সাংবাদিকেরাই সরকার ও জনগণকে সচেতন করে তোলেন। সব গ্লানি দূর করে নতুন পথে এগিয়ে চলতে এমন উৎসব খুবই উৎসাহব্যঞ্জক। উৎসবের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতির ধারা বহমান রাখতে চট্টগ্রাম প্রেসক্লাবের বর্ণিল এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। জনগণের কল্যাণে সরকারের পথচলায় সাংবাদিকদের সাহসী সহযোগিতা আশা করেন তিনি। রূপম কিশোর বড়ুয়া বলেন, আগে বাংলা বছরের হিসাবে দিনের গোলমাল হতো। এখন আর সেটি নেই। ইংরেজি অধিবর্ষ ছাড়া বাংলা তারিখ হিসাবের মধ্যেই রয়েছে। এ উৎসব বাঙালির হূদয়ে নতুন বছরের জন্য জাগরণ তুলতে উদ্দীপক হিসেবে কাজ করবে। এর আগে সকালে প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘এ বছর সরকারি পৃষ্ঠপোষকতায় সর্বত্র বর্ষবরণ পরিণত হয় উৎসবে। প্রেসক্লাবের এ আয়োজন মূলত সাংবাদিকদের মিলনমেলা। বছরের প্রথম দিনটি আমরা উৎসবের আমেজে আনন্দে কাটাতে চাই। তার জন্যই এ আয়োজন।’ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, অর্থ সম্পাদক স ম ইব্রাহিম এবং অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) জহির উদ্দিন আহমদ। সমাপনী পর্বে ধন্যবাদ বক্তব্য দেন সহসভাপতি খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী।