ছোট পর্দায় বড় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটা কুঁড়েঘর। লালচে মাটির ওপর ঠায় দাঁড়িয়ে একা। ঘরটার মেঝেতে একটু পরপর খাপছাড়া, এলোমেলোভাবে গজিয়ে উঠেছে কিছু ঘাস। বেঢপ আকারের নড়বড়ে ঘরটায় থাকা বিপজ্জনক। এ জায়গাটার চারপাশে গাছগাছালির দেখা মেলা ভার। রবার্ট নেস্টর ঘরের ভেতর থেকে বাইরে এসে দাঁড়ায়। মাথার ওপর মস্ত সূর্য। দারুণ তাপে রবার্টের কপাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে স্বেদবিন্দু। তেষ্টা পায় খুব। সকাল সকাল বের হতে হবে কাজে। চাষবাসের কাজ বড় সহজ নয়। সেই দক্ষিণ লন্ডনের বাসিন্দা। বড় হয়েছেন শহরে। মাটির সঙ্গে তাঁর সম্পর্ক তেমন একটা মধুর নয়। মাটিকে চিনতে তাই এখন করতে হচ্ছে অনেক কসরত। ট্রাক্টরটার ইঞ্জিন চালু করতেই ডাক পড়ে স্ত্রী লিনের। চাকরিজীবী এই মেয়েটি এখন পুরোদস্তুর গৃহিণী। সন্তানের দেখভাল থেকে শুরু করে উঠোন লেপা, সব কাজই করতে হয় তাঁকে। নতুন এই পরিবেশ আর রীতিনীতির সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেননি নিজেকে। দুপুরের খাবার একটা থলেতে বেঁধে লিন তুলে দেন রবার্টের হাতে। চড়া রোদ্দুরের ভেতর কাজ করতে হয় রবার্টকে। দুপুরে বাড়িতে আসার সময় হয় না। তাই খাবারের ঝামেলাটা মাঠে বসেই মেটাতে হয়। লিনকে বিদায় জানিয়ে মাঠের পথ ধরেন রবার্ট। চলতে শুরু করে ট্রাক্টর। ঠিক তখনই কেউ একজন প্রচণ্ড জোরে বলে ওঠে ‘কাট’। ক্যামেরা নিয়ে রবার্টের দিকে ছুটে আসেন নির্দেশক আর ক্রুরা। হাঁফ ছাড়েন রবার্ট। আজকের পর্ব এপিসোড খতম। তবে রেহাই নেই এ যন্ত্রণা থেকে। একটু পরেই মাঠে ছুটতে হবে নতুন পর্বের কাজের জন্য। তার আগে যদি একটু জিরিয়ে নেওয়া যায়, সেটাই বা মন্দ কিসে! দক্ষিণ লন্ডনে বেড়ে উঠেছেন রবার্ট নেস্টর। তিন সন্তান ডেনিয়েল, কোল, ক্যালাম আর স্ত্রী লিনকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। চাকরি আর অবসর সময়ে সন্তানদের নিয়ে কোথাও ঘুরে আসা, এর মাঝেই বন্দী তাঁর আটপৌরে জীবন। নতুন কিছু একটা করার ভাবনা থেকেই চ্যানেল ফোরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ২০০১ সালের দিকে ‘গোয়িং নেটিভ’ নামের একটি রিয়েলিটি শো করার ঘোষণা দেয় চ্যানেলটি। উন্নত বিশ্বের যেকোনো পরিবার অংশগ্রহণ করতে পারবে এ অনুষ্ঠানে। আফ্রিকার সোয়াজিল্যান্ডের একটি গ্রামের দরিদ্র একদল জনগোষ্ঠীর সঙ্গে বসবাস করতে হবে তাদের। দরিদ্র মানুষগুলোর রীতিনীতি মেনে, চাষবাসের মধ্য দিয়ে খাবার জোগাড় করে তাদের সঙ্গেই থাকতে হবে দীর্ঘ তিন মাস। বনে যেতে হবে আফ্রিকার দরিদ্র মানুষগুলোর মতো। যেদিন খাবার জোগাড় হবে না সেদিন থাকতে হবে অনাহারে। উন্নত বিশ্বের কোনো সুযোগ-সুবিধাই পাবে না পরিবারগুলো। যে পরিবার সবচেয়ে ভালোভাবে অল্প সময়ে সবকিছু আয়ত্ত করতে পারবে পুরস্কার হিসেবে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বড় অঙ্কের অর্থ। লোভনীয় এ প্রস্তাব লুফে নিতে দেরি করেনি নেস্টর পরিবার। প্রযোজক ও নির্দেশকের কাছে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে তাড়াহুড়ো করেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিবারটি। অ্যাডভেঞ্চারের লোভে সোয়াজিল্যান্ডে আসা পরিবারটি অংশগ্রহণ করেই পড়ে কঠিন পরীক্ষায়। এ এলাকায় ৬৯ ভাগ মানুষ বসবাস করে দারিদ্র্যসীমার নিচে। ৩৯ ভাগ মানুষ আক্রান্ত দুরারোগ্য ব্যাধি এইচআইভি এইডসে। এর মধ্যে সন্তানদের নিয়ে থাকাটা নিরাপদ নয়। চ্যানেলের শর্ত মেনে অনুষ্ঠান ছেড়েও যাওয়ার নেই কোনো উপায়। অগত্যা মানিয়ে নেওয়ার চেষ্টা করে সবাই। ‘আমরা এখানে এসে পড়ে যাই ভয়াবহ বিপদে। বিদ্যুৎ, পানি, মুঠোফোন, ইন্টারনেট ছাড়া অদ্ভুত এক জীবন শুরু করি সবাই। মানুষের জীবন যে এতটা কষ্টের বুঝিনি আগে।’ নিজেদের দিনগুলো সম্পর্কে এভাবেই বলছিলেন লিন। শৌচাগারের কোনো ব্যবস্থা ছিল না গ্রামটিতে। একটি মাত্র কুয়া থেকে পানি সংগ্রহ করত সবাই। সে পানিও ছিল না বিশুদ্ধ। মেয়েদের ভালো খাবার খাওয়া ছিল নিষিদ্ধ। নতুন জীবনে মানিয়ে নিতে বেগ পেতে হলেও গ্রামের মানুষগুলোর ভালোবাসা পেতে দেরি হয়নি নেস্টর পরিবারের। ভালোবাসার কারণেই মানুষগুলোর জন্য কিছু করার কথা ভাবলেন রবার্ট নেস্টর। আর তাই অনুষ্ঠান শেষ হওয়ার এক বছর পর লন্ডন থেকে তাঁরা ফিরে আসেন আবার গ্রামটিতে। দরিদ্র মানুষগুলোকে সাহায্য করার জন্য শুরু করেন কাজ। প্রথমদিকে নেস্টর নিজের জমানো অল্প কিছু টাকা দিয়ে কেনেন ট্রাক্টর। শুধু চাষবাস নয়, যাতায়াতের জন্যও ব্যবহার করা হতো এগুলো। খোঁজা হয় গ্রামবাসীদের জন্য নতুন নতুন সব উপার্জনের পথ। নজর দেওয়া হয় শস্যের অধিক ফলনের দিকে। মুরগির উন্নত প্রজননব্যবস্থা নিশ্চিতকরণ এবং মেলার আয়োজন করে সেখানে পণ্য বিনিময়ের মাধ্যমে সুন্দর একটি বাজার গড়ে তোলা হয়। রবার্টের তিন সন্তান নেমে পড়ে ধনীদের কাছ থেকে চাঁদা তোলার কাজে। একটা ম্যারাথনে অংশগ্রহণ করে রবার্ট পান পাঁচ হাজার ডলার। সেই অর্থেই ২০০৭ সালের দিকে ৩৭ জন শিক্ষার্থীর জন্য তিন ক্লাসরুমের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসে গুটিকয়েক শিক্ষাপ্রতিষ্ঠান। দেখাশোনার জন্য সোয়াজিল্যান্ডের সরকারের কাছে তুলে দেওয়া হয় বিদ্যালয়টি। এতিম শিশুদের থাকার ব্যবস্থা, খাবার এবং পাঠ্যপুস্তক সরবরাহসহ আরও নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয় বিদ্যালয়টিতে। সেই সঙ্গে চলে পুষ্টিহীনতায় ভোগা শিশু ও তাদের মায়েদের স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের ব্যাপারে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের কাজ। গত দুই বছরে বিদ্যালয়ে সাতটি ক্লাসরুম নির্মাণ করা হয়েছে, যেখানে ১৭০ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারে। বছর শেষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য হিসেবে পাওয়া গেছে আট লাখ ডলার। ফিরতে শুরু করেছে গ্রামবাসীদের দিন। জীবন নিয়ে বড্ড আশাবাদী এখন তারা। জীবিকার টানে লন্ডনেই থাকতে হয় নেস্টর পরিবারকে। তবে তাদের মনটা পড়ে থাকে সোয়াজিল্যান্ডের ছোট্ট গ্রামটায়। ভাঙাচোরা ছোট্ট কুঁড়েঘরটায়। বছরে চারবার আসা হয় এখানে। তবে খুব শিগগিরই পাকাপোক্তভাবে গ্রামটিতে এসে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন রবার্ট নেস্টর। ছোট পর্দায় কাজ করতে এসে দরিদ্র মানুষগুলোকে নিয়ে দেখে ফেলেছেন অনেক স্বপ্ন। আর সে স্বপ্ন পূরণে দারুণ মমতা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তৈরি করে যাচ্ছেন জীবনের সত্যিকারের গল্প। এখানে অ্যাকশন, কাটের ঝামেলা নেই। আছে একদল মানুষের কষ্ট আর কঠোর পরিশ্রম শেষে ভালোবাসায় মাখানো আবেগ। নিজের ওপর বিশ্বাস থাকলে সে আবেগের জোরে যাওয়া যায় অনেক অনেক দূর। সত্যি করে ফেলা যায় কঠিন সব স্বপ্ন...। রিডার্স ডাইজেস্ট অবলম্বনেকিঙ্কর আহ্সান