
সবার গায়ে হলুদ জার্সি, হাফ প্যান্ট। কাঁধে ব্যাগ। গন্তব্য টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দলে ভাগ হয়ে ফুটবল নিয়ে মাঠে নেমেছে। তাদের সঙ্গে মাঠে আছেন বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ ইলিয়াছ। মুঠোফোনে তিনি খেলোয়াড়দের বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার খেলার একটি ভিডিও দৃশ্য দেখালেন। তারপর শুরু হয় অনুশীলন।
টৈটং কক্সবাজারের পেকুয়া উপজেলার সীমান্তবর্তী একটি ইউনিয়ন। একটু উত্তরেই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শুরু। এ ইউনিয়নের এক-তৃতীয়াংশ এলাকা পাহাড়ি জনপদ। নানা দিক থেকে পিছিয়ে থাকা এই পাহাড়ি জনপদের শিশুরা সারা দেশে তাক লাগিয়ে দিয়েছে ফুটবল খেলে। পেকুয়ার মানুষজনও তাদের নিয়ে উচ্ছ্বসিত। ২ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬–এর চ্যাম্পিয়ন হয়েছে টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুদে ফুটবলারদের ‘ছোট বীর’ উপাধি দিয়ে ৪ মার্চ সকালে বরণ করে নেয় পেকুয়াবাসী। ঢাকা থেকে পেকুয়ার কাছাকাছি এসে পৌঁছালে তিন শতাধিক গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদের স্বাগত জানায়। পরে পেকুয়া চৌমুহনী মোড়ে পেকুয়াবাসীর ব্যানারে সংবর্ধনা দেওয়া হয় দলটিকে।
খুদে ফুটবলারদের প্রিয় শিক্ষক মুহাম্মদ ইলিয়াছ। ২০১২ সালের সেপ্টেম্বরে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১১ জন শিক্ষকের মধ্য সবচেয়ে তরুণ তিনি। নিজে নামী কোনো ফুটবল খেলোয়াড় না হলেও নিয়মিত ফুটবল খেলেন। তিনি নিজেই দায়িত্ব নেন খেলোয়াড়দের অনুশীলন করানোর। ইলিয়াছ বলেন, খেলার প্রতি তাঁর আগ্রহ বেশি। তাঁর ছাত্ররা একদিন জাতীয় দলে খেলবে, এটিই তাঁর আশা।
সাফল্যের উচ্ছ্বাসে ভাসছে গোটা পেকুয়া উপজেলা। কিন্তু এই সাফল্য একেবারে অভাবনীয় ছিল না। এর আগে উপজেলার দুটি বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের জাতীয় পর্যায়ের খেলায় সাফল্য পেয়েছিল। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে ২০১৪ সালে রানার্সআপ হয় রাজাখালীর ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুটি আসরে পেকুয়ার দুটি বিদ্যালয়ের সাফল্য অনুপ্রেরণা জোগায় টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ ইলিয়াছকে। তিনি তাঁর বিদ্যালয়ের ৫০ শিশুকে বাছাই করে ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করেন অনুশীলন।
মুহাম্মদ ইলিয়াছ বলেন, ‘রাজাখালীর দুটি বিদ্যালয় পেরেছে, আমরাও পারব—এই আত্মবিশ্বাস সম্বল করে ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করি অনুশীলন। আত্মবিশ্বাসের পাশাপাশি সেটিকে জেদও বলতে পারেন। অনুশীলনে খেলোয়াড়দের উন্নতি আশাবাদী করে তোলে আমাকে। ২০১৬ সালের মে মাসে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে ইউনিয়ন চ্যাম্পিয়ন হলে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।’

মুহাম্মদ ইলিয়াছ আরও বলেন, ‘২০১৬ সালের আগে একবারও বিদ্যালয়টি বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে ইউনিয়নের গণ্ডি পেরোতে পারেনি। কিন্তু ২০১৬ আসরে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় শিরোপাও পায়। প্রথমবারেই আমরা দেশসেরা!’
বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, এলাকাবাসী এমনকি প্রবাসীরাও এইবিজয়ে অবদান রেখেছেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। তিনি বলেন, ২০১৬ সালের মে মাসে বৃষ্টি হলে বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে যায়। তখন অনুশীলনের পথ বন্ধ হয়ে যায়। এ সময় জনপ্রতিনিধি ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহায়তায়। তাদের আর্থিক খরচ ও অনুপ্রেরণায় দেড় কিলোমিটার দূরে বটতলী খেলার মাঠে শুরু হয় খেলোয়াড়দের অনুশীলন। এলাকার লোকজন এবং প্রবাসীরাও অনুশীলনের খরচ জুগিয়েছেন।
টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়দের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে খেলা চালিয়ে যাচ্ছে তারা। দলটির অধিনায়ক মিনার উদ্দিনের স্বপ্ন অনেক দূর যাওয়ার। মিনার বলে, নক আউট পদ্ধতির খেলা হওয়ায় আসরের ১৬টি ম্যাচের সব কটিতে জিততে হয়েছে তাদের। তার ধারণা, সঠিক পরিচর্যা ও ভালো প্রশিক্ষণ পেলে এই দলের অন্তত ১০ জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৪ দলে খেলার সুযোগ পাবে।
টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের অনেক খেলোয়াড়ই এই টুর্নামেন্টে প্রতিভার দ্যুতি ছড়িয়েছে। ইউনিয়ন পর্যায়ে সেরা খেলোয়াড় হয় মো. হাসান ও সেরা গোলদাতা হয় আবদুল মান্নান। ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ম্যাচে সেরা গোলদাতা মিনার উদ্দিন ও সেরা খেলোয়াড় আবু হানিফ।
আর্থিক সচ্ছলতা নেই খেলোয়াড়দের
দলের মধ্যমাঠের খেলোয়াড় চতুর্থ শ্রেণির ছাত্র মো. ইলিয়াছ বিদ্যালয়ে পড়ার পাশাপাশি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। বাবা রশিদ আহমদ অল্প পুঁজি নিয়ে শুঁটকির ব্যবসা করেন। সপ্তাহে তিন-চার দিন ক্লাস করে সে। বাকি দিনগুলোতে তাকে কাজ করতে হয়। ষষ্ঠ শ্রেণির ছাত্র মধ্যমাঠের আরেক খেলোয়াড় আবদুল মান্নানের বাবা আবদুল আজিজ রিকশা চালান। অত্যন্ত কষ্টে সংসার চলে তাদের। একই অবস্থা কৃষক পিতার সন্তান ইউনিয়ন পর্যায়ের সেরা খেলোয়াড় মো. হাসানের। তাঁর মতো মো. আরাফাত, আসহাব উদ্দিন, জাহেদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, নাজেম উদ্দিন, মিনার হোসেন, কফিল উদ্দিনের পরিবারেও একই হাল। তাদের কারও বাবা কৃষক, কারও বাবা শ্রমিক আর কারও বাবা ছোট ব্যবসায়ী। তবু সবার স্বপ্ন একদিন জাতীয় পর্যায়ে খেলবে তারা।
খুদে ফুটবলারদের লেখাপড়া যাতে বন্ধ না হয়, তারা যাতে খেলা চালিয়ে যেতে পারে টৈটংয়ের বাসিন্দারা সেটাই চায় এখন মনেপ্রাণে। জানতে চাইলে টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশু খেলোয়াড়দের পড়ালেখা যাতে বন্ধ হয়ে না যায়, সেদিকে দৃষ্টি থাকবে। তিনি খেলোয়াড়দের সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত আছেন বলেও জানান।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, খেলোয়াড়দের প্রশিক্ষণ অব্যাহত রাখতে টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের উদ্যোগ নেওয়া হবে। তা ছাড়া ২০১৪–এর রানার্সআপ, ২০১৫–এর চ্যাম্পিয়ন ও ২০১৬–এর চ্যাম্পিয়নদের উৎসাহিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৬ মার্চ সংবর্ধনা দেওয়া হবে।