ছোট বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট বোনের যখন জন্ম হয়, আমার বয়স তখন সাত। জন্ম তারিখের ব্যাপারে ছোট বোনের সঙ্গে সামান্য একটু মিল আমার আছে। দুজনেরই জন্ম তারিখ ২৩। ছোট বোন জন্মের আগে আমরা দুই ভাইবোন ছিলাম। বাসায় আমাদের সঙ্গে এক ফুফাতো বোনও থাকতেন; মা-বাবার অনুপস্থিতিতে যিনি আমাদের আগলে রাখতেন। সেই ফুফাতো বোনের নাম নূরজাহান। খেপানোর জন্য আমরা ‘হুর জাহান’ বলে ডাকতাম। খেপানোর জন্য অবশ্য ‘মোজার আপু’ বলেও ডাকতাম। মোজার আপু নামের পেছনের ইতিহাস অন্য। মোজার আপুকে খেপিয়ে আনন্দ পাওয়ার সমূহ কারণ ছিল। কারণ, তিনি নিজেও আমাদের দুই ভাইবোনকে খেপানোর চেষ্টায় থাকতেন। এক রাতে তিনজন খেতে বসেছি। মোজার আপু হঠাৎ বললেন, ‘তোদের জন্য নতুন বাবু আনা হবে।’ নতুন বাবু আনা হবে বিষয়টি কী, সেটি আমরা দুজন তাঁর কাছ থেকে জানতে চাইলাম। তিনি যেটি বোঝালেন তা হচ্ছে, আমাদের দুই ভাইবোনকে যেমন করে কিনে আনা হয়েছে, তেমনিভাবে নতুন আরেকটি বাবু কিনে আনা হবে। কিনে আনার ব্যাপারটিতে কষ্ট পেলেও সাত বছর বয়সে সেটি বিশ্বাস করতে বিশেষ কষ্ট হলো না। বরং নতুন বাবুটি ভাই হবে নাকি বোন হবে, সেটি জানতে চাইলাম। আপু জানালেন, নতুন বাবুটি ভাই হওয়ার সম্ভাবনা। একটি ভাই জুটে যাওয়া মানে খেলার সঙ্গী জুটে যাওয়া। তাই ভাই হবে শুনে যথেষ্ট উদ্বেলিত হলাম। ভাই আনা হচ্ছে—এ বিষয়ে সংশয়মুক্ত হয়ে নানা কল্পনাও শুরু করে দিলাম। যেদিন আমার ছোট বোনের জন্ম হলো, সেই সকালের কথা। সকালে ঘুম থেকে উঠে হতভম্ব। ঘরময় মানুষ। বেশির ভাগই নারী। ঘটনা কী, সেটি জানার জন্য আশপাশে কাউকে খুঁজেও পাচ্ছি না। বাবাকে দেখা গেল বসার ঘরের খাটে আধাশোয়া হয়ে আছেন। বাবার রাগ সম্পর্কে ভালো ধারণা ছিল। তাই বাবাকে প্রশ্ন করার প্রশ্নই ওঠে না! কিন্তু দেখা গেল, বাবার চেহারায় অন্য একরকম ভাব; যে রকম ভাব থাকলে সাহস সঞ্চয় করে একটি প্রশ্ন করে ফেলা যায়। তাই সাহস করে বাবাকে জিজ্ঞেস করে ফেললাম। বাবা জানালেন, আমার জন্য নতুন বোন আনা হয়েছে। অথচ বোন আনার কথা ছিল না। ভাই আনা হবে, সে রকম আশ্বাস দেওয়া হয়েছিল। এর মধ্যে মোজার আপু এসে নাশতা করালেন। খোঁচা দিতেই হয়তো বা বললেন, ‘খুব তো ভাই ভাই করছিলি। শেষমেশ তোর কপালে একটি বোন জুটল। শুনে ঘাড় গোজ করে রইলাম। খানিক বাদে বোনকে দেখতে গিয়ে দেখতে পেলাম না, বরং ধমক খেলাম। তাতে মনটা আরও খারাপ হলো। রাগ করে ঘর থেকে বের হতে গিয়ে ছোট খালার সঙ্গে দেখা হলো। ছোট খালা ও মোজার আপুর বয়স কাছাকাছি হওয়ায় দুজন পরস্পরের ছায়ার মতো ছিল। ছোট খালাও হাসিমুখে জানালেন, আমার বোন হয়েছে। ছোট খালাকে হাসতে দেখে রাগ হলো। রাগ করে ঘর থেকে বের হয়ে দুপুর পর্যন্ত পাড়ার ছেলেদের সঙ্গে টইটই করে ঘুরে বেড়ালাম। ভাই না হওয়ায় মনের মধ্যে রাগ ছিল। সে রাগকে হয়তো বা ছোটবেলার খেয়ালও বলা যায়। আবার মায়াও হচ্ছিল। ঘোরাঘুরি করে বাড়ি ফিরলাম। ঘরে ঢুকে দেখি, নতুন বোনকে ঘিরে অনেকেই বসে আছেন। মোজার আপু ও ছোট খালাও আছেন। কাছে গিয়ে দেখি, খাটে কোনো বোন শুয়ে নেই। কক্ষ আলো করে যে শিশুটি শুয়ে আছে সে ছেলে। অবাক হয়ে খালা ও আপুর দিকে তাকিয়ে দেখি দুজনই মিটমিট করে হাসছেন।তানভীর হোসেন