ছোট ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমরা ছিলাম দুই বোন। কোনো ভাই ছিল না। এ নিয়ে আমার ছোট বোনের মাঝেমধ্যে মন খারাপ হলেও আমার কোনো মাথাব্যথা ছিল না। মোটামুটি খুশিই ছিলাম ভাই না থাকায়। একদিন গিয়েছি গ্রামের বাড়ি বিক্রমপুরে। খেলতে খেলতে আমরা মাটি কেটে স্তূপ করে রাখা এক টিলার ওপর উঠে পড়লাম। আমি ছিলাম সেখানে সবার বড়। তাই নেতাগিরি ফলাতে বেশ ভালোই লাগছিল। এমন সময় হঠাৎ আমার চাচাতো ভাই সাগর তার ছোট বোনকে দিল এক ধমক। ধমক খেয়ে বেচারি রেগে গিয়ে টিলার ওপর থেকে নেমে হনহন করে হাঁটা শুরু করল। একা একা। তখন সন্ধ্যা প্রায় নেমে এসেছে। অভিমানী বোনটি হাঁটতে হাঁটতে চলে গেল বড় শেওড়াগাছের দিকে। কাছেই চিতা। আমরা তো ভয়ে অস্থির। আমি সাগরকে বললাম, এই ভরসন্ধ্যায় ও যদি ভূত-পেতনির পাল্লায় পড়ে...! শুনেই সাগর এক মুহূর্ত দেরি না করে দিল এক দৌড়। একছুটে সে চলে গেল বোনের কাছে। বোনকে কোলে তুলে নিল। ততক্ষণে আমরা সবাই সেখানে পৌঁছে গেছি। দেখলাম, সাগরের চোখে পানি আর মুখে বিশ্বজয়ের হাসি। সেদিনই প্রথম ভাই না-থাকার দুঃখটা অনুভব করলাম। সেদিন হয়তো মনের অজান্তে খোদার কাছে একটি ভাইয়ের আবদার করছিলাম। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমরা এখন দুই বোন এক ভাই। ভাইয়ের নাম আলিফ। ও এখন কেজিতে পড়ে। ওর যন্ত্রণায় আমরা দুই বোন অস্থির। তবু ওর এই উপস্থিতিই আমাদের জানান দেয়, ও না থাকলে আমাদের জীবনটাই পানসে হয়ে যেত। জয়িতা জামাল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক