ছোট মাথায় বড় চিন্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুই খুদে বিজ্ঞানীর উদ্ভা​িবত রোবট ট্রাফিক পুলিশ প্রকল্প।  সেন্ট প্ল্যাসিডস হাইস্কুলে আয়োজিত বিজ্ঞান মেলায় তাদের স্টলের সামনে দর্শকদের ভিড় l জুয়েল শীল
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুই খুদে বিজ্ঞানীর উদ্ভা​িবত রোবট ট্রাফিক পুলিশ প্রকল্প। সেন্ট প্ল্যাসিডস হাইস্কুলে আয়োজিত বিজ্ঞান মেলায় তাদের স্টলের সামনে দর্শকদের ভিড় l জুয়েল শীল

ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়েছে মানুষ। মানুষগুলোর কাছে খাদ্য-পানীয় পাঠানো তো দূরের কথা, তাদের অবস্থানই চিহ্নিত করা যাচ্ছে না। এমন দুর্যোগে পথ দেখাবে ছোট্ট রোবট। শুধু তা নয়, আগুন লাগলে এটি স্বয়ংক্রিয়ভাবে সতর্কসংকেত দেবে। তা ছাড়া নিজ উদ্যোগে গাছের গোড়ায় পানিও দিতে পারে সে। আর একটু বাড়তি প্রযুক্তির মিশেল ঘটালে মানুষের সঙ্গে কথাও বলবে এটি।
কল্পবিজ্ঞান নয়, নয় কোনো গল্প। এমন কাজ করার ক্ষমতাসম্পন্ন রোবট উদ্ভাবন করেছে সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তারিক আমিন চৌধুরী, এলেক্স এলবার্ট ও সালাহ উদ্দিন।
১৯ থেকে ২১ মার্চ নগরের সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ে বসেছিল বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আসর। সেই মেলায় দেখা গেছে শিশু-কিশোরদের নানা প্রযুক্তির এই চিত্র।
তারিক আমিন চৌধুরী, এলেক্স এলবার্ট ও সালাহ উদ্দিনের কাছে উদ্ভাবনের ব্যাপারে জানতে চাইলে বলল, ‘রানা প্লাজায় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের দুঃসহ স্মৃতি মনে করেই এই রোবট বানানোর চেষ্টা আমাদের। আমরা এখানে ছোটখাটো প্রযুক্তি ব্যবহার করেছি। শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করা গেলে এটি পরিপূর্ণভাবে কাজ করবে। মোবাইলের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে।’ স্কুল বিভাগে প্রথম হয়েছে তাদের উদ্ভাবিত এই প্রযুক্তি।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় ৩১টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীর তৈরি করা ৪১৬টি প্রকল্প স্থান পায়। মেলায় সার্বিক সহযোগিতা করে সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ।
মেলায় নজরকাড়া ছিল আরও অনেক প্রকল্প। সেন্ট প্ল্যাসিডস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র দেওয়ান মুহতাসিন আহমেদ ও তকী ইয়াছির প্রদর্শন করেছে লেবু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি। এই দুই খুদে শিক্ষার্থী বলে, ‘প্রথমে সারি সারি করে রাখা প্রতিটি লেবুর সঙ্গে একটি করে তামার পয়সা ও একটি পেরেক সংযুক্ত করতে হবে। তারপর প্রতিটির সঙ্গে একটি করে বৈদ্যুতিক তার যুক্ত থাকবে। লেবুর দুই পাশের দুটি তার আলাদাভাবে বের করে বাতির সঙ্গে লাগাতে হবে। সব তার সংযুক্ত হলেই বাতিটি জ্বলে উঠবে।’
নাগরিক জীবনে অভিযোগ রয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর কারণে প্রচুর বিদ্যুৎ অপচয় হচ্ছে। এই সমস্যার সমাধান পাওয়া গেল বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে। ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ত্রিতম পূর্ণা নন্দী, আনিকা রেজা ও মাহবুবা জামান বাতলে দিয়েছে সৌরবিদ্যুতে রিকশা চলার প্রযুক্তি। তারা বলল, রিকশার সুবিধামতো স্থানে একটি কাচের পাত স্থাপন করা হবে, যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ সংগ্রহ করবে। আর এই বিদ্যুতেই ছুটবে রিকশা।

সেন্ট প্ল্যাসিডস হাইস্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প
সেন্ট প্ল্যাসিডস হাইস্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প


এ তো গেল ছোটদের প্রকল্প। এবার আসা যাক বড়দের কাছে। কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী পেমিলাতুল হাসান ও নূরী হুসনুম চৌধুরী উদ্ভাবন করেছে আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের কৌশল।
তারা জানায়, এক পুঁটলি আবর্জনা থেকে প্রতিদিন যে বায়োগ্যাস তৈরি হবে, তা দিয়ে এক পরিবারের একদিনের রান্না হয়ে যাবে। আগুনের চাপ কমলেই নতুন করে আবর্জনা পুঁটলিতে ভরে দিলেই হবে। কচুরিপানা থেকে হার্বাল শ্যাম্পু বানালেন একই কলেজের শিক্ষার্থী মর্জিনা সুলেমান।
এদিকে সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের নাফিসা তাবাসসুম ও নিশাত লায়লার উদ্ভাবনে বেরিয়ে এল স্বয়ংক্রিয়ভাবে দিনের আলো ফোটার আগেই বাতি বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি। মেলায় এ রকম চমকপ্রদ নানা প্রযুক্তি দেখা গেছে।
সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা বলেন, ‘শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি যে ভালোবাসা তা সত্যিই অসাধারণ। তাদের ভাবনাও অনেক উন্নত। এই মেলার মাধ্যমে আমরা নতুন প্রযুক্তিও দেখতে পেলাম।’