ছোট যন্ত্রের বন্ধু মেমরিসটর
সময়ের সঙ্গে সঙ্গে কম্পিউটারের আকার ছোট হয়ে আসছে। আর এটি সম্ভব হচ্ছে কম্পিউটারের মধ্যে থাকা চিপের আকার ছোট হয়ে আসার কারণে। ছোট হচ্ছে, তবে শক্তি কমছে না। প্রতিনিয়তই বাড়ছে কম্পিউটারের শক্তি। বেশ কয়েক বছর ধরেই কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপির (হিউলেট পেকার্ড) গবেষকেরা ‘মেমরিসটর’ নামের নতুন ধরনের চিপ নিয়ে কাজ করছেন। তবে এ ব্যাপারে তাঁরা সাফল্য অর্জন করেছেন এ বছরে। সম্প্রতি মেমরিসটর লজিক চিপ তৈরির ঘোষণা দিয়েছেন তাঁরা। এইচপির গবেষকেরা নতুন স্থাপত্য তৈরির ক্ষেত্রে একটি চিপ তৈরি করেছেন, যাঁর মধ্যে একাধিক মেমরিসটর একটি মাত্র চিপের মধ্যে এঁটে যায়। এই চিপের মাধ্যমে তৈরি কম্পিউটারের মতো কাজ করে এমন যন্ত্র এখনকার যেকোনো যন্ত্রের চেয়ে অন্তত ১০ গুণ দ্রুত কাজ করতে পারবে। এই মেমরিসটরের মূল ধারণার জনক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়ন চাও।মেমরিসটর মূলত এক ধরনের রেজিস্ট্যান্স (রোধ), যার মধ্যে মেমোরি বা স্মৃতি ধারণ করার ক্ষমতা রয়েছে। এর বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটি যন্ত্র বন্ধ করার সময় যে অবস্থায় বা যে লজিকে থাকে, সেটিকে পুনরায় চালু করা হলেও সেই একই অবস্থায় থাকে। একটি আর্দশ মেমরিসটর দুই টারমিনাল বিশিষ্ট ডিভাইস। টারমিনালটিকে একটি পানির নলের সঙ্গে তুলনা করা যায়। যখন নলের একদিক দিয়ে পানি প্রবাহিত হয়, পানিপ্রবাহের সঙ্গে সঙ্গে এটির আকার পরিবর্তন হয়। যদি একপাশ দিয়ে পানি প্রবাহ অনেক বেড়ে যায়, তবে নলের আকারও প্রবাহের সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, আবার নলের অপর পাশ দিয়ে পানি প্রবাহিত হলে সেটির আকার ছোট হয়ে যাবে এবং পানিপ্রবাহ কমে যাবে। যে অবস্থায় পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে, আবার পাত্রটিতে পানিপ্রবাহ শুরু করা হলে শেষের অবস্থা থেকে শুরু হবে। মেমরিসটরের ব্যাপারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে—এর ক্ষমতা ও শক্তি যে ডিভাইসে ব্যবহার করা হবে তার আকারের বিপরীতভাবে পরিবর্তন হয়। অর্থাত্ যে যন্ত্রে মেমরিসটর ব্যবহার করা হবে, তার আকার যত ছোট হবে, মেমরিসটরের ক্ষমতা ও শক্তি তত বেশি হবে। মেমরিসটরের এ বৈশিষ্ট্যই চিপ নির্মাতাদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। গবেষকদের মতে, মেমরিসটরের এ বৈশিষ্ট্য গর্ডন মুরের দেওয়া তত্ত্বকে ‘প্রতি দুই বছর অন্তর অন্তর কম্পিউটারের শক্তি দ্বিগুণ হয়ে যাবে’ পুরোপুরি সমর্থন করে। মেমরিসটরের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি বর্তমানে ব্যবহূত সলিড স্টেট প্রযুক্তি যেমন, একই আকারের ফ্লেশ মেমোরির তুলনায় প্রায় দ্বিগুণ তথ্য সংরক্ষণ করতে পারে, মেমরিসটরের স্থায়িত্ব অনেক বেশি এবং এটি কোনো বিকিরণের কারণে নষ্ট হয় না, যা ফ্ল্যাশ মেমোরির একটি বড় দুর্বলতা। এ ছাড়া এর তথ্য ধারণক্ষমতাও অনেক বেশি।