
সাদা-কালোর মিশ্রণে তৈরি আঁকাবাঁকা পথ। এই পথেই ছুটছে গাড়ি। স্বল্প সময়ে পথের শেষ প্রান্তে পৌঁছাতে পারলেই বিজয়ী। মজার ব্যাপার হলো, গাড়িগুলো চালকবিহীন। তবে চালকবিহীন গাড়িটিও অবিশ্বাস্যভাবে বাঁক নিচ্ছে! কারণ, এগুলো সাধারণ কোনো গাড়ি নয়, ছোট রোবট। ৮ নভেম্বর ছোট রোবটদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে। তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিল রোবটিকস ক্লাব। ‘রোবো স্প্রিন্ট ২০১৩’ শিরোনামের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি নয়টি রোবট।
সকাল থেকেই বিভিন্ন রাউন্ডে ধাপে ধাপে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মুনিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক অনিল কান্তি ধর। তিনি বলেন, ‘বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির। মানুষ আজকাল নিজের কাজ রোবটের মাধ্যমে করায়। এই আয়োজন ভবিষ্যতের বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করি’।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘রোবট সাইবার’ এবং রানার্সআপ হয় ‘রোবট স্লো জিনিয়াস’। অংশ নেওয়া অন্য রোবটগুলো হলো ‘মাস্ক’, ‘এস এম আই,’ ‘প্রো-০০৫,’ ‘৩ গ্লোরিয়াস,’ ‘টর্নেডো,’ ‘এসএ-২’ ও ‘রোবট ইনকমপ্লিট’।