ছোট স্কার্ফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিনিয়ত ফ্যাশনে যোগ হচ্ছে নতুন মাত্রা। এই তো কয়েক দিন আগেও ছিল খাটো কামিজের চল। সম্প্রতি সেই জায়গাটা দখল করেছে লম্বা কামিজ। তবে তরুণীদের পছন্দের তালিকা করলে এখনো উঠে আসবে বাহারি ফতুয়ার নাম। কেউবা ফতুয়ার সঙ্গে জিনস পরতে পছন্দ করেন, আবার কারও বা পছন্দ স্কার্ট। তবে জিনস বা স্কার্টের সঙ্গে টি-শার্ট ব্যবহারের চলনটাও অনেক। সেই ফতুয়া বা টি-শার্টের সঙ্গে নতুন মাত্রা আনতে এখন অনেকেই ব্যবহার করছেন ছোট ছোট ওড়না।স্কার্ফ ওড়না নামেই এগুলো বেশি পরিচিত বিক্রেতা বা তরুণীদের কাছে, যাঁরা ফতুয়ার সঙ্গে ওড়না ব্যবহার করে নিজেকে করে তুলতে চান আরও অনন্য, তাঁরা অনায়াসেই এই স্কার্ফ ওড়না রাখতে পারেন নিজেদের শপিং তালিকায়। বাজারে পাবেন বিভিন্ন ধরনের স্কার্ফ ওড়না। চাইলে প্রস্থে ছোট কিন্তু লম্বায় বড় ওড়নাও কিনতে পারেন। আবার যদি চান, তবে লম্বায় ও প্রস্থে দুই দিকেই ছোট ওড়না নিতে পারেন। এসব ওড়না যেকোনো ধরনের ফতুয়া বা কুর্তার সঙ্গে মানিয়ে যাবে দারুণ। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের কাপড়ই বাংলায় গেলে পাবেন মনমতো স্কার্ফ। চাইলে সুতির সাদামাটা ছোট ওড়না নিতে পারেন আবার কুচি দেওয়া ওড়নাও নিতে পারবেন এখান থেকে। ফ্যাশন হাউস ‘বিসর্গ’তে গেলে পাবেন আরও কিছু নতুন ধরনের স্কার্ফ ওড়না। বিসর্গের বিক্রয়কর্মী সোনিয়া বলেন, ‘আজকাল অনেকেই ফতুয়া বা টি-শার্টের সঙ্গে ব্যবহার করার জন্য খোঁজেন এসব ছোট ওড়না। আমাদের এখানে যেসব ছোট ওড়না পাওয়া যায়, সেগুলোর কোনোটা দেশি আবার কোনোটা বাইরে থেকে আনা। নেটের কাজ করা, ক্রেপের ছোট ওড়না, সুতির সঙ্গে জরির কাজ করা আবার মিশ্র কাপড়ে জরির কাজ করা ওড়নাও পাবেন। আর এসব পাবেন ২০০ থেকে ৪০০ টাকার মধ্যেই।’ ফ্যাশন হাউস প্রবর্তনায় পাবেন আরও কিছু সুন্দর স্কার্ফ। সেখানে মূলত দুই ধরনের ওড়না পাওয়া যায়, যার একটি হলো ভেষজ, অন্যটি রাসায়নিক রঙের। এখানকার কর্মী জুয়েল জানান, ক্রেতাদের কাছে প্রাকৃতিক রঙের স্কার্ফের কদর বেশি। যদি ক্রেতার পোশাকের সঙ্গে মিলে যায়, তবে তাঁরা এই প্রাকৃতিক রঙের স্কার্ফ কিনে নেন। এখানে আপনি এই দুই ধরনের রঙেরই সুতি ও সিল্ক স্কার্ফ পাবেন। পাবেন সুতির কাপড়ের মধ্যে হাতে শিবোরি (সুতার বাঁধনে রং করা এক রকম নকশা) করা স্কার্ফ। যদিও সুতিরটা পরতেই বেশি আরামদায়ক বলে মনে করা হয়, তবে ক্রেতাদের কাছে সিল্কের স্কার্ফ ওড়নারই চাহিদাও বেশ। প্রবর্তনায় ভেষজ রঙের ওড়না পাবেন ৪০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। আর রাসায়নিক রঙের ওড়নাগুলোর জন্য দিতে হবে ৫০০ থেকে ১০০০ টাকা। গাউছিয়া মার্কেট থেকেও কিনে নিতে পারেন মনমতো স্কার্ফ ওড়না। সেখানে দাম পড়বে ১০০ থেকে ৩০০ টাকা। তো হয়ে গেল বাহারি ফতুয়া আর জিনসের সঙ্গে ছোট্ট স্কার্ফের অনুষঙ্গ। ফ্যাশন আর পছন্দের বেশ শক্ত যুগলবন্দী।