ছোট হয়ে আসছে পৃথিবী, ক্রিকেটপদক্ষেপ নেওয়ার এখনই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি সেরা নাকি রোনালদো—এ নিয়ে ভালোই বিতর্ক আছে। তবে পৃথিবী যে দিন দিন ছোট হয়ে আসছে, এ ব্যাপারে কোনো বিতর্ক নেই। নায়িকার পোশাক থেকে শুরু করে ক্রিকেট—সব ক্ষেত্রেই চলছে সংক্ষিপ্তকরণের যুগ। আমাদের নায়িকাদের অবস্থা তো ভালো না, ক্রিকেটের অবস্থা মোটামুটি ভালোই আছে। তাই ক্রিকেটের কথাই ভাবুন। আগে ক্রিকেট ম্যাচ হতো টিভি চ্যানেলের ঈদের অনুষ্ঠানের মতো; পাঁচ দিনব্যাপী। এখনো হয়, তবে তার সঙ্গে আরও যুক্ত হয়েছে এক দিনের ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেট ইত্যাদি। বর্তমানে শ্রীলঙ্কায় চলছে ক্রিকেটের একেবারে ছোট সংস্করণ টি-টোয়েন্টির বিশ্বকাপ। আমাদের ছোট দেশটাও বিশ্বকাপ খেলছে। কিন্তু ছোট দেশ হলে কী হবে? আমাদের চিন্তাভাবনা মোটেই ছোট নয়। টিভির মেগা সিরিয়ালের শেষ থাকলেও বিশ্বকাপ নিয়ে আমাদের চিন্তাভাবনার কোনো শেষ নেই। তবে এত এত চিন্তাভাবনার মাঝে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছেই না। প্রতিনিয়ত ছোট হতে থাকলে ভবিষ্যতে ক্রিকেটের হবেটা কী? অবশ্য পৃথিবীর মানুষই দিন দিন ছোট হয়ে যাচ্ছে, খেলা তো ছোট হবেই। টেস্ট থেকে ৫০ ওভার, এরপর ২০ ওভার। তারপর ক্রিকেট আরও ছোট হয়ে ১০ কিংবা ৫ ওভারে চলে এলে কী হবে, তা নিয়ে কারোরই মাথাব্যথা নেই। মানুষের সময় এভাবে কমতে থাকলে একসময় দেখা যাবে, ক্রিকেট শুধু টসে সীমাবদ্ধ হয়ে গেছে। টস জিতলেই খেলা শেষ; ম্যাচ জেতা হয়ে যাবে। এ বিষয়টা মাথায় রেখে কর্তৃপক্ষের উচিত, এখন থেকেই নতুন প্রজন্মকে টস করার ব্যাপারে দক্ষ করে তোলা। ভবিষ্যতের শুরু এখানেই। তবে ক্রিকেটে ওভার কমছে, সুন্দরবনের বাঘ কমছে, নদীর পানি, গভীরতা—সব কমছে; অথচ অন্যায়, অবিচার, দুর্নীতি—এসব একেবারেই কমছে না। এটা খুবই দুঃখের ব্যাপার। সবকিছু ছোট হতে থাকায় কর্তৃপক্ষ হয়তো বিষয়গুলোকে খুব ছোট করে দেখছে। কে জানে, হয়তো দেখছেও না। তবে সবকিছু ছোট হলেও আইফোন ফাইভ কিন্তু আগের চেয়ে বড়ই হয়েছে। তাই আশা করি, কর্তৃপক্ষও এ ব্যাপারগুলো ছোট করে না দেখে বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে উপযুক্ত পদক্ষেপ নেবে। এ জিনিসগুলো কমাতে পারলে আমাদের ছোট দেশটার সম্মান অনেক বেড়ে যাবে। যা-ই হোক, ছোট হওয়ার যুগে রসকীয় এত বড় করে কোনো লাভ আছে? লাভ নেই। অতএব, লেখা এখানেই শেষ। বিদায়!