ছোট হয়ে গেছে বুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধগ্রহটি ৪,৮৮০ কিলোমিটার প্রশস্ত এবং এর অভ্যন্তরভাগের বেশির ভাগেই আছে লোহা। ছবি: বিবিসি
বুধগ্রহটি ৪,৮৮০ কিলোমিটার প্রশস্ত এবং এর অভ্যন্তরভাগের বেশির ভাগেই আছে লোহা। ছবি: বিবিসি

সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ সৃষ্টির সময় থেকেই ধীরে ধীরে ছোট হয়ে আসছে। আগে যতটা ভাবা হতো, বাস্তবে তার চেয়েও অনেক বেশি কমেছে এর পরিধি। প্রায় ৪০০ কোটি বছর ধরে চলছে এই ছোট হয়ে আসার প্রক্রিয়া। সাম্প্রতিক এক গবেষণা থেকে বিজ্ঞানীরা দাবি করেছেন, শুরুর সময় থেকে এখন পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার কমেছে সৌরজগতের সবচেয়ে ভেতরের এই গ্রহটি। বিবিসি এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান ‘মেসেঞ্জার’ থেকে পাঠানো তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়। ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউশনের পল কে বার্নি এবং ক্রিস্টিয়ান ক্লিমস্যাক গবেষক দলটির নেতৃত্ব দেন। নেচার জিওসায়েন্স সাময়িকীর সর্বশেষ সংখ্যায় এই গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে।
গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন তথ্য-উপাত্তের ভিত্তিতে এখন যে সিদ্ধান্তে আসা গেছে তাতে বুধগ্রহের বিবর্তন নিয়ে থাকা একটা আপাতরহস্যেরও সমাধান হলো। বুধের পৃষ্ঠদেশের আগের সব ছবি থেকে ধারণা করা হতো, শীতল হওয়ার প্রক্রিয়া সত্ত্বেও গ্রহটি খুব একটা সংকুচিত হয়নি। কিন্তু গ্রহটির সৃষ্টির প্রক্রিয়া এবং এর বয়স বাড়ার বিষয়টির সঙ্গে ওই ধারণা খাপ খেত না।
এখন বিজ্ঞানী পল কে বার্নি এবং ক্রিস্টিয়ান ক্লিমস্যাকের নেতৃত্বে গবেষকেরা নভোযান মেসেঞ্জারের ছবি এবং টপোগ্রাফিক তথ্য-উপাত্ত থেকে গ্রহটির টেকটোনিক গঠন সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ তৈরি করতে সক্ষম হয়েছেন। এতে দেখা গেছে, শীতল হয়ে আসার সঙ্গে সঙ্গে গ্রহটির অভ্যন্তর ভাগ যে পাথর এবং ধাতু দিয়ে গঠিত, সেগুলোও সংকুচিত হয়েছে।

বুধগ্রহের পৃষ্ঠদেশের বেশির ভাগটাই উঁচুনিচু অসমতল এবং সেখানে বেশকিছু পাহাড়ের মতো আছে। ছবি: বিবিসি
বুধগ্রহের পৃষ্ঠদেশের বেশির ভাগটাই উঁচুনিচু অসমতল এবং সেখানে বেশকিছু পাহাড়ের মতো আছে। ছবি: বিবিসি

বুধ গ্রহ সম্পর্কে জানতে পাঠানো প্রথম নভযান ‘মেরিনার-১০’ বুধের পৃষ্ঠদেশের মাত্র ৪৫ ভাগের ছবি তুলতে সক্ষম হয়েছিল ১৯৭৪ এবং ১৯৭৫ সালে। এরপর দীর্ঘদিন গ্রহটির বিষয়ে জানার ক্ষেত্রে বড় কোনো অগ্রগতি হয়নি। ২০০৪ সালে যাত্রা শুরুর পর ২০১১ সালে বুধের কক্ষপথে স্থাপন করা হয় নভোযান মেসেঞ্জারকে। তখন থেকেই গ্রহটির নানা দিকের ছবি তোলা এবং এর সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে আসছে মেসেঞ্জার। চলতি মাসেই বুধের কক্ষপথে ২,৯০০তম আবর্তন সম্পন্ন করার কথা মেসেঞ্জারের।
পৃথিবীর উপরিতলের সঙ্গে বুধের উপরিতলের একটি বড় পার্থক্য হলো, পৃথিবীপৃষ্ঠ অনেকগুলো টেকটোনিক প্লেট দিয়ে গঠিত হলেও বুধপৃষ্ঠ গঠিত মাত্র একটি টেকটোনিক প্লেট দিয়ে। বুধের এই পৃষ্ঠদেশকে বলা হয় ‘লিথোস্ফিয়ার’। এতে ৫ থেকে ৫৫০ মাইল পর্যন্ত দীর্ঘ ফিতার মতো বেশ কিছু এবড়োখেবড়ো অংশ আছে। এর কোনো কোনোটি আবার ৩ দশমিক ২ কিলোমিটার উচ্চতার।
অবশ্য, এখন পর্যন্ত পৃথিবীকেই একমাত্র গ্রহ মনে করা হয়, যার পৃষ্ঠদেশ বহু টেকটোনিক প্লেটের সমন্বয়ে গঠিত। বাকি গ্রহগুলোর বহির্ভাগে কেবল একটি শক্ত খোলের মতো আছে। এর ফলে বুধগ্রহের এই শীতল হয়ে আসা এবং সংকোচনের বিষয়টি ভালোভাবে বুঝতে পারলে তা কেবল বুধেরই নয় বরং সৌরজগত্ এবং তার বাইরে অন্যান্য গ্রহের বিবর্তনের বিষয়টি বোঝার ক্ষেত্রেও এই অগ্রগতি কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে।