ছোটখাটো ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মানুষের জীবনে ছোটখাটো ভুল হয়ে থাকে। তাৎক্ষণিকভাবে সে জন্য খারাপ লাগলেও পরবর্তী সময় সেগুলো মনে করলেই হাসি পায়। আমার নিজের এবং আরও কিছু পরিচিতজনদের এমনি কিছু ভুল পাঠকদের সামনে উপস্থাপন করছি।এক. বাসায় আম্মা নেই, কাজের বুয়াও অনুপস্থিত। রান্নার ভার পড়ল এইচএসসি পড়ুয়া ছোট বোনের ওপর। তরকারি যা আছে তাতেই চলবে, রাঁধতে হবে শুধু ভাত। চাল ধুয়ে হিটারে বসানো হলো। কিছুক্ষণ পর রান্নার অবস্থা পরীক্ষা করতে দেখা গেল, পাতিল মোটেই গরম হয়নি। বিদ্যুৎ আছে, তাহলে সমস্যা? আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে আবিষ্কৃত হলো হিটারের সুইচ অন করা হয়নি ভুলে।দুই. কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম হলে থেকে। তখনো মোবাইল ফোন চালু হয়নি সেভাবে। যোগাযোগের প্রধান মাধ্যম চিঠি। একই দিনে আমার মেজো ভাইয়ের লেখা দুটি চিঠি পেলাম। খাম খুলে দেখা গেল একটিতে চিঠি আছে, অন্যটি ফাঁকা। রহস্যটা উদ্ঘাটন হলো কিছুদিন পর বাড়ি গিয়ে। জানলাম, মেজো ভাই খাম কিনে আমার ঠিকানা লিখে আঠা দিয়ে আটকিয়ে বক্সে ফেলার পর তার মনে হলো চিঠি দেওয়া হয়নি। তাই আবার খাম কিনে চিঠি পাঠাতে হলো।তিন. বন্ধু রাইসুল সারা বছর পড়ে কিন্তু মনে রাখতে পারে না। তাই প্রথমবার এইচএসসিতে ডাব্বা মারল। দ্বিতীয়বার পড়াশোনা শুরু করল, তবে স্মরণশক্তি আগের মতোই থাকল, বিশেষ করে ইংরেজি। অবশেষে বন্ধুদের পরামর্শে ছোট ছোট ভাঁজ করা কাগজে নকল লেখা রপ্ত করতে হলো বেচারির। সমস্যা দেখা দিল, খুব বেশি নকলের চিরকুট এক স্থানে রাখা যাবে না। আবার পরীক্ষার হলে গিয়ে যদি কোনটা কোথায় রেখেছে খুঁজে না পায়, তাই একটা সূচি করে নিল। আর সূচিটা ভুল করে রাখল শার্টের বুক পকেটে। পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটকে দেখে ইতিউতি মারছে রাইসুল। ম্যাজিস্ট্রেট সাহেবও টার্গেট করল তাকেই। এক নিশানায় ছোঁ মেরে নিয়ে নিলেন সূচিখানা। এবার সূচি ধরে ধরে বলছেন, ‘ডান পায়ের মোজার ভেতর থেকে বের করো রচনা, প্যান্টের গোপন পকেট থেকে অ্যাপ্লিকেশন, শার্টের কলার থেকে...।’ সঙ্গে সঙ্গে বহিষ্কার করতেও ভুল করলেন না রাইসুলকে।চার. ২০০৫ সালের কথা। বেশির ভাগ সময় পরিবার থেকে দূরে থাকি বলে দুটি মোবাইল ফোন, ফ্লেক্সির দায়িত্ব আমার—এভাবে চলছিল দাম্পত্য যোগাযোগ। একদিন আমার মোবাইল ফোনের প্রথম অংশ ও স্ত্রীর মোবাইল ফোনের নম্বরের দ্বিতীয় অংশ মিলিয়ে ১০০ টাকার ফ্লেক্সি করলাম ভুল করে। টাকাটা কোনো মোবাইলেই যায়নি দেখে দোকানে গিয়ে নম্বর পরীক্ষা করতে গিয়ে ভুলটা ধরা পড়ল। ওই নম্বরে কয়েকবার কল করলাম, সাড়া না পেয়ে ১০০ টাকার কথা ভুলে যেতে হলো।পাঁচ. ভুলে যাওয়া নিয়ে কথা হচ্ছিল বন্ধুদের মধ্যে। আমি বললাম, ‘ভুলে যাওয়া বা ভুলতে পারা অনেক বড় গুণ। মানুষের ভালো-মন্দের সব স্মৃতি মনে থাকলে বাঁচা যেত কি না সন্দেহ। আর সব স্মৃতির ভারে মস্তিষ্কের অবস্থা হতো ঢাকা শহরের যানজটের মতো লেজে-গোবরে। স্থবির, সবই অচল।’ কামরুল হতাশ হয়ে বলল, ‘তাই বলে সাত দিন আগের ঘটনাও মনে রাখতে পারছি না, এটা মেনে নেওয়া যায় না।’ ‘তোরা কী নিয়ে যেন কথা বলছিলি?’ বেশ সিরিয়াসলি জানতে চাইল হারুন। মুশফিককিশোরগঞ্জ।