ছোটদের আনন্দময় বৈশাখী মেলা
কেউ সেজেছে প্রজাপতি, কেউ ফড়িং, কেউ বা মৌমাছি, ফুল, পাখি, চাঁদ, সূর্য আরও কত কী! শুরুতেই ছোট্ট শিশুরা এসব রঙিন সাজে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দেখাল একটি শুঁয়োপোকার প্রজাপতি হয়ে ওঠার গল্প।এরপর একে একে গল্পের মধ্যেই ‘আলো আমার আলো’, ‘প্রজাপতি কোথায় পেলে’, ‘আমরা চঞ্চল আমরা অদ্ভুত’, ‘আলোকের এই ঝরনা ধারায় উড়িয়ে দাও’, ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান গেয়ে নেচে পুরো সন্ধ্যাটা আরও রঙিন করে তুলেছিল। সাংস্কৃতিক সন্ধ্যা শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ অবলম্বনে নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে।নন্দনকাননের শিশুশিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির ছোটদের বৈশাখী মেলার শুরুর দিনটি এ রকমই জমজমাট ছিল। মঙ্গলবার তিন দিনের এ মেলার উদ্বোধন করেন লেখিকা ফেরদৌস আরা আলীম। তিনি বলেন, ‘শিশুদের মাঝে বাঙালির হাজার বছরের ঐতিহ্য, উদারতা আন্তরিকতার মন্ত্র ছড়িয়ে দিতে হবে।’ উপস্থিত ছিলেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। এ সময় শিশু দর্শকদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছিল পুরো প্রাঙ্গণ। ছোটদের বৈশাখী মেলার মধ্যে রয়েছে বেশ কয়েকটি স্টল। ফুলকির শিক্ষক এবং শিশু শিক্ষার্থীদের হাতে বানানো নানা রকমের হাতি, ঘোড়া, জিরাফ, জেব্রা, জাহাজ, বাঁশিসহ বিভিন্ন শখের জিনিস নিয়ে সাজানো কুটুম কাটাম স্টলটি সবার নজর কাড়ছে। এ ছাড়া খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, বইমেলা, শিশুদের আঁকা ছবি, খেলনার স্টলও রয়েছে। বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে।