ছোটদের আনন্দের জলকেলি
রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান সাংগ্রাং বা জলকেলি উৎসব শেষ হলো ১৯ এপ্রিল। এবারের বর্ষবরণ ও বিদায়ের এ উৎসবে বড়দের পাশাপাশি ছোটদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মণ্ডপে দলবেঁধে ছোট ছোট ছেলেমেয়ে বড়দের মতো জল ছোড়াছুড়ি করেছে। দলবেঁধে সড়কের ওপর নাচেগানেও ক্লান্তি ছিল না তাদের। বলা যায়, এবারের উৎসবে ছোটদের ভিড়ে হারিয়ে গেছেন বড়রা। কিছু কিছু মণ্ডপে তরুণীরা দাঁড়িয়ে থেকে ছোটদের জলকেলিতে উৎসাহ জুগিয়েছেন। শহরের বৌদ্ধমন্দির সড়কের দক্ষিণে সুপ্রাচীন ‘অগ্গামেধা ক্যাং’ বা মন্দিরের পাশের মাঠে সুসজ্জিত মণ্ডপ। ১৭ এপ্রিল বেলা আড়াইটায় ওই মণ্ডপে উপস্থিত হলো ঐতিহ্যবাহী পোশাক পরা একদল শিশু। একটু পরে আরেক দল শিশু নেচে-গেয়ে মণ্ডপের সামনে এসে দাঁড়ায়। সবার হাতে জলভর্তি ছোট ছোট বালতি। বালতি থেকে জল নিয়ে আগের দলের ওপর ছুড়ে মারে। মুহূর্তে ওরাও সামনে সাজিয়ে রাখা নৌকা থেকে পানি নিয়ে জল ছুড়ে মারে। চলে উভয় দলের মধ্যে দীর্ঘক্ষণ পানি ছোড়াছুড়ি। ছোট ছোট ছেলেমেয়ের এ জলকেলি বড়দেরও আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। শত শত দর্শক মণ্ডপের বাইরে দাঁড়িয়ে থেকে ছোটদের উৎসাহ জোগান। এ মণ্ডপের পেছনে আরেকটি মণ্ডপে দেখা গেল ১৪ কন্যাশিশু দাঁড়িয়ে আছে। এদের সামনে পানিভর্তি ছোট ছোট ড্রাম। কিছুক্ষণ পর একদল শিশু এসে ওই মেয়েদের সঙ্গে জলকেলিতে অংশ নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। আর বড়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিশুদের জলকেলি উৎসব উপভোগ করেন। শহরের টেকপাড়া, চালবাজার, বড়বাজার মণ্ডপেও একই চিত্র চোখে পড়ে। তিন দিনের এ জলকেলি উৎসবে ছোটদের অংশগ্রহণ দর্শকদের তাক লাগিয়ে দেয়। শহরের বার্মিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ক্য জ রাখাইন (১০) বৌদ্ধমন্দির সড়কের একটি মণ্ডপে এসে জলকেলিতে অংশ নেয়। আধঘণ্টা পর আরও কয়েকজন বন্ধুর সঙ্গে নেচে-গেয়ে সে চলে যায় টেকপাড়ার আরেকটি মণ্ডপে। সেখানেও আধঘণ্টা ধরে চলে তাদের জলকেলি। জলকেলিতে ছোটরা কেন? জানতে চাইলে ক্য জ রাখাইন জানায়, ‘আমাদের কি আনন্দ করতে মানা? এত দিন বড়দের জলকেলি দেখেছি। এখন আমরা করে দেখাচ্ছি।’ চালবাজারের ছোট মেয়ে ম্য মা চিং (১০) জানায়, ‘এবার প্রথম জলকেলিতে অংশ নিলাম। কয়েক ঘণ্টা ধরে নাচানাচি করছি। খুব মজা পাচ্ছি।’