ছোটদের টুর্নামেন্ট দিয়ে মাঠে গড়াচ্ছে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের টুর্নামেন্ট দিয়ে চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে ক্রিকেট। আজ শুরু হচ্ছে রাশেদ আজগর চৌধুরী স্মৃতি অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রামের ১২টি ক্রিকেট একাডেমি নিয়ে দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করছে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি। এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নমেন্ট উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। টুর্নামেন্ট কমিটির সম্পাদক মনজুরুল ইসলাম জানান, এবারের টুর্নামেন্টের ১২ দল—জুনিয়র ক্রিকেট একাডেমি, চিটাগাং ক্রিকেট, ইস্পাহানি ক্রিকেট, রিচ প্লে মেক্স ব্রাদার্স, স্বাধীনতা ক্রিকেট, নিউ ক্রিকেট, পোর্ট সিটি ক্রিকেট, শতাব্দী গোষ্ঠী, এস এস ক্রিকেট, মিলেনিয়াম ক্রিকেট, রাইজিং স্টার ও জেডিসি। পোর্ট সিটি ক্রিকেট একাডেমির পরিচালক আ ন ম ওয়াহিদ দুলাল বলেন, ‘প্রথম পর্বে দলগুলো তিন গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। তিন গ্রুপের চ্যাম্পিয়নরা পরস্পর খেলার পর সেরা দুই দল ফাইনালে অংশ নেবে। টুর্নামেন্টে মোট ২২টি খেলা হবে।’পোর্ট সিটি ক্রিকেট একাডেমির কর্মকর্তা শওকত হোছাইন জানান, আজকের উদ্বোধনী খেলায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির মুখোমুখি হবে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি।