
মাত্র ৩০০ টাকায় মাল্টিমিডিয়া প্রজেক্টর। তার পাশে আছে প্রতিবন্ধীদের জন্য করা রিমোট কন্ট্রোলচালিত লাইট ও ফ্যান। দুটি প্রকল্পই তৈরি করে চকরিয়ার শিলখালী উচ্চবিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা। তাদের এ উদ্ভাবন নজর কাড়ে বড়দের।
কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এসব প্রকল্প উপস্থাপন করা হয়। মেলায় প্রদর্শিত হয় অন্তত ৭০টি প্রকল্প। এতে অংশ নেয় একটি কলেজ, নয়টি উচ্চবিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ৭ ও ৮ মে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে ৭ মে সকালে পেকুয়া উপজেলা পরিষদের চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। কয়েকটি সড়ক ঘুরে শোভাযাত্রাটি পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, হোসনে আরা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা আলী, মেহেরনামা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুদ্দোহা প্রমুখ।
৮ মে সকালে পেকুয়া বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড। এতে ১৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞান মেলায় প্রথম শিলখালী উচ্চবিদ্যালয়, দ্বিতীয় পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে মেহেরনামা উচ্চবিদ্যালয়।