ছোটদের ভোট উৎসব
সকাল থেকে উৎসবের আমেজ। বিদ্যালয়ে ভোট। খুদে শিক্ষার্থীরা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে নিজেদের প্রতিনিধি নির্বাচনের। নেই ক্লান্তি, নেই বিশৃঙ্খলা। ভোট দিয়ে কক্ষের বাইরে এসে সে কী উচ্ছ্বাস! ১০ ফেব্রুয়ারি সকালে নগরের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ছিল এমন। সেদিন সারা দেশের মতো এখানে অনুষ্ঠিত হয় ‘স্টুডেন্ট কাউন্সিল’।বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, নির্বাচনকে ঘিরে প্রতিটি বিদ্যালয়ে উৎসবের আমেজ। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত প্রতিটি বিদ্যালয়ে চলে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের শিক্ষকেরা। নগরের পাঁচলাইশ থানা শিক্ষা কর্মকর্তা মো. মামুন কবির বলেন, বিদ্যালয়ের শিক্ষকেরা ভোটযুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকায় কোথাও কোনো অব্যবস্থাপনা হয়নি।খুদে শিক্ষার্থীদের এই ভোটযুদ্ধ ছিল নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ও শৃঙ্খলার দায়িত্বে নিরাপত্তা কর্মকর্তা। খুদে শিক্ষার্থীরাই এসব পদে দায়িত্ব পালন করে। নির্বাচনের আগে খুদে শিক্ষার্থীদের মধ্য থেকেই এসব পদের জন্য দায়িত্ব বণ্টন করে দেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা। প্রতিটি স্টুডেন্ট কাউন্সিলে মোট সাতজন প্রতিনিধি নির্বাচিত হয়। বিদ্যালয়ে অধ্যয়নরত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রার্থীও হয়েছে তারা। প্রতি শ্রেণী থেকে দুজন করে প্রতিনিধি নির্বাচন করা হয়।চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যয়, ২০১০ সাল থেকে সীমিত পরিসরে শুরু হওয়া এই নির্বাচন এ বছর চট্টগ্রাম জেলার এক হাজার ৬৩৪টি সরকারি ও ৫২৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল গঠনের উদ্দেশ্য সম্পর্কে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, নেতৃত্বের বিকাশ, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়।নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সেটি বোঝা যায় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, তারিন সুলতানা, জাহাঙ্গীর কবিরদের কথায়। তারা বলে, ‘ভোট দিতে অনেক মজা।’ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিকেলে ফলাফল ঘোষণার মাধ্যমে শেষ হয় খুদে শিক্ষার্থীদের ভোট উৎসবের। এমন সুন্দর ব্যবস্থাপনা দেখে খুশি অভিভাবকেরাও।