ছোটদের ‘ম্যাজিক আংকেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের সামনে বই খোলা। পাতাগুলো সাদা, বিবর্ণ। মুচকি হেসে জাদুকর জানিয়ে দিলেন, যার বিদ্যা নেই তার জীবনটাও এমনই বিবর্ণ। জাদুকরের হাতে দ্রুত উল্টে যাচ্ছে জীবনের পাতাগুলো। ভরে উঠছে নানা আঁকিবুঁকিতে। ধূসর জীবনে বৈচিত্র্যের দাগ পড়ছে। লেখাপড়া করা হচ্ছে যে! আরও দ্রুত হচ্ছে জীবনের গতি। এবার পাতায় পাতায় রঙিন ছবি। অসংখ্য বর্ণে উজ্জ্বল। আরও বেশি যে লেখাপড়া করবে, তার জীবনটা যেন হয়ে উঠবে এমনই বর্ণময়। বর্ণহীন জীবনটাকে কে না রঙিন করতে চাইবে! কীভাবে, তাও বাতলে দেন জাদুকর। লেখাপড়া করতে হবে মন দিয়ে।বড় বড় চোখে তাকিয়ে আছে এক দঙ্গল শিশু। ক্লাসে শিক্ষকেরা বলেন বটে। বাড়িতে মাঝেমধ্যে মা-বাবাও বলেন। আর বইয়ের পাতায় তো লেখাই আছে, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে... কিন্তু কথাটা তো এমনভাবে মনের মধ্যে গেঁথে যায়নি আগে! এবার আর ভুলবে না ওরা। সারা দিন হাজারো দুষ্টুমির ফাঁকে হারিয়ে ফেলবে না পড়ার সময়টা। সন্ধ্যাবেলা ঠিকই বসে যাবে বই নিয়ে। জাদু দেখতে এসে এই প্রতিজ্ঞা করেই বাড়ি ফিরছে সবাই।জাদুকরও ফিরছেন অন্য রকম তৃপ্তি নিয়ে। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটেছে। নতুন কিছু শিখেছেও তারা। মাঠ-ঘাট, জলা-জঙ্গল পেরিয়ে এত দূর আসাটা যেন সার্থক। এই তৃপ্তিই শক্তি জোগায় জাদুকর উলফাৎ কবীরকে। বাংলাদেশের বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের জাদু দেখানো আর জাদুর মধ্য দিয়েই নানা বিষয় জানানো—এই কাজটাকেই তাই বানিয়েছেন নেশা। বছর দুয়েক ধরে চলছে তাঁর এই কাজ।‘নানা দেশে, নানা মানুষকে জাদু দেখিয়েছি। কিন্তু জাদু দেখে শিশুদের মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি, তা আর কোথাও পাইনি। তাই ভাবলাম, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করি। জাদুর মাধ্যমে তাদের কিছু মেসেজ দেওয়া যায় কি না, এই ভাবনাটাও তখনই মাথায় আসে।’ বলছিলেন উলফাৎ কবীর। খেলনার ছড়াছড়ি নেই। শহরে তো খেলার মাঠও নেই। আরও অনেক বঞ্চনার সঙ্গে ওরা যেন শৈশবের আনন্দ থেকেও বঞ্চিত। কীভাবে ওদের একটু আনন্দ দেওয়া যায়, সেই ভাবনাটাই প্রধান ছিল। আর এর সঙ্গে হেসে খেলে যদি ওদের কিছু শেখানো যায়, তাহলে তো দারুণ হয়।‘জাদু দেখাতে চাইলাম আর কাজটা হয়ে গেল। ব্যাপারটা তো এমন নয়। জাদু দেখানোর কিছু খরচ আছে। নানা জায়গায় যাতায়াত করতে হবে। কাজটা তাই আমার একার পক্ষে সম্ভব ছিল না। বন্ধু কাজী শাকিলকে জানালাম আমার পরিকল্পনা। প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে এগিয়ে এলেন তিনি। তাঁর অর্থায়নেই শুরু হয় এই কাজ। সেটা ২০০৮ সালের কথা।’নিছক খেয়াল বা সময় কাটানো নয়। বড় পরিসরে গুছিয়ে শিশুদের জন্য কিছু করার আন্তরিকতা ছিল দুজনের মধ্যেই। কাজী শাকিল ও উলফাৎ কবীরের এই প্রয়াসের জন্য তাই একটি ‘প্লাটফরম’ তৈরির প্রয়োজন ছিল। ২০০৮ সালে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে গঠন হয় কাজী শাকিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বা কেএস ফাউন্ডেশন। ঢাকার শেখেরটেকে ‘হার্ড টু রিচ’ নামের স্কুলে জাদু দেখানোর মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম।‘সেই স্কুলটায় ঢুকে বারবার যেন ঝাপসা হয়ে যাচ্ছিল বর্তমান। মনে পড়ে যাচ্ছিল পেছনের কথা। আমার নিজের স্কুলের স্মৃতি। ঢাকা ক্যান্টনমেন্ট জুনিয়র হাইস্কুলে পড়তাম। স্কুলের পিয়ন মফিজ দেখাত নানা রকম হাতসাফাইয়ের খেলা। এরপর ভর্তি হই চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুলে। সেখানে একদিন খেলা দেখাতে আসেন এক জাদুকর। জাদুকর আলাদিন তাঁর নাম। জাদুর মায়ায় আমাকে আটকে ফেলেন তিনিই। জাদু শেখার নেশা লাগে আমার মনে। একসময় তাঁর শিষ্য হয়ে যাই। আমার জাদু শেখার শুরু সেই থেকেই।’ বলেন উলফাৎ কবীর।জাদু দেখানোর সাজসরঞ্জাম নিজেই জোগাড় করেন, মাথা খাটিয়ে ভেবে বের করেন, কী সব জাদু দেখানো হবে। কী ধরনের বার্তা থাকবে তাতে। সব জাদুতেই আবার বার্তা থাকবে না। নিছক আনন্দের জন্য দেখানো হবে অনেক জাদু। এসব কাজের ফাঁকে আবার খুঁজে বের করতে হয় কোন স্কুলে যাওয়া হবে।ইন্টারভিডা নামের একটি স্প্যানিশ এনজিও তখন আগ্রহ দেখায় তাঁর সঙ্গে কাজ করার। বাংলাদেশে তাদের পরিচালিত স্কুলগুলোতে কাজ করার আহ্বান জানায়। ভীষণ উৎসাহ দেয় তারা উলফাৎ কবীরকে। এ পর্যন্ত ইন্টারভিডার ৪০টি স্কুলে জাদু দেখিয়েছেন তিনি। এ জন্য কোনো পারিশ্রমিক নেননি।২০০৯ সালে শিশু অধিকার ফোরাম থেকে এ কাজের জন্য সম্মাননা জানানো হয় তাঁকে। এর মধ্যেই আরও বড় পরিসরে কাজ করার সুযোগ আসে। জাতিসংঘের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রস্তাব দেয় তাদের হয়ে কাজ করার। দেশব্যাপী তাদের পরিচালিত স্কুলগুলোতে উলফাৎ কবীরের জাদু দেখানোর উদ্যোগ নেয় তারা।১০০টি স্কুলে জাদু দেখানোর কথা হয়। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার খিলক্ষেতে একটি স্কুল থেকে শুরু হয় এ কার্যক্রম। এ পর্যন্ত মোট ৬০টি স্কুলে গেছেন তিনি। শুধু এসব স্কুলই নয়। যে কারও আহ্বানে শিশুদের জন্য জাদু দেখাতে প্রস্তুত আছেন তিনি।‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে বলা হয় জাদুর মধ্য দিয়ে তিনটি বিষয়ের কথা তুলে ধরতে। খাওয়ার আগে হাত ধোয়া, টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া এবং বাথরুমে স্যান্ডেল পরে যাওয়া—এই তিনটি কথা মেনে চললেই অসুখবিসুখ কমে যাবে অনেকখানি। এসব ছাড়া জাদুর মাধ্যমে মুরগি পালন, সবজি চাষ, গাছ লাগানোসহ প্রভৃতি বিষয় তুলে ধরা হয়। গ্রামের শিশুরা কৃমির ওষুধ খেতে চায় না মোটেও। তাদের এসব নিয়ে সাবধান করি। সবচেয়ে বেশি বলি কুসংস্কার দূর করার ব্যাপারে। জাদু কোনো মন্ত্রবলে হয় না। এসবই বিজ্ঞানের মজার খেলা। এ ব্যাপারটা ওদের মাথায় ঢুকিয়ে দিতে চেষ্টা করি।’ বলেছিলেন তিনি।‘আমি দেখেছি গ্রামের শিশুরা খুব সপ্রতিভ। কোনো প্রশ্ন করলে সবাই হাত তুলে দাঁড়িয়ে যায়। উত্তর দিতে চেষ্টা করে। গ্রামে অনেক কিছুর অভাব। কিন্তু এই অভাব বোধটা যাতে ওদের মনে বাসা না গড়ে, সেই চেষ্টা থাকে আমার। ওদের বোঝাই, ওরা কত ভাগ্যবান। এই খোলা মাঠ, গাছপালা, তাজা খাবার—এসব তো শহরের শিশুরা পায় না।’শিশুদের কাছে তিনি প্রিয় ‘ম্যাজিক আংকেল’। গ্রামের মানুষেরও আন্তরিকতার অভাব নেই। তবু এর মধ্যেও মন খারাপ করা অভিজ্ঞতা হয়। ‘কিশোরগঞ্জের একটি স্কুলে গিয়ে দেখি, কয়েকটি মোটে শিশু এসেছে। এত কম শিশু তো অন্য কোথাও দেখিনি। পরে শুনি, আসার আগে গ্রামে ছড়িয়ে গিয়েছিল এক গুজব। আজ জাদুর আসরে নাকি একটি শিশুর গলা কাটা হবে। ভয়ে তাই অনেকেই আসেনি। খুব মন খারাপ হয়েছিল সেদিন। আমাদের দেশের মানুষ এত সহজ-সরল। ওদের ভুল বোঝানো, কুসংস্কার ছড়ানো এতই সহজ। এসব কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করি তাই।’শিশুদের মুখের হাসির সঙ্গে ভালোবাসার উপহারও কম পান না। ‘বান্দরবানের রুমায় গেছি। জাদু দেখানো শেষ। একটু বিশ্রাম নিচ্ছি। এমন সময় ফুটফুটে একটা মেয়ে কাছে এসে দাঁড়াল। হাতটা বাড়িয়ে দিল। তাতে একটি এক টাকার কয়েন। বলল, ম্যাজিক আংকেল এটা আপনার জন্য। অভাবের মধ্যে মা হয়তো হাতে তুলে দিয়েছেন একটি টাকা তার টিফিনের জন্য। সেটাই সে রেখে দিয়েছে আমার জন্য, ভালোবাসার সে উপহার আমি ফেরাতে পারিনি।’নিজের পক্ষে সব জায়গায় হয়তো যাওয়া সম্ভব হবে না। আবার তিনি জাদু দেখিয়ে চলে আসার পর এই শিশুদের আর কোনো আনন্দের উপলক্ষ আসবে না। এমন ভাবনা থেকে কিছু স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। কিছু জাদুর কৌশল শিখিয়ে দিয়েছেন তাঁদের। যাতে নিজেরাই শিশুদের জন্য জাদু দেখানোর আয়োজন করতে পারেন। শিশুদের সঙ্গে থাকতে থাকতে নিজের বয়সটা বেমালুম ভুলে গেছেন ম্যাজিক আংকেল। নতুন কিছু করার, নতুন স্বপ্ন দেখার মনটা তাই আগের মতোই আছে— ‘নতুন একটা কাজ শুরু করতে চাই। ধনী পরিবারের অনেক শিশুর জন্মদিনে জাদু দেখাতে ডাক পড়ে। কত আনন্দ, কত প্রাচুর্য তাদের। কিন্তু এমন অনেক শিশু আছে, যাদের জন্মদিনটা কেউ মনে রাখে না। নিম্নবিত্ত পরিবারের এসব শিশুর জন্য এবার জাদু দেখাব। তাদের জন্মদিন পালন করব, উপহার দেব। সবার মুখেই হাসি ফুটবে। সব শিশুই উপভোগ করতে পারে যেন তাদের শৈশব।’