ছোটবেলার ঈদ
‘ঈদ তুমি কারও জীবনে নিয়ে আস আনন্দ,
আবার কারও জীবনে নেমে আসে বিষাদের ছন্দ!’
... ছোটবেলার ঈদে কক্সবাজার কিংবা ফ্যান্টাসি কিংডমের মতো বিনোদন কেন্দ্রে যাওয়া হতো না ঠিকই। তারপরও ছোটবেলার ঈদের আনন্দটা ছিল সীমাহীন। প্রতিটা রমজানে ঈদের প্রহর গোনা ছিল অনেক আনন্দের। মা-বাবার সঙ্গে ঈদের শপিং করতে যাওয়ার মজাটাই ছিল আলাদা।
২৯শে রমজান ছিল যেন চাঁদ ছোঁয়ার এক আবেগি মুহূর্ত। তার সঙ্গে ছিল চাঁদ উঠবে কি উঠবে না, তা নিয়ে এক সংশয়। চাঁদ রাতে আনন্দের মাত্রাটা আরও বেড়ে যেত। তারাবাজি, আতশবাজি জ্বালানোর সঙ্গে ছিল বন্ধুদের ঘরে গিয়ে তাদের ঈদের জামা দেখার আনন্দ। রাতে বিছানায় গেলে চোখের পলক যেন পড়তে চাইত না। মনে হতো কখন যে প্রহরটা কাটবে!
সকালে গোসল সেরে বাবার সঙ্গে ঈদগাহে যেতাম। নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতাম, একে অন্যের জামার প্রশংসা করতাম। ছোটবেলার ঈদে সবচেয়ে বেশি আনন্দের ছিল সালামি পাওয়া। বাবা-মা ছাড়াও বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছ থেকেও সালামি পেতাম। কারও বাসায় গেলে প্রথমে খেতে দিত, তখন মনে হতো যেন সেমাই খেতে না দিয়ে সালামিটা আগে দিয়ে দিলে ভালো হতো! কে কত সালামি পেতাম তা নিয়ে চলত প্রতিযোগিতা। সালামির টাকা দিয়ে বিভিন্ন খেলনা কিনতাম। হাস্যকর হলেও সত্যি যে, সালামির অনেক টাকা খরচ হয়ে যেত খাওয়ার মধ্যে। আইসক্রিম, চিপস, কোল্ড ড্রিংকস ইত্যাদি কিনে খেতাম।
সব মিলিয়ে দারুণ আনন্দে কাটত ঈদের দিনটা। ছিল না কোনো কষ্ট, ছিল না কোনো অপূর্ণতা। আর এখনকার ঈদে আগের মত নেই কোনো আবেগ, নেই কোনো আহামরি আনন্দ। সালামি পাওয়াটা যেন এখন আকাশকুসুম ভাবনা। এখন আনন্দ পাই ছোটদের সালামি দিয়ে তাদের আনন্দটা বাড়িয়ে দিতে পেরে। বিভিন্ন জায়গায় বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া আর সেলফি তোলা এখনকার ঈদের অন্যতম আনন্দ।
মা-বাবা মারা যাওয়ার পর বেশ কয়েক বছর ধরে ঈদের আনন্দে নেমে এসেছে বিষাদের ছায়া! এখন ঈদের নামাজ শেষে ঘরে এসে লুকিয়ে চোখের জল ফেলতে হয়! পারি না মা-বাবার পা ছুঁয়ে সালাম করতে। মা-বাবা হারানো মানুষেরাই জানে তাদের ঈদটা কত কষ্টের! ঈদের দিনের আনন্দ, হাসি, কান্না, আবেগ, অনুভূতি সবই আমার ঈদের স্মৃতিতে গাঁথা। তারপরও অনেক মিস করি ছোটবেলার আনন্দে ঘেরা ঈদকে।
‘ছোটবেলার ঈদ তুমি ছিলে কত আনন্দের,
যদি ফিরে পেতাম তোমায় এখন ফের!’