ছোটবেলার ঈদ বেশি আনন্দের: অরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ মানে আনন্দ। নতুন পোশাক, মজার মজার রান্না আর ঘুরে বেড়ানো। ব্যস্ততা ভুলে পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে এই একটা দিন। ঈদ নিয়ে অনুভূতি জানিয়েছেন তিন সংগীতশিল্পী—ক্লোজআপ ওয়ানের অরিন ও সাব্বির এবং চ্যানেল আই সেরাকণ্ঠের নাবিলা

অরিন
অরিন

কাজের জন্য ঢাকায় থাকা, ঈদ কাটাব চট্টগ্রাম শহরে। তা ছাড়া বাবার ও শ্বশুরবাড়ি দুটিই চট্টগ্রামে। ঈদের আগের দিন চলে আসব। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বেশির ভাগ চট্টগ্রামে থাকে। ঈদে তাদের সঙ্গে দেখা হয়। একসঙ্গে বেড়াতে বের হই। খুব মজা লাগে। পুরো তিন দিনের ছুটি উপভোগ করি। গান ও চাকরি নিয়ে তো বছরের পুরোটা সময়ই ব্যস্ততার মধ্যে কাটে। ঈদে সামান্য অবসর।
তবে ছোটবেলার ঈদটা ছিল বেশি আনন্দের। কোনো কাজ ছিল না, শুধুই বেড়ানো। আগে থেকে পরিকল্পনা করতাম ঈদে কী করব, কোথায় কোথায় যাব। নতুন পোশাক পেতাম। বড় ব্যাপার ছিল ঈদ সেলামিতে ব্যাগ ভরে যেত। কিন্তু এখন তো সেলামি আমাকেই দিতে হয়। তারপরও দেওয়ার মধ্যে আনন্দ আছে।
এবার কাজের কথায় আসি, ঈদে বেশ কিছু গানের অ্যালবামে কাজ করেছি। না বলা কথা-তিন বেরিয়েছে। বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে গান গেয়েছি। এ ছাড়া এবার প্রথম একটি টেলিফিল্মের গানে কণ্ঠ দিয়েছি।
অনুলিখন: আশরাফ উল্লাহ