ছোটবেলার পূজার দিনগুলো
যখন শরতের শিউলি ফুল ফোটা শুরু হয়, তখনই মনে হয় পূজা আসছে। এ সময় প্রকৃতি একটু অন্য রকম রূপ নেয়। শিউলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা অন্য রূপে আবির্ভূত হয়। মহালয়ার দিন থেকে পূজা শুরু হয়ে যায়। ছোটবেলায় যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার চণ্ডীপাঠ শুনতাম, তখন অন্য রকম লাগত। পূজা শুরুর আগে মাকে দেখতাম ঘর গোছানোর কাজে ব্যস্ত। ভাইবোনেরা ব্যস্ত হয়ে যেতাম নতুন জামা-কাপড়ের জন্য।
পূজায় কে কী নেব তার একটা ছোট তালিকা করে ফেলতাম। যখন নতুন পোশাকটি হাতে পেতাম, তখন মজা ছিল অন্য রকম। পূজার পোশাকটি যেন কেউ দেখতে না পারে, সেজন্য পোশাকটি লুকিয়ে রাখতাম। পূজার পাঁচ দিনে, কোন দিন কোন পোশাক পরব তা ঠিক করা শুরু করতাম।
ষষ্ঠীপূজার দিন সন্ধ্যায় চলে যেতাম মন্দিরে মা দুর্গাকে দেখতে। প্রতিদিন সন্ধ্যাবেলায় কাকাতো ভাই ও বন্ধুরা মিলে যেতাম বিভিন্ন মন্দিরে পূজা দেখতে। নবমী পূজা যেদিন আসত, সেদিন মন খারাপ হয়ে যেত। তবে দশমীর দিনে নৌকায় উঠে নদীতে ঘুরতে অন্য রকম লাগত। আমাদের গ্রামের অধিকাংশ পরিবার ওই দিন নৌকায় উঠত। নদীর আশপাশে লোক জমায়েত হয়ে যেত। নদীর ধারে মেলাও বসত। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হতো।