ছোট্ট একটা লাইব্রেরি
স্বপ্ন, আমার একটা বইয়ের লাইব্রেরি থাকবে।
শুরু হলো বই সংগ্রহ। যেখানেই বেড়াতে যাই, একটা করে বই কিনতে আরম্ভ করি। তবে কিছু কিছু বই অনেক দামি ছিল। এ জন্য ওই বয়সে বইগুলো কেনায় প্রায় সময় হাতের টাকা শেষ হয়ে যেত। বাড়তে লাগল বইয়ের সংগ্রহ। বই পড়ার আনন্দ ও লাইব্রেরিতে বই—দুটোই একসঙ্গে বাড়তে থাকে। বেশ কিছু বই হাতে চলে আসার পর ভাবলাম সবাইকে বিষয়টা জানানো দরকার। কারণ, সবাইকে বই না পড়াতে পারলে আমার লাইব্রেরির উদ্দেশ্যই বৃথা হয়ে যাবে। একটা রেজিস্টার খাতা কিনলাম, বই দেওয়া-নেওয়ার পদ্ধতি ঠিক রাখার জন্য। আমার লাইব্রেরি থেকে বই নেওয়ার জন্য কোনো ফি বা সদস্য হওয়ার দরকার নেই। শুধু একজন পরিচিত কেউ তার নিশ্চয়তা দিলে সে বই নিতে পারবে। আর হ্যাঁ, বইয়ের যত্ন নিতে হবে এবং অবশ্যই বই নেওয়ার ১০ দিনের মধ্যেই ফেরত দিতে হবে। এখন আমার লাইব্রেরিতে প্রায় এক হাজার বই আছে।
মোহাম্মদ আলী খন্দকার
দিনাজপুর বন্ধুসভা।