ছোট্ট চটপটিওয়ালার আর পড়া হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারো বছরের শিশু জুয়েল ঝটপট চটপটি বানায়। ভ্যানের ওপর রাখা বড় পাতিল থেকে চার-পাঁচটা বাটিতে চটপটি ঢালেন তার বাবা মো. ইব্রাহিম। বাটিগুলো দ্রুত টেনে নিয়েই মসলা মেশায় সে। এভাবে মিনিট খানেকের মধ্যে বেশ কয়েক বাটি চটপটি তৈরি হয়ে যায়। চারপাশে ভ্যান ঘিরে দাঁড়িয়ে থাকা স্কুলের ছাত্রদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়, কে কার আগে বাটি নেবে।জুয়েল তাদের দেখে হাসে। বলে, ‘ইস্কুলে পড়লে আমিও এমন করতাম। ভাইবোনেরা পড়ে কিন্তু আমি পড়ি না। তাগোর খরচ দিতে হইব না!’ গত বৃহস্পতিবার সকালে দোহাজারী জামিজুরি আহমেদুর রহমান উচ্চবিদ্যালয়ের সামনে ভ্যানে করে চটপটি বিক্রি করছিল জুয়েল। সেখানেই কথা হয় ওর সঙ্গে। জানা গেল, বাবাকে সাহায্য করতে গিয়ে চতুর্থ শ্রেণীর পর আর পড়া হয়নি তার। চার ভাইবোনের মধ্যে জুয়েল তৃতীয়। বড়বোনের বিয়ে হয়ে গেছে। মেজবোন কলেজে এবং ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। তাদের বাড়ি পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায়। দুই বছর ধরে বাবা মো. ইব্রাহিমের সঙ্গে দোহাজারী সরকারপাড়ার ভাড়া বাসায় থাকে সে।প্রতিদিন সকালে জুয়েল ভ্যান নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী উচ্চবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের কাছে চটপটি বিক্রি করে। প্রতিদিন বিক্রি হয় ছয় থেকে ৭০০ টাকার চটপটি। এক বাটি চটপটির দাম ১০ টাকা। খরচ বাদ দিয়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত লাভ হয়। এ টাকা দিয়ে তাদের পরিবার এবং ভাইবোনদের লেখাপড়ার খরচ চলছে।লেখাপড়া করার ইচ্ছে জাগে না? এমন প্রশ্ন করলে জুয়েল কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। তারপর গলায় বেশ দৃঢ়তা এনে বলে, ‘করেই তো! আমার বয়সী ছেলেমেয়েরা প্রতিদিন আমার সামনে দিয়া স্কুলে যায়। দেইখা আমারও পড়তে ইচ্ছে হয়। কিন্তু অভাবের সংসার, কী করমু মাইনা নিছি।’