ছোট্ট মুখের মিষ্টি হাসির রঙে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী উদ্যোগ কালারিং লিটল স্মাইলের আয়োজনে আঁকা ছবি নিয়ে অধিকারবঞ্চিত শিশুরা।
স্বেচ্ছাসেবী উদ্যোগ কালারিং লিটল স্মাইলের আয়োজনে আঁকা ছবি নিয়ে অধিকারবঞ্চিত শিশুরা।

এসব ছোট্ট হাতেই রংধনুর সব রং মেখে নিল ওরা! রঙে রঙেই ওরা ভরিয়ে দিল সব শূন্যতা! ছোট ছোট মিষ্টি মুখের হাসি রঙে রঙে ছড়িয়ে গেল স্বপ্নের ক্যানভাসে! অধিকারবঞ্চিত শিশুদের মুখে এমন হাসি ফোটানোর এই উদ্যোগের নাম ‘কালারিং লিটল স্মাইলস’। বৈষম্য ও বঞ্চনার শিকার যে শিশুদের কখনো রং-তুলি-ক্যানভাস জোটেনি, যে শিশুরা স্কুলের আঙিনাতেই পা রাখার সুযোগ পায়নি, তাদের মনের স্বপ্ন-ছবি ফুটিয়ে তোলার প্রয়াস এটা। আজ বিকেলে রাজধানীর শাহবাগে ছবির হাট চত্বরে ‘কালারস অব লিটল স্মাইল’ নামে দুই দিনব্যাপী এক প্রদর্শনীতে দেখা যাবে শিশুদের আঁকা সেই সব স্বপ্ন-ছবি।

পথশিশু, বস্তিবাসী শিশুসহ নানা পর্যায়ের অধিকারবঞ্চিত শিশুদের সঙ্গে হাসি-আনন্দ ভাগাভাগি করে নিতে কাজ করছে কালারিং লিটল স্মাইলস নামের এই স্বেচ্ছাসেবী উদ্যোগ। ৮ বছর ধরে ঢাকা ও বান্দরবানের লামায় অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে কিছুসংখ্যক স্বেচ্ছাসেবীর এই অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ থেকে।

ছোট্ট হাত দুটোকেই তুলি করে নিয়ে মনের সব রঙে ক্যানভাস রাঙাচ্ছে শিশুরা।
ছোট্ট হাত দুটোকেই তুলি করে নিয়ে মনের সব রঙে ক্যানভাস রাঙাচ্ছে শিশুরা।

ঢাকার মিরপুরে ঝুটপট্টির পাশের বস্তিতে ‘স্বপ্নরথ’ এবং বান্দরবানের লামার চম্পাছড়ি পাড়ার ম্রো আদিবাসী শিশুদের ‘আনন্দ স্কুল’ অধিকারবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত দুটো বিদ্যালয়। স্বেচ্ছাসেবী উদ্যোগে পরিচালিত বিদ্যালয় দুটোর শিশুদের নিয়ে গত বছর ঈদুল ফিতর ও বিজয় দিবস উদযাপন করে কালারিং লিটল স্মাইলস। এভাবে নানা সময়ে অধিকারবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে এই শিশুদের জীবনের ইতিবাচক দিকের প্রতি আগ্রহী করে তুলতে চান এই স্বেচ্ছাসেবীরা।

সৃষ্টিশীল পদ্ধতিতে শিশুদের ছবি আঁকতে সহায়তা করছেন শিল্পী আসাদ ইকবাল সুমন।
সৃষ্টিশীল পদ্ধতিতে শিশুদের ছবি আঁকতে সহায়তা করছেন শিল্পী আসাদ ইকবাল সুমন।

এবার ‘স্বপ্নরথ’ ও ‘আনন্দ স্কুল’-এর শিশুদের জন্য ক্যানভাস আর রং নিয়ে গিয়েছিলেন এই স্বেচ্ছাসেবীরা। উদ্যমী তরুণ শিল্পী আসাদ ইকবাল সুমনের সহায়তায় তাঁরা শিশুদের ছবি আঁকার সুযোগ করে দেন। কোনোদিনই কাপড়ের ক্যানভাস-রং-তুলি দেখতে না পাওয়া এই শিশুরা তাদের মনের রঙে, ইচ্ছার রঙে, হাসির রঙে সেই সব ক্যানভাস রাঙিয়েছে। শিশুর মুখের অনাবিল হাসির মতোই শিশুদের আঁকা এসব ছবিও মুগ্ধ করার মতো।

অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে শিশুদের আঁকা এসব ছবি নিয়ে আয়োজিত দুই দিনের এই প্রদর্শনীর নাম ‘কালারস অব লিটল স্মাইল’। চিত্র প্রদর্শনীর পাশাপাশি অধিকারবঞ্চিত শিশুদের তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শনী হবে শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়। কালারিং লিটল স্মাইলসের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে মোহাম্মদ আবদুল্লাহ, আসাদ ইকবাল সুমন, মাসুদ আনন্দ ও তানভীর মৃদুল এ আয়োজনে যুক্ত হয়ে শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

কালারস অব লিটল স্মাইল
প্রদর্শনীর স্থান: ছবির হাট। শাহবাগ, ঢাকা। (সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশ ফটক-সংলগ্ন)
তারিখ: ৯ জানুয়ারি বেলা দুইটা থেকে ১০ জানুয়ারি রাত ১০টা।

অধিকারবঞ্চিত শিশুদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে সচেষ্ট এই স্বেচ্ছাসেবীরা
অধিকারবঞ্চিত শিশুদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে সচেষ্ট এই স্বেচ্ছাসেবীরা
দুই হাতে স্বপ্নের রং মেখে নিয়ে ছবি আঁকে এই শিশুরা
দুই হাতে স্বপ্নের রং মেখে নিয়ে ছবি আঁকে এই শিশুরা