ছোট্ট মেয়েদের শাড়ি
ফ্রক বা স্কার্ট নয়, পয়লা বৈশাখে ছোট্ট মেয়েটির মন চায় শাড়ি-ই পরতে। দুই হাতে চুড়ি, কপালে টিপ আর বেণি করে বাঁধা চুল। এই সাজে সে হয়তো বেরিয়ে পড়বে মায়ের হাত ধরে নতুন বছর বরণ করে নিতে। ফ্যাশন হাউসগুলোতে বড়দের পাশাপাশি ছোটদের পোশাক আয়োজনও কম নয়। লাল রং তো আছেই। ছোটদের শাড়িতে ব্যবহার করা হয়েছে নানা রকম রং। দেওয়া হয়েছে বিভিন্ন রকমের ডিজাইন। পোশাকের রং যেন আপনার ছোট্টমণিকেও সারা দিন উজ্জ্বল রাখে, সেই প্রচেষ্টাই করেছে বাংলাদেশের বুটিক হাউসগুলো। লাল, কমলা, সবুজ, সাদা, গোলাপি ইত্যাদি রঙে রাঙানো হয়েছে পোশাকগুলো। ফ্যাশন হাউস যাত্রায় সুতির শাড়িতে কমলা ও লাল রং প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ সুবিধার জন্য শাড়িকে সেলাই করে দেওয়া হয়েছে স্কার্টের সঙ্গে। তাতে আর আলাদা করে পেটিকোট পরে কুচি দিয়ে শাড়ি পরতে হবে না। এতে শাড়ি পরার মজাটাও রইল, আবার বৈশাখের গরমে স্বস্তিও পাবে। প্রবর্তনায় শিশুদের জন্য তাঁতের শাড়ি করা হয়েছে। চিকন জরি পাড় আছে। লাল-সাদা, হলুদ, কমলা, সবুজ নানা রকম রং ব্যবহার করা হয়েছে। কে ক্র্যাফট দুটো ভিন্ন নকশার মিশেলে শাড়ি বানিয়েছে। তাঁত এবং আদিবাসী নকশার মোটিফে সুতির শাড়ি নিয়ে এসেছে তারা। অঞ্জন’স সুতির শাড়িতে ব্লকপ্রিন্টের নকশা ফুটিয়ে তুলেছে। এ ছাড়া এখানে তাঁত এবং হাফ সিল্কের মিশ্রণে করা শাড়িও আছে। দেশাল বেছে নিয়েছে ডুরে শাড়ি। জানালেন দেশালের ডিজাইনার ইসরাত জাহান। ‘বাংলাদেশের গ্রামাঞ্চলে একসময় এ শাড়িগুলোই পরত ছোট মেয়েরা। ছোটদের অনেক বইয়ে আঁকা ছবিতেও ফুটিয়ে তোলা হয়েছে বিষয়টি। হারিয়ে যাওয়া শাড়ির এ নকশাটি ব্যবহার করা হয়েছে বাচ্চাদের শাড়িতে। এ ছাড়া ডুরে শাড়ির মাধ্যমে উৎসবমুখর ভাব নিয়ে আসা যায়। কারণ, এতে নানা রকম রং ব্যবহার করা যায়। ছোটদের এটি ভালো লাগবে।’দেশালের কোনো কোনো শাড়িতে ১০-১২টি রং ব্যবহার করা হয়েছে। কোনো কোনো শাড়িতে আবার চারটির মতো রং দেওয়া হয়েছে। গ্রামের মেলাতে দেখা যায় এমন রংগুলোই বেশি ব্যবহার করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে চাঁপা সাদা, লাল, কমলা, সবুজ প্রভৃতি। পাঁচ-ছয় বছরের মেয়েরা ব্লাউজ ছাড়াই শাড়ি পরতে পারে। শাড়িটা এক প্যাঁচ দিয়ে পরতে পারে। আর না হলে ঘটি হাতা ব্লাউজই সব থেকে ভালো এ দিনটির জন্য। গলায় পুঁতির মালা পরতে পারে। হাতেও ছোট পুঁতির ব্রেসলেট পরতে পারে। চুরি পরলে সেটা কাচের না হলেই ভালো। কাচের চুড়ি ভেঙে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। আর হাতে পেঁচিয়ে নিতে পারে তাজা ফুলের মালা। শাড়ির সঙ্গে ছোট শিশুর সাজ এমন হতে পারে বলে মনে করেন ইসরাত জাহান।