ছোট্ট শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের হাঁসফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারজনের জায়গায় পাঁচজনকে গাদাগাদি করে বসতে হয় এক বেঞ্চে। দেরিতে এলে বেঞ্চে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে ক্লাস করতে হয় অনেককে। এতে মনোযোগ নষ্ট হয় শিক্ষার্থীদের। প্রয়োজনীয় নোটও নিতে পারে না তারা। এসব কারণে ক্লাস শুরুর দেড়-দুই ঘণ্টা আগে থেকে বিদ্যালয়ে এসে বেঞ্চ দখলের প্রতিযোগিতা শুরু হয় শিক্ষার্থীদের মধ্যে। শ্রেণীকক্ষ ও আসবাবের অভাবে এভাবে কষ্ট পাচ্ছে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী পানছড়ি উচ্চবিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী।৭ জুন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ শ্রেণীর ‘ক’ শাখায় ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৫ জনই উপস্থিত। পাঠদান করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল চাকমা। বেঞ্চের অভাবে দাঁড়িয়ে পাঠ নিচ্ছে অনেক শিক্ষার্থী। একই দৃশ্য দেখা যায় সপ্তম শ্রেণীর ‘ক’ শাখায় গিয়ে। শিক্ষার্থী মেনসন চাকমা, তাপস চাকমা, তুনিকা চাকমা ও হাসিনা চাকমাসহ অনেকের অভিযোগ, দেরিতে বিদ্যালয়ে এলে শ্রেণীকক্ষে বসার জায়গা পাওয়া যায় না। তাই প্রতিদিন সকাল আটটা-সাড়ে আটটায় তারা বিদ্যালয়ে চলে আসে। যারা দেরিতে আসে তাদের দাঁড়িয়ে ক্লাস করতে হয়। এতে শ্রেণীর কাজে তাদের মনোযোগ দেওয়া সম্ভব হয় না।বিদ্যালয় সূত্রে জানা যায়, ৯২ বছর আগে ১৯২০ সালে পানছড়ির তৎকালীন শিক্ষানুরাগী প্রয়াত সাধন কার্বারি ও প্রয়াত মদন কার্বারি দুই সহোদর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এটি ১৯২৪ সালে সরকারি নিম্ন প্রাথমিক ও ১৯৬৫ সালে নিম্ন মাধ্যমিক ইংলিশ স্কুল এবং ১৯৬৭ সালে মাধ্যমিক ইংরেজি স্কুল হিসেবে স্বীকৃতি পায়। স্বাধীনতার পর এটি বাংলা মাধ্যম বিদ্যালয়ে পরিণত হয়। বর্তমানে এখানে ৯৮৭ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন মোট ২০ জন। পাঁচ একর জায়গার ওপর স্থাপিত বিদ্যালয়ে একটি দোতলা ভবনসহ ছোট ছোট পাঁচটি টিনের ছাউনি দেওয়া ভবন রয়েছে। বিদ্যালয়ের ১৫টি শ্রেণীকক্ষের মধ্যে বর্তমানে চারটি ব্যবহার অনুপযোগী। সরকার স্কুলটিকে মডেল স্কুল ঘোষণা করেছে। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ফ্যাসিলিটিজ বিভাগ এখানে ৮৬ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভবন গড়ে তুলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলী চাকমা বলেন, ‘এখানে শিক্ষার্থীর অনুপাতে কক্ষ ও আসবাব-সংকট প্রকট। রয়েছে শিক্ষক-সংকটও। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কার্যালয় ও খাগড়াছড়ি মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে জানানো হয়েছে।’ পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, ‘এটি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয়। আমরা উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সর্বোত্তম চাকমা বলেন, ‘আমি গত মাসে বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে শ্রেণীকক্ষ বাড়ানোর জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তরে আবেদন করব। এ ছাড়া, আসবাব-সংকট দূর করার জন্যও উদ্যোগ নেওয়া হবে।’