ছোট্টমণি ভালো থাকুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্টমণি ছোট ছোট পায়ে এগিয়ে যায়, বড় হতে থাকে। ছোটবেলা থেকে তার ব্যবহারের সামগ্রী সুশৃঙ্খলভাবে বিন্যস্ত এবং তাকে পরিচ্ছন্ন রাখলে জীবাণু সংক্রমণের ভয়ও কম থাকে। কীভাবে শিশুর জিনিসপত্রের যত্ন নেবেন, এ বিষয়ে পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও সামাজিক বিকাশ বিভাগের অধ্যাপক মোর্শেদা বেগম। বাচ্চাদের কাপড় সব সময় আলাদা একটা ঝুড়িতে রাখতে হবে। একটু বড় শিশুদের হালকা সুতির কাপড় পরানো ভালো, যাতে সহজে ধোয়া যায়। শিশুদের ব্যবহার্য জিনিস পৃথক করে ছোট বাক্সে রেখে দেওয়া যেতে পারে। খাবার বড় ঝুড়িতে রেখে দেওয়া যেতে পারে; অবশ্যই বাড়িতে রাখা খাবার ঢেকে রাখতে হবে ঢাকনা দিয়ে। প্রতিদিনের ব্যবহার্য কাঁথা ও ন্যাপকিন সাবান দিয়ে ধোয়ার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে স্যাভলন বা ডেটল দিয়ে ধুয়ে ফেলতে হবে। গরম পানি দিয়েও মাঝেমধ্যে ধুতে হবে। যেসব শিশু সদ্য হামাগুড়ি দিতে শুরু করেছে, তাদের পাতলা পাজামা পরানো উচিত। শিশুর ঘরের মেঝে প্রতিদিনই পরিষ্কারক ক্লিনার ও গুঁড়া সাবান দিয়ে মুছে দিলে ভালো হয়।রোগ-সংক্রমণমুক্ত রাখতে চাইলেবাচ্চাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে জীবাণুর সংক্রমণ কম হয়। তুলনামূলকভাবে রোগ প্রতিরোধক্ষমতা কম থাকে শিশুদের; বিশেষ করে নবজাতক অবস্থায় শিশুর সংক্রমণ বেশি হয়ে থাকে। এ সমস্যায় পরামর্শ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব মোতান্নাব্বি। শিশুদের প্রতিদিনের ব্যবহার্য কাঁথা, তোয়ালে ও কাপড় জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে। বাচ্চার শোয়ার বিছানার যাবতীয় সামগ্রী রোদে শুকাতে হবে। প্রয়োজনে ইস্ত্রি করে নেওয়া যেতে পারে। ছয় মাস পর্যন্ত মায়ের দুধ ও জীবাণুমুক্ত খাবার শিশুকে দিতে হবে। প্রতিদিন মাকে গোসল করে পরিচ্ছন্ন থাকতে হবে; শিশুকেও পরিচ্ছন্ন রাখতে হবে। ছোট্ট বাচ্চাকে বাইরে বেরোনোর সময় ডায়াপার না পরানোই ভালো। অনেকক্ষণ ধরে ডায়াপার ভেজা থাকলে জীবাণু সংক্রমণ বেশি হয় এবং ঠান্ডা লেগে যেতে পারে। প্রয়োজনে শিশুকে পাতলা কাপড়ের ন্যাপকিন পরানো যেতে পারে; তবে ভেজার সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করতে হবে। স্কুলগামী বাচ্চাদের বাইরের খাবারের প্রতি আসক্ত করা যাবে না। প্রয়োজনে ঘরে খাবার তৈরি করে টিফিন রাখা যেতে পারে। বাচ্চাদের কাপড়ে ময়লা ও ধুলোবালি লাগার সঙ্গে সঙ্গে পরিবর্তন করে সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে। ময়লা লাগলে প্রয়োজনে স্যাভলন দিয়ে ধুয়ে ফেলতে হবে। দুই থেকে তিন বছরের বাচ্চা মাঝেমধ্যে হাতের নাগালে যা পায়, তা-ই মুখে পুরে নেয়, এতে হাতের ময়লা পেটে গিয়ে অসুখ করে। আবার বাচ্চাদের খাবারের প্লেট, গ্লাস ও চামচ মাটিতে পড়লে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। নয়তো পানিবাহিত রোগ বেশি হওয়ার আশঙ্কা থাকে। খাবার, খেলার ও শোবার স্থানগুলো পৃথক হতে হবে। বাচ্চাদের জন্য ফিডার কম ব্যবহার করাই ভালো। ফিডারের বোতল ও নিপল থেকে জীবাণু সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। প্রয়োজনে কাপড় বা প্লেটে দুধ নিয়ে চামচ দিয়ে খাওয়ানো যেতে পারে। তবে যদি কেউ ফিডার ব্যবহার করে, তবে ফিডারের যাবতীয় সামগ্রী ১০-১৫ মিনিট ফুটন্ত পানিতে ফুটিয়ে ব্যবহার করতে হবে।